বাইপাসের হাসপাতালে আশঙ্কাজনক রেখা পাত্র! অর্গানো ফসফরাস বিষক্রিয়ার জল্পনা, স্বচ্ছতার দাবি কুণালের

বাইপাসের ধারে কলকাতার আর এন টেগোর হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে। প্রথমে খাবারে বিষক্রিয়ার কথা বলা হলেও মেডিক্যাল লিগাল রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন, কৃষিকাজে ব্যবহৃত অর্গানো ফসফরাস জাতীয় কীটনাশক খাওয়ার ফলেই এই গুরুতর বিষক্রিয়া ঘটেছে।

রবিবার ভোরে রেখা পাত্রকে ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বিধায়কের শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি; তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সূত্রের দাবি, তিনি কোনো সাড়া দিচ্ছেন না, শরীরে কোনো নড়াচড়া নেই এবং চোখও খুলে তাকাচ্ছেন না।

কিন্তু কীভাবে তাঁর শরীরে কীটনাশক গেল এবং ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

এদিকে এদিন হাসপাতালে রেখা পাত্রকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, শনিবার রাতে খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রাথমিকভাবে ফুড পয়জনিংয়ের আশঙ্কা করা হয়েছিল। প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা স্বাস্থ্য দফতর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, আগের তুলনায় বিধায়িকা কিছুটা ভালো আছেন, তবে সুস্থ হতে সময় লাগবে।

রেখা পাত্রের অসুস্থতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, বিধায়কের অসুস্থতা ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা ও উদ্বেগজনক খবর ছড়াচ্ছে। আসল ঘটনা কী এবং কোনটা সত্য, তা হাসপাতালের তরফে স্বচ্ছতার সঙ্গে জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি। কোনো কিছু আড়াল করার চেষ্টা না করে নিরপেক্ষভাবে তথ্য সামনে আনার আহ্বান জানান কুণাল ঘোষ, পাশাপাশি এই ঘটনায় কোনো রাজনীতি নেই বলেও স্পষ্ট করেন এবং রেখার দ্রুত আরোগ্য কামনা করেন।

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও রেখা পাত্রের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *