মদ্যপানের পর একের পর এক মৃত্যু! মণিপুরে কেন এই বিপর্যয়, কী বলছে পুলিশ?

মণিপুরের চান্দেলে বিষাক্ত মদে ১০ মৃত্যুর আশঙ্কা, হাসপাতালে ভর্তি প্রায় ১২৫ জন

মণিপুরের চান্দেল জেলায় ভেজাল বা বিষাক্ত মদ্যপানের জেরে অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। গত তিন দিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গত ১৮ নভেম্বর পাঁচ জনের মৃত্যু হয়, বৃহস্পতিবার মৃত্যু হয় আরও এক জনের এবং শুক্রবার (২০ নভেম্বর) আরও চার জনের মৃত্যুর খবর সামনে এসেছে; সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।

অন্যদিকে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১২৫ জন। তাঁদের ইম্ফলের শিজা হাসপাতাল, রিমস এবং জেএনআইএমএস-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। শিজা হাসপাতালে রোগীর সংখ্যা সর্বোচ্চ ধারণক্ষমতায় পৌঁছে যাওয়ায় অন্যান্য হাসপাতালেও রোগীদের ভর্তি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

কী বলছে পুলিশ ও প্রশাসন?

পুলিশের প্রাথমিক অনুমান, ভেজাল বা বিষাক্ত মদ্যপানের কারণেই এই বিপত্তি ঘটেছে। প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, কাছের কাকচিং জেলার সুগনু এলাকা থেকে এই মদ আনা হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে মৃত্যু এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে এবং সন্দেহভাজন মদ পান করলে বা বমি, পেটে ব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে আসা কিংবা শ্বাসকষ্টের মতো কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *