১৪ অগাস্টের রাতে কী পদক্ষেপ? আরজি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা জানতে চাইল কলকাতা হাইকোর্ট

আরজি কর কাণ্ডে সিবিআইয়ের রিপোর্টে অসন্তোষ হাইকোর্টের, ১১ ডিসেম্বরের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব

আরজি কর কাণ্ডে ফের নয়া মোড়। প্রমাণ ও নথি নষ্টের অভিযোগের তদন্তে সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, প্রমাণ নষ্টের তথ্য সংগ্রহ অসম্পূর্ণ। এই বিষয়ে সিবিআইয়ের কাছে আরও বিশদে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ২০২৪ সালের ১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে প্রমাণ ও নথি নষ্টের ঘটনায় সিবিআই কী কী পদক্ষেপ করেছে, তা আদালত দেখতে চায়।

তথ্যপ্রমাণ লোপাটের রিপোর্টে অসন্তোষ আদালতের

অন্যদিকে, বিচারপতি শম্পা সরকার স্পষ্ট করেন যে আদালত শুধু নির্যাতিতার মা-বাবার অভিযোগই নয়, প্রমাণ নষ্টের বিষয়টিও খতিয়ে দেখতে চায়। তথ্যপ্রমাণ লোপাট সংক্রান্ত বিষয়ে সিবিআই যে রিপোর্ট আদালতে জমা দিয়েছে, তাতে ডিভিশন বেঞ্চ সন্তুষ্ট নয় বলে জানানো হয়। ফলে এই বিষয়ে সিবিআইকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

১১ ডিসেম্বর ফের শুনানি, সব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

নির্যাতিতার পরিবারের পক্ষে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায় জানান, আগামী ১১ ডিসেম্বর মামলাটি ফের শুনানির জন্য উঠবে। তাঁদের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যত অভিযোগ উঠেছে, সেই সমস্ত বিষয়ই সিবিআইকে তদন্তের আওতায় এনে খতিয়ে দেখতে বলেছে আদালত।

প্রেক্ষাপট ও অভিযোগের সূত্রপাত

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপাড় হয় গোটা রাজ্য। ওই ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। এর কয়েক দিন পর ১৪ থেকে ১৫ অগাস্ট আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে, যা নিয়ে অপরাধস্থলের নিরাপত্তা ও তথ্যপ্রমাণের সুরক্ষা ঘিরে বড়সড় প্রশ্ন ওঠে।

পাশাপাশি, তাড়াহুড়ো করে নির্যাতিতার মৃতদেহ দাহ করে দেওয়ার অভিযোগও ওঠে। এই সংক্রান্ত বিষয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন নির্যাতিতার পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *