গাড়ির ওয়্যারিং কেটে বড়সড় ক্ষতির আশঙ্কা, বনেটে ইঁদুর ঢোকা ঠেকাবেন কীভাবে?

গাড়ি চালানোর সময় হঠাৎ চেক ইঞ্জিন লাইট জ্বলে ওঠা, সেল্ফ স্টার্ট ধীর হয়ে যাওয়া কিংবা অ্যাক্সিলারেটর ঠিকমতো কাজ না করার মতো সমস্যা সবসময় সাধারণ যান্ত্রিক ত্রুটি থেকে হয় না। অনেক সময় বনেটের ভেতরে লুকিয়ে থাকা ইঁদুরও এমন বিপদ ডেকে আনে। তার, রবারের হোজ ও প্লাস্টিক কেটে বড়সড় ক্ষতি করতে পারে ইঁদুর। বহু ক্ষেত্রে পুরো ইঞ্জিন ওয়্যারিং বদলাতে খরচ ২৫ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ২০ হাজার টাকারও বেশি দাঁড়াতে পারে। তাই গাড়িতে ইঁদুর কেন ঢোকে এবং তা ঠেকানোর উপায় কী, তা জেনে রাখা জরুরি।
গাড়ির ওয়্যারিং কেন কাটে ইঁদুর?
ইঁদুরের সামনের দাঁত সারাজীবন বাড়তে থাকে। দাঁতের দৈর্ঘ্য স্বাভাবিক রাখতে সেগুলো রবার, প্লাস্টিক বা ফোমের মতো নরম জিনিস কাটতে থাকে। গাড়ির বনেটে থাকা তারের আস্তরণ ও রবারের পাইপ ইঁদুরের কাছে সেই কাজের সহজ মাধ্যম হয়ে ওঠে।
গাড়িতে ইঁদুর ঢোকা আটকাতে যা করবেন
তিতা স্বাদের র্যাট রিপেলেন্ট স্প্রে ব্যবহার করুন
ওয়্যারিং সুরক্ষিত রাখতে অটোমোটিভ রিপেলেন্ট স্প্রে একটি সহজ ও সাশ্রয়ী উপায়। এতে ডেনাটোনিয়াম বেনজোয়েটের মতো অত্যন্ত তিতা উপাদান থাকতে পারে, যা শুকিয়ে গেলে তার ও পাইপের ওপর এমন আস্তরণ তৈরি করে যার স্বাদ ইঁদুরের পছন্দ নয়।
স্প্রে করার আগে বনেটের অংশ ড্রাই-ওয়াশ বা ফোম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। ইঞ্জিন ঠান্ডা অবস্থায় খোলা তার, ফায়ারওয়াল প্যাড ও হুইল আর্চের কাছে স্প্রে করে শুকোতে দিন। প্রতি দুই-তিন মাস অন্তর এটি ফের ব্যবহার করুন এবং বৃষ্টিতে ধুয়ে গেলে নতুন করে লাগান।
আল্ট্রাসনিক র্যাট রিপেলেন্ট ও স্ট্রোব লাইট
এটি একটি ইলেকট্রনিক যন্ত্র, যা গাড়ির ১২ ভোল্ট ব্যাটারি বা রিচার্জেবল সেলের সঙ্গে যুক্ত করা যায়। এটি ২০ থেকে ৬৫ কিলোহার্টজ কম্পাঙ্কের তীব্র শব্দ তৈরি করে, যা মানুষের কানে না এলেও ইঁদুরের কাছে অস্বস্তিকর।
কোনো কোনো যন্ত্রে জ্বলা-নেভা করা এলইডি স্ট্রোব লাইটও থাকে, ফলে অন্ধকার বনেটে ইঁদুর নিজেদের নিরাপদ মনে করে না। কেনার সময় লো-ভোল্টেজ প্রোটেকশন দেখে নেওয়া উচিত, যাতে ব্যাটারির চার্জ ১১.৮ ভোল্টের নিচে নামলে যন্ত্রটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তবে সময়ের সঙ্গে ইঁদুর এসব শব্দের সঙ্গে মানিয়েও নিতে পারে।
স্টেইনলেস স্টিল মেশ দিয়ে পথ আটকে দিন
ইঁদুর রুখতে লোহার জালিও বেশ কার্যকর। এসি-র ফ্রেশ এয়ার ইনটেক ও ইঞ্জিন এয়ার ইনটেক দিয়ে ঢুকে কেবিন ফিল্টার, এয়ার ডাক্ট এবং ড্যাশবোর্ডের পেছনের তার নষ্ট করতে পারে সেগুলো।
এসব জায়গায় সূক্ষ্ম স্টেইনলেস স্টিল মেশ লাগানো যেতে পারে, যা ইঁদুর সহজে কাটতে পারে না। জনপ্রিয় অনেক গাড়ির জন্য কাস্টম মেশ কিটও পাওয়া যায়, যা এসি ইনটেক ও নিচের অংশে বসানো সম্ভব।
গাড়ির পরিচ্ছন্নতা ও পার্কিংয়ে সতর্ক থাকুন
গাড়ির ভেতরে খাবারের টুকরো বা র্যাপার ফেলে রাখবেন না এবং ম্যাট ও কেবিন পরিষ্কার রাখুন। আবর্জনার স্তূপ, সবজি বাজার বা খোলা নালার পাশে গাড়ি দাঁড় করানো এড়িয়ে চলুন। সম্ভব হলে খোলা ও পর্যাপ্ত আলো রয়েছে এমন জায়গায় গাড়ি রাখুন।