এআই সংস্থার আইপিও-তে রাতারাতি কোটিপতি ৫,১০০ কর্মী! ৬০০ জনের কাছে ৮৩০ কোটির বেশি শেয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নির্মাতা সংস্থা অ্যানথ্রোপিক (Anthropic) বড় সাফল্য দেখিয়েছে। শেয়ার বাজারে পা রেখে ইতিহাস গড়েছে এই সংস্থা। সংস্থার আইপিও (IPO)-র হাত ধরে অফিসে কর্মরত প্রায় ৫,১০০ কর্মী রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন। একটি প্রতিবেদন অনুযায়ী, সংস্থার প্রায় ৯৬ শতাংশ কর্মীই এখন মিলিয়নেয়ার এবং প্রায় ৬০০ জনের কাছে ১০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩০ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার রয়েছে। সংস্থার সামগ্রিক ভ্যালুয়েশন এখন পৌঁছে গিয়েছে ১.৫ ট্রিলিয়ন ডলারে।
সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, প্রাইভেট শেয়ার মার্কেটপ্লেস হিল ডট কম (Hill.com)-এর তথ্য জানাচ্ছে যে সংস্থার প্রায় ৫,১০০ কর্মীর হাতে থাকা শেয়ারের মূল্য ১০ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ৮.৪ কোটি টাকার ওপরে উঠে গিয়েছে। এর মধ্যে প্রায় ৬০০ জন কর্মীর শেয়ার হোল্ডিংয়ের দাম ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৮৩০ কোটি টাকার বেশি হতে পারে। ব্যক্তিগত শেয়ার লেনদেন সংক্রান্ত সংস্থা হিল ডট কম এই অনুমান প্রকাশ করেছে এবং সিএনএন-এর প্রতিবেদনেও এই তথ্যের উল্লেখ করা হয়েছে।
৫,১০০ কর্মীর কাছে ১ মিলিয়ন ডলারের বেশি সম্পদ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অ্যানথ্রোপিকে প্রায় ৫,৩০০ জন কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৯৬ শতাংশ কর্মীর এমন শেয়ার রয়েছে, যার মূল্য ১ মিলিয়ন ডলারের বেশি হতে পারে। পাশাপাশি প্রায় ২,৮০০ জন কর্মীর শেয়ার হোল্ডিংয়ের ভ্যালু ১০ মিলিয়ন ডলারের বেশি বলে জানানো হয়েছে।
আইপিও-তে অ্যানথ্রোপিক প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার নির্ধারণ করেছিল, যা সংস্থার প্রাথমিক নির্ধারিত ৭০ থেকে ৭৮ ডলারের সীমার চেয়েও বেশি। এই আইপিও-র মাধ্যমে সংস্থা ৮১.৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বৃহস্পতিবার নাসডাক (Nasdaq)-এ শেয়ারের লেনদেন শুরু হয়েছিল ১১১.৫০ ডলারে, তবে দিনশেষে তা নেমে দাঁড়ায় ৯৭.১৭ ডলারে। অফার প্রাইস অনুযায়ী সংস্থার ভ্যালুয়েশন ধরা হয়েছে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার।
কীভাবে কোটিপতি হলেন কর্মীরা? কর্মীদের এই বিপুল সম্পদের পেছনে সংস্থার স্টক-বেসড কম্পেনসেশন নীতির বড় ভূমিকা রয়েছে। দক্ষ কর্মীদের ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে সংস্থার সঙ্গে যুক্ত রাখতে বেতনের পাশাপাশি শেয়ার দেওয়ার পথ বেছে নিয়েছিল অ্যানথ্রোপিক।
২০২১ সালে যাত্রা শুরু করা এই সংস্থায় ২০২৪ সালের শেষ নাগাদ প্রায় ৯৪০ জন কর্মী ছিলেন। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই সংখ্যা বেড়ে প্রায় ৫,৩০০-তে পৌঁছেছে। শুরুর দিকের কর্মীরা সেই সময় শেয়ার পেলেও তখন সংস্থার ভ্যালুয়েশন অনেক কম ছিল। ফলে আইপিও-র পর তাঁদের শেয়ারের দামে বড়সড় উল্লম্ফন দেখা গিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, কর্মীদের শেয়ার বিক্রির ক্ষেত্রে সাধারণ আইপিও লক-ইন নিয়মেও কিছুটা ছাড় দিয়েছে সংস্থা। নন-ফাউন্ডার কর্মী এবং অন্যান্য যোগ্য ব্যক্তিরা প্রথম দিন থেকেই নিজেদের শেয়ারের ১০ শতাংশ বিক্রি করতে পারবেন। ২০২৬ অর্থবর্ষের ফলাফল প্রকাশের পর অতিরিক্ত ৩৫ শতাংশ শেয়ার বিক্রির সুযোগও মিলতে পারে।
সান ফ্রান্সিসকোর আবাসন বাজারেও প্রভাব পড়ার ইঙ্গিত এই আইপিও-র প্রভাব রিয়েল এস্টেট বাজারেও দেখা যেতে পারে। সিএনবিসি-র প্রতিবেদন অনুযায়ী, রেডফিন (Redfin)-এর বিশ্লেষণে দাবি করা হয়েছে যে অ্যানথ্রোপিকের বর্তমান ও প্রাক্তন কর্মীদের মোট সম্পদ দিয়ে সান ফ্রান্সিসকোর প্রায় ৯ শতাংশ বাড়ি কেনা সম্ভব।
এ ছাড়া কর্মীরা নিজেদের শেয়ার বন্ধক রেখে ঋণও নিতে পারবেন, যা তাঁদের বাড়ি কেনার সামর্থ্য আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি শেয়ার হোল্ডিংয়ের একটি অংশ সমাজসেবামূলক কাজে দান করার বিকল্পও কর্মীদের দিয়েছে অ্যানথ্রোপিক। সংস্থার সাতজন সহ-প্রতিষ্ঠাতা তাঁদের সম্পদের ৮০ শতাংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় করার অঙ্গীকার করেছেন।