২০২৭ সালে ভারতে ভিনফাস্টের ৩ নতুন ইলেকট্রিক স্কুটার, বাজাজ চেতক ও টিভিএস আইকিউবকে কড়া টক্কর!

ভিয়েতনামের বিখ্যাত ইলেকট্রিক ভেহিকল বা ইভি সংস্থা ভিনফাস্ট ২০২৭ সালের মধ্যে ভারতের বাজারে তিনটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে। ভিয়েতনামের জনপ্রিয় মডেলের ওপর ভিত্তি করে এই স্কুটারগুলো তৈরি হলেও, ভারতের রাস্তা এবং ক্রেতাদের প্রয়োজনের কথা মাথায় রেখে সেগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। শুরুর দিকের মডেল হিসেবে ইভো, পারিবারিক ব্যবহারের জন্য কিও এবং বেশি গতি ও পারফরম্যান্সের জন্য কিনেট—এই তিনটি স্কুটারের মাধ্যমে ভারতীয় টু-হুইলার বাজারে জায়গা করে নিতে চাইছে ভিনফাস্ট। ইতিমধ্যেই সারা দেশে ডিলারশিপ এবং চার্জিং পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গেছে।
শুধুমাত্র নাম বদলে ভিয়েতনামের স্কুটারগুলো ভারতে বিক্রি করা হবে না। ভারতীয় রাস্তার পরিস্থিতি সামাল দিতে চ্যাসিস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সিটের নিচের স্টোরেজ স্পেসে বড় বদল আনা হবে। পাশাপাশি ভারতের বাজারে স্কুটারগুলোর নতুন নামও রাখা হতে পারে বলে জানা যাচ্ছে। চূড়ান্ত দাম এবং ভারতের স্পেসিফিকেশন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও, ভিয়েতনামের মডেলে থাকা প্রযুক্তি ও পরিসংখ্যান ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
প্রথম মডেল হিসেবে ভিনফাস্ট ইভো নির্ভর স্কুটারটি ভারতের বাজারে তুলনামূলক কম দামের বিকল্প হিসেবে আসতে পারে। ভিয়েতনামের মডেলে ৩ বিএইচপি ক্ষমতার হাব-মাউন্টেড মোটর রয়েছে, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। এতে ১.৫ কিলোওয়াট আওয়ারের এলএফপি ব্যাটারির পাশাপাশি অতিরিক্ত আরও একটি ব্যাটারি যুক্ত করার সুবিধা রয়েছে। দুটি ব্যাটারি একসঙ্গে থাকলে এক চার্জে ১৬৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। ফ্রন্ট ডিস্ক ব্রেক, ১২ ইঞ্চির চাকা, এলসিডি ডিসপ্লে এবং ১২ লিটার স্টোরেজ স্পেসও এতে রয়েছে।
দ্বিতীয় মডেল ভিনফাস্ট কিও নির্ভর স্কুটারটি মিড-রেঞ্জ সেগমেন্টে পারিবারিক স্কুটার হিসেবে আনা হবে। ৪ বিএইচপি মোটর এবং ঘণ্টায় ৭০ কিলোমিটার সর্বোচ্চ গতির এই স্কুটারেও ডাবল ব্যাটারির বিকল্প রয়েছে। দুটি ব্যাটারি ব্যবহার করলে এর রেঞ্জ দাঁড়ায় ১৬০ কিলোমিটার। এতে ১৪ ইঞ্চির চাকা, ব্লুটুথ টিএফটি ডিসপ্লে, স্মার্ট কি এবং হিল-हোল্ড অ্যাসিস্টের মতো আধুনিক সুবিধা থাকছে। দৈনন্দিন যাতায়াতের সুবিধার জন্য এতে ২১ লিটার বুট স্পেস দেওয়া হয়েছে।
যাঁরা একটু বেশি গতি এবং শক্তিশালী পারফরম্যান্স পছন্দ করেন, তাঁদের জন্য আসছে ভিনফাস্ট কিনেট নির্ভর প্রিমিয়াম মডেল। ৭ বিএইচপি মোটর এবং দুটি এলএফপি ব্যাটারির সাহায্যে এটি ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। শূন্য থেকে ৫০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে ছয় সেকেন্ডেরও কম। ফুল চার্জে এর রেঞ্জ ১৪৫ কিলোমিটার। ১৪ ইঞ্চির চাকা, টিএফটি ডিসপ্লে এবং ২২ লিটার স্টোরেজ স্পেসের পাশাপাশি সাধারণ চার্জারে এটি পুরোপুরি চার্জ হতে প্রায় নয় ঘণ্টা সময় নেয়।
ভারতের বাজারের জন্য বিশেষভাবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও বুট স্পেস বাড়ানোর পাশাপাশি মোটর ও ব্যাটারিতেও প্রয়োজনীয় বদল আনা হতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্কুটারগুলো ভারতেই তৈরি করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভিনফাস্ট। ২০২৭ সালের লঞ্চকে সামনে রেখে ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪টি শহরে ডিলারদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। বাজারে এলে টিভিএস আইকিউব, বাজাজ চেতক এবং আথার রিজটার মতো স্কুটারের সঙ্গে কড়া প্রতিযোগিতায় নামবে ভিনফাস্ট।