রিস্টব্যান্ড থেকে নির্দিষ্ট রুট—কীভাবে চলে পাব ক্রল? নাইটলাইফের এই ট্রেন্ড নিয়ে যা জানালেন ইনফ্লুয়েন্সার

শহরের নাইটলাইফ উপভোগ করতে বা নতুন নতুন জায়গা ঘুরতে যাঁরা ভালোবাসেন, তাঁদের কাছে বার হপিং বা ক্লাব হপিং পরিচিত শব্দ। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে, পাব ক্রল বা বার ক্রল ঠিক কী এবং বার হপিংয়ের সঙ্গে এর পার্থক্যই বা কোথায়। এখন কলকাতাতেও শুরু হয়েছে এই পাব বা বার ক্রলের আয়োজন। একা হোক বা বন্ধুদের সঙ্গে, শহরের বিভিন্ন লাউঞ্জ বারে ঘুরে ঘুরে ককটেল বা পছন্দের পানীয় চেখে দেখার সুযোগ মিলছে এখানে।

সহজ কথায় বলতে গেলে, বার ক্রল হলো একটি দলবদ্ধভাবে একের পর এক বারে ঘুরে বেড়ানো। পাব ক্রলও একই ধরনের বিষয়, যেখানে এক রাতের মধ্যে একাধিক পাবে যাওয়া হয়। পাব ক্রল, বার ক্রল এবং বার হপ—এই শব্দগুলোর মূল অর্থ কাছাকাছি হলেও বড় আকারের বা থিমভিত্তিক অনুষ্ঠানের ক্ষেত্রে আয়োজকরা সাধারণত বার ক্রল শব্দটি ব্যবহার করেন।

কী বললেন স্বস্তিকা ভট্টাচার্য?

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত একটি বার ক্রল ইভেন্টে অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা জানান শহরের পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বস্তিকা ভট্টাচার্য। তাঁর কথায়, পাব ক্রলিংয়ের মজাটাই আলাদা। দু-এক জায়গায় খাওয়াদাওয়া বা পানীয় সেরে বন্ধুর বাড়ি চলে যাওয়ার মতো বিষয় এটি নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ইভেন্ট। একই দলের সবাই মিলে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে খাওয়াদাওয়া করা যায়, এক জায়গায় বসে থাকতে হয় না। বিভিন্ন জায়গার খাবার, গান ও পরিবেশ নিয়ে নিজেদের মধ্যে কথা বলা ও তুলনা করার সুযোগ হয়, নতুন মানুষের সঙ্গে আলাপ হয় এবং নানা ধরনের ককটেল ও খাবার চেখে দেখা যায়। কলকাতায় এমন অভিজ্ঞতা তাঁর কাছে প্রথম এবং দারুণ লেগেছে বলে জানান তিনি। তরুণ-তরুণীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য এই ধরনের আয়োজনের আরও প্রচার হওয়া উচিত বলেও মনে করেন স্বস্তিকা।

বার ক্রলের শুরু ও ইতিহাস

বার ক্রলের চল শুরু হয়েছিল ১৮০০-এর দশকে ব্রিটেনে, তখন একে পাব ক্রল বলা হতো। বন্ধুরা মিলে এক পাব থেকে আরেক পাবে যেতেন। বারগুলোর মধ্যে হেঁটে যাওয়ার ধীরগতি ও কিছুটা নেশাগ্রস্ত চলন থেকেই ক্রল শব্দটি এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে আমেরিকাসহ বিভিন্ন দেশে পাব হপিং ও বার হপিং একই অর্থে ব্যবহৃত হতে শুরু করে এবং বর্তমানে বিশ্বজুড়ে বার ক্রল শব্দটি বেশ প্রচলিত। ছুটির দিন, উৎসব বা দাতব্য অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েও অনেক সময় এমন আয়োজন হয়।

কীভাবে চলে পাব ক্রল ইভেন্ট?

পরিকল্পিত বার ক্রল ইভেন্টে আগে থেকেই ঠিক করা রুট ধরে একাধিক বারে যাওয়া হয়। সোশ্যাল ক্লাব, বিভিন্ন গোষ্ঠী, বার ক্রল লাইভের মতো সংস্থা কিংবা তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই ধরনের অনুষ্ঠান হতে পারে। সাধারণত এর প্রক্রিয়া এমন হয়:

  • প্রথমে টিকিট কেটে প্রথম বারে গিয়ে নাম নথিভুক্ত করতে হয়।

  • পানীয়ের বিশেষ ছাড়ের জন্য একটি রিস্টব্যান্ড দেওয়া হয়।

  • নির্ধারিত রুট বা ডিজিটাল ম্যাপ অনুসরণ করে চার থেকে ছয়টি বারে যেতে হয়।

  • কোনো কোনো জায়গায় খেলা, প্রতিযোগিতা বা থিমভিত্তিক পানীয়ের ব্যবস্থা থাকে।

বার হপিং বনাম বার ক্রলিং

বার হপিং বা পাব হপিং ও ক্লাব হপিংয়ে নিজের সময় ও সুবিধা মতো পূর্বপরিকল্পনা ছাড়াই এক বার থেকে আরেক বারে যাওয়া যায়। অন্যদিকে, বার ক্রলিং তুলনামূলকভাবে বেশি গোছানো রাতের আয়োজন, যেখানে টিকিট, নির্দিষ্ট থিম, ছাড় এবং বড় একটি দল থাকে। নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী দুটির যেকোনোটিই উপভোগ করা যায়।

অংশ নিলে কী খেয়াল রাখবেন?

নাইটলাইফের এই আয়োজনে বাড়তি আনন্দ পেতে নিজের গতির দিকে খেয়াল রাখা দরকার। বেরোনোর আগে ভালো করে খাওয়াদাওয়া করে নেওয়া ভালো। রাত গভীর হলে পর্যাপ্ত জল খাওয়া জরুরি। হাঁটার জন্য আরামদায়ক জুতো পরা উচিত এবং নিজের দলের সঙ্গে থাকা ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকা দরকার। পাশাপাশি বারের পরিবেশকে সম্মান জানানো, বারটেন্ডারদের টিপস দেওয়া এবং মাত্রাতিরিক্ত পানীয় এড়িয়ে চলার মতো অলিখিত নিয়মগুলো মেনে চলাও বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *