পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বড় পদক্ষেপ? AIAPGET 2026-এর অসঙ্গতি দূর করতে আয়ুষ মন্ত্রীর কাছে স্মারকলিপি

অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট (AIAPGET) ২০২৬-এর ফলাফলে দেখা দেওয়া অসঙ্গতি দূর করার দাবিতে সরব হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এই বিষয়ে সমাধানের দাবিতে সংগঠনটি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী (স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত) প্রতাপরাও যাদবের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দিয়েছে।
প্রসঙ্গত, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গত সেপ্টেম্বরে AIAPGET ২০২৬-এর ফলাফল প্রকাশ করেছিল। কিন্তু একাধিক বিতর্কিত প্রশ্ন ঘিরে জটিলতা তৈরি হওয়ায় আদালত ফলাফলের ওপর স্থগিতাদেশ জারি করে। এর জেরে সংশ্লিষ্ট ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়াও আপাতত থমকে রয়েছে।
সংশোধিত নম্বর ও বিশেষজ্ঞ কমিটির দাবি
কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জমা দেওয়া স্মারকলিপিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে ABVP। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, AIAPGET ২০২৬ পরীক্ষার ১১৬ নম্বর প্রশ্নের (প্রশ্ন আইডি ১১৬৭৯) সংশোধিত নম্বর সব পরীক্ষার্থীর ক্ষেত্রেই সমানভাবে বণ্টন করা উচিত, যাতে কোনো প্রার্থী বঞ্চিত না হন।
এ ছাড়া দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করা বাকি সাতটি বিতর্কিত প্রশ্ন খতিয়ে দেখার জন্য একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবিও জানিয়েছে ABVP। দ্রুত এই অসঙ্গতিগুলো মিটিয়ে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সেই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে।