১৪৪ থেকে ২০৯ ওয়ার্ড! পুরনির্বাচনের জট কাটাতে সুপ্রিম কোর্টে রাজ্য, কী বললেন পুরমন্ত্রী?

কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা গ্রহণ করল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ জানিয়েছে, এই সংক্রান্ত যত মামলা দায়ের হয়েছে, সেগুলির সবকটির একসঙ্গে আগামী সোমবার শুনানি করা হতে পারে। এই শুনানি ও পরবর্তী নির্দেশের ওপরই কলকাতার পুরভোটের দিনক্ষণ ও ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।
হাইকোর্টের নির্দেশ ও সুপ্রিম কোর্টে আপিলকলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস করে ১৪৪ থেকে ২০৯টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সিপিএম কাউন্সিলর দীপু দাস কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, এই সংক্রান্ত মামলা সিঙ্গেল বেঞ্চে নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পুরভোট ঘোষণা করতে পারবে না।
হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আপিল করেছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর। পাশাপাশি মামলার অন্যান্য পক্ষের তরফে ক্যাভিয়েটও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
ভোটের সময়সূচি ও কো-অর্ডিনেটর প্রসঙ্গ রাজ্যে পালাবদলের পর নতুন সরকার চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি পুর নির্বাচন করাতে চায় বলে আগেই ঘোষণা করেছিল। চলতি মাসেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের মামলার জটে আপাতত পুরনির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।
এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, আইনি জটিলতায় পুর নির্বাচন করা না-গেলে চলতি বছরের ১ ডিসেম্বর থেকে প্রতিটি ওয়ার্ডে ‘কো-অর্ডিনেটর’ বা সমন্বয়ক নিয়োগ করা হবে। ফলে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে এই মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
পুরমন্ত্রীর বক্তব্য এদিকে বিষয়টি নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, তাঁরা সবরকমভাবে প্রস্তুত এবং নির্বাচন কমিশন কবে দিন ঘোষণা করে, সেটারই অপেক্ষা করছেন। দ্রুত পুরভোট হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, তাঁদের টিম দিনরাত কাজ করে চলেছে এবং সব জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা চলছে। কাউন্সিলর বা তৃতীয় স্তরের জনপ্রতিনিধি না থাকলে মানুষের অসুবিধা হয় বলেও মন্তব্য করেন তিনি। পুরমন্ত্রীর কথায়, ডিসেম্বর মাসেই ভোট হওয়ার কথা শোনা গিয়েছিল এবং এখনও তাঁর জানা মতে ডিসেম্বরেই ভোট হবে; তবে কারিগরি বা আইনি দিকগুলো আইন শাখা আরও ভালোভাবে বলতে পারবে, কিন্তু তিনি চান ডিসেম্বর মাসেই ভোট হয়ে যাক।