মহাকালের সওয়ারির সারথি এখন বনতারায়! শ্যামু হাতির চিকিৎসার খবরে কী জানালেন মালিক?

উজ্জয়িনীতে বাবা মহাকালের রাজকীয় শোভাযাত্রায় প্রায় নয় বছর ধরে সারথি হিসেবে চলা শ্যামু হাতিকে উন্নত চিকিৎসার জন্য গুজরাটের জামনগরে অবস্থিত বনতারায় পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে যক্ষ্মা বা টিবি এবং পায়ের বক্রতার মতো গুরুতর সমস্যায় ভুগছিলেন শ্যামু। এ বার জামনগরের বিশেষায়িত পশু চিকিৎসা কেন্দ্রে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলবে।

জানা গিয়েছে, বনতারার ১৫ সদস্যের একটি দল দুটি বিশেষ গাড়ি— একটি রেসকিউ ট্রাক এবং একটি জলের ট্যাঙ্কার নিয়ে উজ্জয়িনীতে পৌঁছায়। উজ্জয়িনী বন দপ্তর এবং বনতারার পশু চিকিৎসক ও মাহুতদের উপস্থিতিতে নিরাপদে জামনগরের উদ্দেশে রওনা করানো হয় শ্যামুকে। নতুন পরিবেশে গিয়ে যাতে শ্যামু একাকীত্বে না ভোগেন এবং তাঁর দেখভাল ঠিকমতো হয়, সে জন্য তাঁর পরিবারের দু’জন সদস্য হরিনারায়ণ ও শিবনারায়ণও সঙ্গে গিয়েছেন।

স্থানীয় চিকিৎসায় মেলেনি আশানুরূপ ফল

ইন্দোর রোডের সাইনাথ কলোনিতে মালিক সরমন গিরির কাছে থাকা শ্যামুর শারীরিক অবস্থা গত কিছুদিন ধরে ক্রমশ খারাপ হচ্ছিল। উজ্জয়িনী বন দপ্তরের ডিএফও অনুরাগ তিওয়ারি জানান, টিবি-তে আক্রান্ত হওয়ার পাশাপাশি পায়ের বক্রতার সমস্যাতেও ভুগছিলেন শ্যামু। স্থানীয়ভাবে চিকিৎসা চালিয়েও প্রত্যাশিত উন্নতি না হওয়ায় তাঁকে বনতারায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, প্রায় পাঁচ মাস আগেও ইন্দোর চিড়িয়াখানার ভারপ্রাপ্ত আধিকারিক উত্তম যাদব, পশু চিকিৎসক ডঃ মুকেশ জৈন এবং পান্না টাইগার রিজার্ভের ডঃ সঞ্জয় গুপ্তের দল নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন, কিন্তু সে সময় মালিকের পরিবার আপত্তি তুলেছিল। তবে পরবর্তী সময়ে হাতির অবস্থার অবনতি দেখে মালিক নিজেই স্বেচ্ছায় তাঁকে দান করার লিখিত আবেদন জানান। এরপর ভোপাল থেকে পরিবহণ অনুমতি মিলতেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

মালিক পাবেন অন্য হাতি, সঙ্গে যাবেন যাঁরা তাঁদের চাকরি

সূত্রের খবর, এই সমঝোতার অংশ হিসেবে বনতারা কর্তৃপক্ষের তরফে শ্যামুর মালিককে আর একটি হাতি দেওয়া হবে। পাশাপাশি শ্যামুর দেখাশোনার জন্য জামনগরে যাওয়া হরিনারায়ণ এবং শিবনারায়ণকে বনতারাতেই কাজের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের ৩০ থেকে ৪০ হাজার টাকা মাসিক বেতনের পাশাপাশি বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে।

নয় বছর ধরে মহাকালের সেবা

শ্যামুর মালিক আবেগতাড়িত হয়ে জানান, ২০০৬ সালে রামু হাতির হাত ধরে বাবা মহাকালের সেবার যাত্রা শুরু হয়েছিল। ২০১৬ সালের পর সেই দায়িত্ব নেন শ্যামু এবং ২০২৫ সাল পর্যন্ত টানা মহাকালের শোভাযাত্রার সঙ্গী ছিলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *