বইয়ের স্টল নিয়ে রণক্ষেত্র কলেজ স্ট্রিট! পুলিশের সামনেই ছাত্র সংঘর্ষ, জোড়াসাঁকো ওসি উদ্ধার করলেন আক্রান্ত নেতাকে

বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে বচসার জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলেজ স্ট্রিট। বুধবার বইপাড়ায় যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বৃহস্পতিবারও তার রেশ অব্যাহত থাকল। এসএফআই (SFI) এবং এবিভিপি (ABVP)-র দফায় দফায় সংঘর্ষে এদিনও চরম উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর।
ঘটনার সূত্রপাত এসএফআই-এর বইয়ের স্টল নিয়ে। ওই স্টল বসানোয় আপত্তি জানিয়ে বিক্ষোভ শুরু করে এবিভিপি। মুহূর্তের মধ্যেই শুরু হয় স্লোগান ও পাল্টা স্লোগান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র ধস্তাধস্তি বেধে যায়। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর এবিভিপি সমর্থকরা রাস্তায় টেবিল পেতে বই বিক্রি শুরু করলে সাময়িকভাবে অবরোধ ওঠে।
তবে উত্তেজনার পারদ ফের চড়ে এক এবিভিপি নেতার ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে। বুধবার প্রবীণ বাম নেতা বিমান বসুকে দেখে যাঁরা স্লোগান দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন এবিভিপি নেতা অরুণাভ দত্ত। অভিযোগ, বৃহস্পতিবার সেই আক্রোশেই অরুণাভের ওপর চড়াও হয় এসএফআই কর্মীরা এবং তাঁকে বেধড়ক মারধর করা হয়। উত্তেজিত জনতার হাত থেকে জোড়াসাঁকো থানার ওসি অরুণাভকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। আক্রান্ত নেতার বিস্ফোরক দাবি, “আমার কিছু হলে তার জন্য এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে দায়ী থাকবেন।” এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আরও এবিভিপি সদস্য ঘটনাস্থলে জড়ো হন।
উল্লেখ্য, বুধবার দুই ছাত্র সংগঠনের টানাপোড়েনের মাঝে পড়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। কলেজ স্ট্রিটে যেতেই তাঁকে উদ্দেশ্য করে ‘গো-ব্যাক’ এবং বেশ কিছু অশ্লীল স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যদিও বর্ষীয়ান এই রাজনীতিবিদ গোটা বিষয়টি হাসিমুখেই সামাল দিয়েছিলেন।
সেদিন বিমান বসু বলেছিলেন, “কী হবে গো-ব্যাক স্লোগান দিয়ে? আমি এখানে থাকতে আসিনি। আমি বই বিক্রি করতেও আসিনি। আমার মিটিং আছে, সেখানে যেতে হবে।” তিনি ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যেতেই এবিভিপি-র তরফে “পালিয়ে গেল… পালিয়ে গেল” বলে স্লোগান তোলা হয়। বুধবারের সেই ঘটনার জেরেই বৃহস্পতিবার কলেজ স্ট্রিট নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।