জন্ম থেকেই যন্ত্রণার লড়াই, এবার মিলবে নতুন জীবন? অনন্ত আম্বানির উদ্যোগে উড়ছে হাতির শাবক রাজা

জন্মের প্রথম দিন থেকেই কঠিন লড়াই চালাচ্ছে মাত্র সাত সপ্তাহ বয়সী একটি হাতির শাবক। অসমের এই ছোট্ট এশীয় হাতিটির নাম রাজা। ডান পিছনের পায়ের উরুর হাড় ভেঙে যাওয়ায় তার শারীরিক অবস্থা বর্তমানে বেশ সংকটজনক। উন্নত চিকিৎসার স্বার্থে এবার তাকে বিশেষ বিমানে করে অসম থেকে গুজরাতের জামনগরে অবস্থিত ‘বনতারা’ (Vantara)-য় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত সাত সপ্তাহ ধরে নিজস্ব পরিবেশেই বনতারার পশুচিকিৎসকদের একটি দল শাবকটির চিকিৎসা করে আসছিল। তবে বর্তমানে তার অবস্থার কথা বিবেচনা করে পূর্ণাঙ্গ ও উন্নত হাসপাতালের পরিষেবা অত্যন্ত জরুরি বলে মনে করছেন চিকিৎসকেরা। সেই কারণেই অনন্ত আম্বানির উদ্যোগে এই বিশেষ বিমান-উদ্ধার অভিযানের ব্যবস্থা করা হয়েছে। দেশে এই ধরনের এটি তৃতীয় অভিযান।

বনতারার সিইও বিবান কারানি জানিয়েছেন, জন্মের পর থেকেই ভাঙা পা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে রাজা। এতটুকু বয়সে যে অদম্য সাহস সে দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর কথায়, অনন্ত আম্বানির সহযোগিতায় সড়কপথে যেখানে কয়েক দিন সময় লাগতো, সেখানে বিশেষ বিমানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শাবকটিকে জামনগরে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বনতারা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজাকে সুস্থ করে তোলা, তার পায়ে ভর দিয়ে দাঁড়ানো, হাঁটা এবং ভবিষ্যতে স্বাভাবিক ছন্দে দৌড়নোর মতো অবস্থায় ফিরিয়ে আনতে সবরকম চিকিৎসা ও পরিচর্যার চেষ্টা চালানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *