স্ত্রীকে খুন করে পার্কের বস্তায় দেহ লুকানোর অভিযোগ! ৬০ দিন পর কীভাবে ফাঁস ভয়ঙ্কর কাণ্ড?

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, ৩৪ বছরের স্ত্রীকে খুন করে দেহ বস্তাবন্দি করে পার্কের আবর্জনার স্তূপের নীচে লুকিয়ে রেখেছিলেন ২৫ বছরের অভিযুক্ত স্বামী। ঘটনার প্রায় দুই মাস পর ওই মহিলার কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার হওয়ার পর গোটা ঘটনা প্রকাশ্যে এসেছে। বেঙ্গালুরুর কোডিগেহাল্লির গুণ্ডাঞ্জনেয়া টেম্পল পার্ক এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সুজাতা। অভিযুক্ত যুবকের নাম ফায়াজ পাশা ওরফে কালু, যিনি সুজাতার দ্বিতীয় স্বামী। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানান, গত ৬ নভেম্বর একটি বস্তার ভেতর থেকে মহিলার কঙ্কাল উদ্ধার হয়। তার পাশের একটি থলি থেকে পরিচয় সংক্রান্ত নথিপত্র মেলে, এবং প্রায় ৩০ মিটার দূর থেকে অন্য একটি বস্তায় মহিলার মাথার খুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় পাঁচ বছর আগে সুজাতার প্রথম স্বামীর মৃত্যু হয়। জাক্কুর লেআউট এলাকায় বসবাসকারী সুজাতা তাঁর পাঁচ সন্তানকে বোনের বাড়িতে রেখে কাজের সন্ধানে বেরিয়েছিলেন এবং কাগজ ও পুরনো জিনিসপত্র সংগ্রহের কাজ শুরু করেন। সেই সূত্রেই অভিযুক্ত ফায়াজ পাশার সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।

স্ত্রী অন্য পুরুষের সম্পর্কে জড়িয়েছেন—এই সন্দেহ থেকেই দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি বাঁধত বলে অভিযোগ। সেই বিবাদের জেরেই সুজাতাকে খুন করে দেহ গোপন করার চেষ্টা করা হয় বলে সন্দেহ তদন্তকারীদের। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খুনের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *