১০ বছরের মেগা চুক্তিতে ভারতে অ্যাকাডেমি খুলছে আর্জেন্টিনা! কলকাতা থেকে জলপাইগুড়ি, কী পরিকল্পনা?

মেসির দেশের ফুটবল কর্তারা জলপাইগুড়িতে, বাংলায় প্রতিভা খুঁজতে শুরু কাজ

নতুন ফুটবল প্রতিভার খোঁজে এবার বাংলার মাটিতে পা রাখল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সম্প্রতি ভারতীয় ফুটবলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সংস্থাটির ডেভেলপমেন্ট শাখা আর্জেন্টিনা ফুটবল ইন্টারন্যাশনাল। বিশ্বের ৩০টি দেশে ফুটবল অ্যাকাডেমি খোলার যে পরিকল্পনা নিয়েছে মেসির দেশের ফুটবল গভর্নিং বডি, তার মধ্যে অন্যতম ভারত। চুক্তি চূড়ান্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই বাংলায় সক্রিয় কাজ শুরু করে দিয়েছে তারা। প্রতিভা অন্বেষণে শুক্রবার জলপাইগুড়ির মোহিতনগর ক্যাম্পে পৌঁছান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কমার্শিয়াল ম্যানেজার মার্টিন টুলা, আর্জেন্টিনা জুনিয়র ফুটবল দলের হেড কোচ আলেহান্দ্রো লিনো এবং স্পোর্টস ম্যানেজার নিকোলাস সানালিত্রো।

জানা গিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এরাজ্যের একাধিক ফুটবল অ্যাকাডেমি ঘুরে দেখছেন আর্জেন্টিনার প্রতিনিধিরা। ভারতের চারটি জোনে কোচিং ক্যাম্প গড়তে আগ্রহী তারা। কলকাতায় ইতিমধ্যেই আমুজি স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সংস্থাটি। শুক্রবার মোহিতনগর ক্যাম্পের খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটান আধিকারিকরা। স্থানীয় ফুটবল মহলের ধারণা, এই উদ্যোগ নতুন প্রজন্মের খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগাবে এবং জলপাইগুড়ির ফুটবল প্রতিভা বিকাশে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

মোহিতনগর থেকে সাই কেন্দ্র— খতিয়ে দেখা হচ্ছে মান

আমুজি স্পোর্টসের উদ্যোগে জলপাইগুড়ির মোহিতনগরে জলপাইগুড়ি মোহিত স্পোর্টিং অ্যাকাডেমির মাঠে এদিন উপস্থিত হন আর্জেন্টিনা ফুটবল ইন্টারন্যাশনালের তিন প্রতিনিধি মার্টিন, নিকোলাস এবং আলেহান্দ্রো। সেখানে মাঠের পরিকাঠামো এবং খুদে খেলোয়াড়দের খেলার মান যাচাই করেন তাঁরা। এরপর জলপাইগুড়ির আরও বেশ কয়েকটি ফুটবল কোচিং ক্যাম্প ও স্কুলে যাওয়ার কথা রয়েছে প্রতিনিধিদের।

১০ বছরের চুক্তি ও চার জোনে পরিকাঠামো

আমুজি স্পোর্টসের প্রধান রাজীব ঘোষ জানান, আর্জেন্টিনা ফুটবল ইন্টারন্যাশনালের সঙ্গে ১০ বছরের চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় দেশের চারটি জোনে সেন্টার অফ এক্সেলেন্স এবং ফিডার অ্যাকাডেমি তৈরি করা হবে। ইতিমধ্যেই কলকাতা, কল্যাণী, বোলপুর সাই এবং মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সঙ্গেও আলোচনা সেরেছেন কর্তারা। মোহিতনগরের পর জলপাইগুড়ি সাই কেন্দ্রও ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।

আর্জেন্টিনার স্পোর্টস ম্যানেজার নিকোলাস জানান, ফুটবলের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যেই তাঁদের এই ভারত সফর। অন্যদিকে, হেড কোচ আলেহান্দ্রো লিনোর মতে, আন্তর্জাতিক মানে পৌঁছতে হলে আরও বেশি টুর্নামেন্ট খেলা এবং দীর্ঘমেয়াদী পরিশ্রম প্রয়োজন, আর সেই ভিত্তি তৈরির কাজই এখন চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *