গোপালপুরের কাছে আছড়ে পড়বে ‘আকভান’? ২১ নভেম্বর পর্যন্ত সমুদ্রে নিষেধাজ্ঞা, কোন জেলায় কতটা বৃষ্টি?

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) প্রভাবে নভেম্বর মাসেও বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ গোটা বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার দুপুরের দিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশ বা ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
কোথায় ল্যান্ডফল, গতিবেগ কত?ঘূর্ণিঝড় আকভানের অবস্থান ও গতিপথ প্রসঙ্গে আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। তাঁর কথায়, আগামীকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে গোপালপুরের কাছাকাছি ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। স্থলভাগে প্রবেশ করার পর ঘূর্ণিঝড়ের গতিপথ উত্তর-উত্তর পশ্চিম দিকে হতে পারে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামী ২১ নভেম্বর সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত এবং আগামীকাল সকালে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী দুদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।