ইটভাটা-খাদান থেকে ফের স্কুলে ফিরবে খুদেরা? পরিযায়ী শ্রমিকদের সন্তানদের নিয়ে বড় সমীক্ষা শুরু রাজ্যে

পরিযায়ী শ্রমিকদের সন্তানদের শিক্ষার মূল স্রোতে ফেরাতে বিশেষ সমীক্ষা শুরু করল রাজ্য

কোভিড লকডাউনের সময়ে শূন্য রাস্তা ও ফাঁকা রেললাইন ধরে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার সেই করুণ ছবি আজও স্মৃতিতে উজ্জ্বল। জীবিকার তাগিদে ঘরছাড়া শ্রমিকদের সেই অনিশ্চিত জীবনযুদ্ধের সবচেয়ে বড় মাশুল গুনতে হয় তাঁদের সন্তানদের। কখনও মাঝপথে পড়াশোনা থমকে যায়, কখনও স্কুলের দরজাই মাড়ানো হয় না, আবার কখনও অপ্রাপ্ত বয়সেই ইটভাটা, খাদান বা রেস্তোরাঁয় শ্রম দিতে বাধ্য হয় খুদেরা। এই পরিযায়ী শিশুদের শৈশব বাঁচাতে এবং শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবার বিশেষ সমীক্ষা শুরু করেছে পশ্চিমবঙ্গের শ্রম দফতর।

কীভাবে চলবে এই সমীক্ষা?

গত ১৪ নভেম্বর শ্রম দফতরের তরফে একটি নির্দেশিকা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়েছে। সেই নির্দেশিকা মেনেই রাজ্যের পরিযায়ী শ্রমিক অধ্যুষিত এলাকাগুলিতে সমীক্ষার কাজ শুরু হয়েছে। যেসব শিশু মাঝপথে স্কুল ছেড়ে দিয়েছে অথবা যারা এখনো স্কুলে ভর্তি হতে পারেনি, তাদের চিহ্নিত করাই এই সমীক্ষার মূল লক্ষ্য। পাশাপাশি, পরিযায়ী পরিবারের যে ছেলেমেয়েরা বর্তমানে কর্মক্ষেত্রের আশপাশের স্কুলে পড়ছে, তাদের শিক্ষার বর্তমান অবস্থা কেমন, সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

ইটভাটা, মাখানা চাষের এলাকা, কৃষিজমি, খনি, খাদান, পাথর ভাঙার কল, ধাবা ও রেস্তরাঁ— যেসব জায়গায় পরিযায়ী শ্রমিকরা সপরিবার থাকেন এবং কাজ করেন, সেই প্রতিটি ক্ষেত্রই এই সমীক্ষার আওতায় আনা হয়েছে। যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকদের তত্ত্বাবধানে নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, মালদা এবং দক্ষিণ দিনাজপুর-সহ একাধিক জেলায় সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে।

তথ্য সংগ্রহের পাশাপাশি পুনর্বাসনের লক্ষ্য

শ্রম দফতরের আধিকারিকদের দাবি, এই উদ্যোগ কেবল পরিসংখ্যান জমানোর জন্য নয়; শিক্ষাব্যবস্থার নজরের আড়ালে থাকা শিশুদের কাছে পৌঁছানোটাই আসল উদ্দেশ্য। দফতরের এক শীর্ষ আধিকারিক জানান, সমীক্ষার রিপোর্ট হাতে আসার পর স্থানীয় প্রশাসন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি), পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে, যাতে শিশুর নিরাপত্তা ও পড়াশোনা— দু’টিই নিশ্চিত করা যায়। তাঁর কথায়, বসবাস ও কর্মস্থল চিহ্নিত করতে পারলে শিশুদের স্কুলে ভর্তি বা পুনরায় ভর্তির ব্যবস্থা করা সম্ভব হবে এবং অল্প বয়সেই কাজে জড়িয়ে পড়া থেকে তাদের আটকানো যাবে।

রাজ্যে পরিযায়ী শ্রমিকের পরিসংখ্যান

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কম নয়। রাজ্যের ২২টি জেলার (কলকাতা এই গ্রামীণ কর্মসংস্থান তালিকার বাইরে) হিসেব বলছে, রাজ্যে চিহ্নিত পরিযায়ী শ্রমিকের মোট সংখ্যা ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন।

এই তালিকায় সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ, যেখানে চিহ্নিত পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন। এরপর রয়েছে মালদা (২ লক্ষ ৮৬ হাজার ৩২৯), পশ্চিম মেদিনীপুর (১ লক্ষ ৬৮ হাজার ৫৭০), নদিয়া (১ লক্ষ ৬১ হাজার ৯০৮), পূর্ব মেদিনীপুর (১ লক্ষ ৫৭ হাজার ৩৭৬) এবং দক্ষিণ ২৪ পরগনা (১ লক্ষ ৫০ হাজার ৯৮৭)। কোচবিহার, উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর এবং পূর্ব বর্ধমানেও এই সংখ্যা এক লক্ষের বেশি। অন্যদিকে, তালিকার একেবারে নীচে রয়েছে কালিম্পং (৩ হাজার ৪৩৫)। যদিও বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবি, সরকারি পোর্টালে নথিভুক্ত সংখ্যার বাইরেও বহু অনিবন্ধিত শ্রমিক রয়েছেন, ফলে বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি।

রাজনৈতিক প্রেক্ষাপট ও বর্তমান সরকারের উদ্যোগ

করোনা-পরবর্তী সময়ে তৎকালীন তৃণমূল সরকারও পরিযায়ী শ্রমিকদের সন্তানদের স্কুলছুট হওয়া আটকাতে উদ্যোগী হয়েছিল এবং তৎকালীন শ্রমমন্ত্রী মলয় ঘটক একটি প্রকল্প চালু করেছিলেন। তবে অভিযোগ, বাস্তবে রূপায়ণের অভাবে সেই উদ্যোগ খাতায়-কলমেই সীমাবদ্ধ ছিল। ২০২৬ সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার বিষয়ে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে ‘জিরাম জি’ প্রকল্পে ১২৫ দিনের কর্মীদের দৈনিক মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার উদ্যোগ নিয়েছেন তিনি। পাশাপাশি, শ্রমিকদের ফেরানোর পাশাপাশি তাঁদের সন্তানদের শিক্ষার আঙিনায় ফেরানোও যে সরকারের অগ্রাধিকার, তা স্পষ্ট করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, এই সরকার গরিব মানুষের সরকার এবং অতীতের সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করেনি। শুধু শ্রমিকদের ফেরানো নয়, গোটা পরিবারের কথা ভেবেই সন্তানেরা যাতে স্কুলছুট না হয়, সেই কাজ করা হচ্ছে।

জাতীয় স্তরের উদ্বেগজনক চিত্র

সারা দেশে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের স্কুলছুট হওয়ার সঠিক পরিসংখ্যান নির্ণয় করা এখনো চ্যালেঞ্জিং। ইউনিসেফের তথ্য ও শেষ আদমশুমারি অনুযায়ী, ভারতে পরিযায়ী শিশুর সংখ্যা প্রায় ৯ কোটি ৩০ লক্ষ। অথচ নীতি আয়োগের রিপোর্ট বলছে, এদের মধ্যে কতজন নিয়মিত স্কুলে যায়, সেই তথ্য সরকারের হাতে নেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের হিসেব অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশে প্রায় ৮ লক্ষ ৫০ হাজার শিশু স্কুলছুট হয়েছে, যার মধ্যে ৩ লক্ষ ৭৮ হাজারই মেয়ে। এর পেছনে দারিদ্র্য ও অভিভাবকদের পরিযায়ী জীবনযাত্রাকে দায়ী করা হয়েছে।

‘এইড অ্যাট অ্যাকশন’ এবং ‘ক্রাই’-এর মতো সংস্থার সমীক্ষায় উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। তাদের দাবি, পরিযায়ী শ্রমিকদের প্রায় ৪০ শতাংশ সন্তান স্কুলের বাইরে থেকে যায় এবং পড়াশোনার বদলে কাজে যুক্ত হয়। ইটভাটা বা নির্মাণকাজের মতো কর্মস্থলের প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে আশপাশে স্কুল না থাকায় মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ভিন্‌রাজ্যের ভাষার সমস্যা। কেরলের শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী, সে রাজ্যে স্কুলছুট পড়ুয়াদের প্রায় ৩৬.৬৫ শতাংশই পশ্চিমবঙ্গ, বিহার, অসম, ওড়িশার মতো ভিন্‌রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের সন্তান। বারবার ঠিকানা বদল এবং ভাষাগত জটিলতায় প্রতি বছর বহু শিশু প্রথাগত শিক্ষার বাইরে ছিটকে যাচ্ছে।

কী বলছেন পরিযায়ী শ্রমিকরা?

মালদা থেকে কেরলে কাজ করতে যাওয়া বাবুন সরকার জানান, বাড়িতে তাঁর দু’টি কন্যা সন্তান রয়েছে এবং রাজ্য সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। তাঁর কথায়, আর্থিক অভাবের কারণে অনেক পরিযায়ী শ্রমিকের ছেলেমেয়ে স্কুল থেকে দূরে সরে যায়, এই উদ্যোগে তারা পড়াশোনার সুযোগ পাবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকদের জন্যও সরকার আরও কাজ করলে তাঁদের আর ভিন্‌রাজ্যে পড়ে থাকতে হবে না।

অন্যদিকে, চাঁচলের কলিগ্রামের বাসিন্দা নির্মল বারি বর্তমানে দিল্লিতে কর্মরত। তিনি জানান, তাঁর সন্তান বাড়িতে থেকে নিয়মিত স্কুলে যায়, তবে তাঁদের মতো অনেকের সন্তানই বর্তমানে স্কুলে পড়ছে না। সরকারের এই উদ্যোগে তাঁরা উপকৃত হবেন বলে মনে করেন তিনি এবং সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।

ভারতের সংবিধানে সাম্যের অধিকার, মত প্রকাশের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক রক্ষাকবচের অধিকার— এই ছ’টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সংবিধান প্রণেতা ড. বিআর আম্বেদকর-সহ দেশের নির্মাতারা পিছিয়ে পড়া মানুষের সন্তানদের সসম্মানে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতেই এই অধিকারগুলি সংযোজন করেছিলেন। স্বাধীনতার ৭৯ বছর পরেও বিপুল সংখ্যক শিশুর শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকার প্রেক্ষাপটে রাজ্যের এই সমীক্ষা কতটা কার্যকর হয়, সেদিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *