৯৮ রানে থামলেন গিল, তবু ডব্লিউটিসি-তে ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক; বড় লিডে টিম ইন্ডিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে স্মরণীয় শতক থেকে মাত্র দুই রান দূরে থামতে হলো ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে। দারুণ ছন্দে থাকা গিল ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪৬ বলে ৯৮ রান করেন। তবে দিনের শেষ ওভারে কিউই পেসার জ্যাকব ডাফির বলে বোল্ড হয়ে যান তিনি। শতক না পেলেও এই ইনিংসের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বা ডব্লিউটিসি-তে বড় ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফেললেন গিল।

শুভমান গিলের ইতিহাস

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল তৃতীয় দিনের তৃতীয় সেশনে ৩,০০০ ডব্লিউটিসি রানের মাইলফলকে পৌঁছান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ৩,০০০ রানের গণ্ডি পার করলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে এই মাইলফলকে পৌঁছাতে তাঁর প্রয়োজন ছিল ৮৩ রান। ইনিংসের ১১৭তম বলে ৮৩তম রান তুলে সেই কীর্তি পূর্ণ করেন গিল। ৪৩তম ডব্লিউটিসি ম্যাচের ৭৭তম ইনিংসে এই মাইলগোলক স্পর্শ করলেন তিনি।

কেরিয়ারে চতুর্থবার নার্ভাস নাইন্টিজের শিকার

দিনের শেষ ওভারে জ্যাকব ডাফির বলে শুভমান গিলের আউট হওয়া তাঁর নামের পাশে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও জুড়ে দিল। টেস্ট কেরিয়ারে চতুর্থবার নার্ভাস নাইন্টিজের শিকার হলেন গিল, আর ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে এটিই প্রথমবার। শুধু তা-ই নয়, গত আট বছরে এই প্রথম কোনো ভারতীয় টেস্ট অধিনায়ক নার্ভাস নাইন্টিজে আউট হলেন। গিলের আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০১৮ সালে ইংল্যান্ড সফরে বিরাট কোহলির ক্ষেত্রে।

শক্ত অবস্থানে টিম ইন্ডিয়া

অধিনায়ক গিল শতক হাতছাড়া করলেও তৃতীয় দিনে ভারতীয় ব্যাটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। প্রথম ইনিংসের ধারা বজায় রেখে সারাদিন সাবলীল ব্যাটিং করে দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৪৮৬ রান তুলেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসের বিচারে ভারত এখন ১১৮ রানের শক্তিশালী লিডে রয়েছে। ফলে চতুর্থ দিনে এই অগ্রগতি আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *