বুকে বড় চেরা নয়, মাত্র কয়েকটা ফোঁড়েই সফল হার্ট বাইপাস! দেশীয় রোবটে চিকিৎসা বিজ্ঞানে ইতিহাস

চিকিৎসা বিজ্ঞানে ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারত। এই প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবটিক সিস্টেম এবং ডুয়াল-কনসোল প্রযুক্তির সাহায্যে কোনো রোগীর সফল বিটিং-হার্ট টোটালি এন্ডোস্কোপিক করোনারি আর্টারি বাইপাস বা টিইসিএবি (TECAB) সার্জারি সম্পন্ন হল। আগে প্রচলিত হার্ট বাইপাস সার্জারিতে রোগীর বুকের মাঝখানে বড় চেরা কাটা লাগতো, ফলে সুস্থ হয়ে উঠতে বেশ সময় লাগতো। কিন্তু এখন রোবটিক আর্মের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম ও ছোট ফোঁড় বা স্টিচ দিয়েই কাজ সারছে, যার ফলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন রোগীরা।
গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়েছে। গোটা অপারেশন চলাকালীন রোগীর হৃদ্যন্ত্র স্বাভাবিকভাবেই সচল ও সক্রিয় ছিল; এমনকী সার্জারির সময় হার্ট-লাং মেশিনেরও প্রয়োজন পড়েনি। এই পদ্ধতি ঠিক কতটা নিরাপদ এবং রোগী কত দিনে সুস্থ হয়ে ওঠেন, তা নিয়েই এখন কৌতূহল তৈরি হয়েছে।
চিকিৎসকদের বিশেষ দল এই জটিল হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার করেছেন মেদন্ত, গুরুগ্রামের রোবটিক ও মিনিম্যালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন ডঃ নীতিন কুমার রাজপুত এবং মণিপাল হাসপাতাল, জয়পুরের চিফ কার্ডিয়াক সার্জন ডঃ ললিত মালিক। এসএস ইনোভেশন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও ডঃ সুধীর শ্রীবাস্তবের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে।
কীভাবে কাজ করে এই রোবটিক সিস্টেম? স্বদেশি এই রোবটিক ব্যবস্থায় রয়েছে ডুয়াল কনসোল এবং পাঁচটি রোবটিক আর্ম। দুজন বিশেষজ্ঞ সার্জন একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে এটি নিয়ন্ত্রণ করেন। হার্ট স্টেবিলাইজেশন সিস্টেমের সাহায্যে সচল ও স্পন্দনশীল হৃদ্যন্ত্রের নির্দিষ্ট অংশকে স্থিতিশীল রাখা হয়, যেখানে বাইপাস প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
বিটিং-হার্ট বা স্পন্দনশীল হৃদ্যন্ত্রের কৌশল টিইসিএবি বা টোটালি এন্ডোস্কোপিক করোনারি আর্টারি বাইপাস সার্জারির এটি অত্যন্ত উন্নত একটি ধাপ। এই পদ্ধতিতে রোবটিক সিস্টেমের সহায়তায় চিকিৎসকেরা অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে কাজ করতে পারেন। বিটিং-হার্ট কৌশলে অস্ত্রোপচারের সময়েও রোগীর হৃদ্যন্ত্র স্বাভাবিক ছন্দে স্পন্দিত হতে থাকে। আগে যেখানে বুকের মাঝে বড় কাটাছেঁড়া করতে হতো, সেখানে এখন সামান্য কয়েকটি ছোট স্টিচের মাধ্যমেই বাইপাস সম্ভব হচ্ছে। সে কারণেই এই প্রক্রিয়াকে অনেক বেশি নিরাপদ বলে মনে করা হচ্ছে।
দুই রোগীর ওপর সফল প্রয়োগ ও দ্রুত আরোগ্য এই অত্যাধুনিক প্রযুক্তিতে ইতিমধ্যে দুজন রোগীর অস্ত্রোপচার করা হয়েছে এবং তাঁরা সুস্থও হয়ে উঠেছেন। নিজেদের অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন তাঁরা। রোবটিক আর্মের মাধ্যমে টোটালি এন্ডোস্কোপিক করোনারি আর্টারি বাইপাস সার্জারির পর মাত্র ১৫ দিনের মধ্যেই রোগীর আরোগ্য লাভের বিষয়টিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই সাফল্য রোবটিক ও মিনিম্যালি ইনভেসিভ হার্ট সার্জারির সম্ভাব্য সুবিধা এবং রোগীদের চিকিৎসা অভিজ্ঞতাকে আরও উন্নত করার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ভূমিকা তুলে ধরে। ভারতের কার্ডিয়াক সার্জারির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আগামী দিনে আরও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।