বেসিনে জল নামতে দেরি হলে কী করবেন? পরিষ্কারের সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

রান্নাঘর বা বাথরুমের বেসিন থেকে জল বের হতে যদি অনেক সময় লাগে, তাহলে বিষয়টি ফেলে না রেখে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। হঠাৎ করে জল যাওয়ার গতি কমে যাওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। বাথরুমের সিঙ্কে চুল, ময়লার আস্তরণ, সাবান, টুথপেস্ট বা অন্যান্য প্রসাধনীর অবশিষ্টাংশ জমে জল যাওয়ার পথ আটকে যেতে পারে। তাই শুরুতেই খতিয়ে দেখা দরকার, সমস্যা ড্রেনে নাকি জলের প্রবাহে।

বেসিনে জল জমে থাকলে প্রথমেই ড্রেনের মুখ এবং স্টপারের আশপাশের জায়গা পরিষ্কার করতে হবে। চুল জমে বা সাবানের ময়লা জমে অনেক সময় কল ছাড়লে জল সরতে দেরি হয়। চোখে পড়ার মতো ময়লা সহজে বের করা গেলে তা সাবধানে তুলে ফেলুন। আর ময়লা বের করতে অসুবিধা হলে স্টপার খুলে ভেতর থেকে সমস্ত ময়লা পরিষ্কার করতে পারেন। তবে এ সময় ধারালো কোনো জিনিস দিয়ে খোঁচাখুঁচি করা ঠিক নয়, তাতে ড্রেনের ভেতরের অংশ নষ্ট হতে পারে।

অনেকেই সিঙ্ক জ্যাম হলে বা জল নামতে দেরি করলে রাসায়নিক ড্রেন ক্লিনার ব্যবহার করেন। কিন্তু এই ধরনের রাসায়নিক ব্যবহার করলে পরে ড্রেন খুলে পরিষ্কার করার সময় তা ছিটকে চোখে বা ত্বকে লাগলে বিপদ হতে পারে। এ ছাড়া বেসিন পরিষ্কারে একসঙ্গে একাধিক জিনিস ব্যবহার করবেন না। বিশেষ করে আগে কোনো রাসায়নিক ক্লিনার দেওয়া হয়ে থাকলে তার ওপর অন্য ক্লিনার, ভিনিগার বা কোনো ঘরোয়া উপাদান ঢালা উচিত নয়।

বেসিনের চারপাশে চুল বা সাবানের ময়লা জমলে তা আগে সরিয়ে ফেলুন। স্টপার সহজে খোলা গেলে সেটিও ভালো করে ধুয়ে পরিষ্কার করুন। পরিষ্কার করার পরপরই একসঙ্গে অনেক জল না ছেড়ে অল্প জল ঢেলে দেখুন, জল নামার গতি আগের চেয়ে ঠিক হয়েছে কি না।

উপরের স্টপার ও ড্রেন পরিষ্কার করার পরও জল নামতে দেরি হলে সিঙ্কের নিচের পাইপে সমস্যা থাকতে পারে। অনেক সময় নিচের পাইপে ময়লা জমে জল আটকে যায়। তবে এই পাইপ খোলার আগে বাড়তি সতর্কতা দরকার। পাইপ পুরনো হলে বা মরচে ধরে গেলে জোর করে খোলার চেষ্টা করবেন না। এমন অবস্থায় প্রয়োজন হলে প্লাম্বার বা মিস্ত্রি ডেকে ঠিক করিয়ে নেওয়াই ভালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *