জিতুর বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিগ বসে ধস্তাধস্তি, সৌরভের ফ্ল্যাগ কাড়ার চেষ্টায় রাজবীর

বিগ বস বাংলায় টিকিট টু ফিনালে জিতে প্রথম প্রতিযোগী হিসেবে ফাইনালে পৌঁছে গিয়েছেন জিতু কমল। তবে ওই টাস্কে রিকশা থেকে সৌরভ দাসকে ফেলে দেওয়ার ঘটনায় জিতুর আচরণ নিয়ে দর্শক থেকে শুরু করে সহকর্মীদের একাংশের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। এই রেশ কাটতে না কাটতেই বিগ বসের ঘরে নতুন একটি টাস্ক ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
শেষ ক্যাপ্টেন্সি টাস্কে প্রতিযোগীদের ঘরের বিভিন্ন প্রান্তে রাখা ফ্ল্যাগ সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনে অন্য প্রতিযোগীর কাছ থেকে ফ্ল্যাগ ছিনিয়ে নেওয়ার সুযোগও থাকছে। নতুন প্রোমোতে দেখা গিয়েছে, বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রতিযোগীরা ফ্ল্যাগ নিয়ে ছুটতে শুরু করেন। শুরুতেই এগিয়ে থাকেন সৌরভ ও রাজবীর। নিয়ম অনুযায়ী অন্যের ফ্ল্যাগ কেড়ে নেওয়ার সুযোগ থাকায় রাজবীর সৌরভের ফ্ল্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ধস্তাধস্তির একপর্যায়ে সৌরভ মাটিতে পড়ে যান এবং রাজবীর তাঁর ওপর শুয়ে পড়ে ফ্ল্যাগ নেওয়ার চেষ্টা চালান। এই দৃশ্য দেখে ঘরের বাকি প্রতিযোগীরাও হতবাক হয়ে যান। এর আগেই চোট পাওয়ায় সৌরভের নতুন করে আঘাত পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জিতুর পর এবার রাজবীরের এই আচরণ নিয়েও দর্শকমহলে নানা আলোচনা শুরু হয়েছে।
বিগ বস বাংলা এখন একেবারে শেষ পর্বে পৌঁছে গিয়েছে। আগামী ৬ ডিসেম্বর শোয়ের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রায় এক দশক পর তৃতীয় সিজনে দর্শকদের এমন সাড়া পাওয়ায় আগামী বছরগুলোতেও নিয়মিত এই শো ফেরার আশা করছেন অনুগামীরা।