১৮ নভেম্বরই উত্থান, ঠিক এক বছর পর শেষ! কুলগামের এনকাউন্টারে নিকেশ জঙ্গি লতিফ

২০২৫ সালের ১৮ নভেম্বর কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসে মহম্মদ লতিফ ভাটের নাম। বয়স তখন মাত্র ২১ পেরিয়েছে। জানা যায়, পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবায় যুক্ত হয়েছে কাশ্মীরের এই যুবক এবং পহেলগামে হামলা চালানো লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ-এর বড় দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছে লস্কর। কড়া নিরাপত্তার কারণে সীমান্তের ওপার থেকে জঙ্গি পাঠাতে না পেরে স্থানীয় যুবককে দিয়ে কাশ্মীরে নাশকতার ছক কষছিল হাফিজ মহম্মদ সইদের সংগঠন বলে অনুমান করেন গোয়েন্দারা। ঠিক এক বছর পর, ২০২৬ সালের ১৮ নভেম্বর জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার জঙ্গলপোরা গ্রামে রাতভর নাটকীয় ঘটনার পর ছোট এনকাউন্টারে নিহত হয় মহম্মদ লতিফ ভাট। ভোরের আলো ফুটতেই গ্রামের সিমেন্ট বাঁধানো সরু রাস্তায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। গোয়েন্দাদের মতে, সে ছিল এই মুহূর্তে দক্ষিণ কাশ্মীরের একমাত্র সক্রিয় জঙ্গি নেতা।

কুলগাম শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে খেরওয়ান চদ্দর গ্রামে ২০০২ সালে জন্ম লতিফের। বাবা মুস্তাক আহমেদ ভাট কাঠের মিস্ত্রি হলেও ছেলে সেই কাজে আসুক, তা চাননি। তাই স্থানীয় ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের পর ছেলেকে ভর্তি করিয়েছিলেন কাছের আসমোজ শহরের গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে। পড়াশোনায় খুব মেধাবী না হলেও একেবারে খারাপ ছাত্র ছিল না সে। স্কুলের গণ্ডি পেরিয়ে স্নাতক স্তরে কুলগামের গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হয় লতিফ।

২০২১ সালে প্রথম কয়েকদিন স্বাভাবিক থাকলেও তারপর থেকেই লতিফের আচরণে বদল আসতে শুরু করে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সূত্রের খবর, সাধারণভাবে বেড়ে ওঠা যুবকটি হঠাৎ চুপচাপ হয়ে যায় এবং এক বছর শেষ হওয়ার আগেই কলেজ ছাড়ার সিদ্ধান্ত নেয়। বাড়ির কথা না শুনে সে কাঠমিস্ত্রির কাজ শিখতে শুরু করে, তবে বাবার কাছে নয়, অন্য এক ব্যক্তির কাছে। পাশাপাশি দরজা ও জানলায় কাচ বসানোর কাজেও দক্ষ হয়ে ওঠে সে। গোয়েন্দাদের দাবি, উপার্জিত অর্থ সে পরিবারকে দিত না, নিজের কাছে রেখে নিজের কাজেই খরচ করত।

কুলগামের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ আনায়ত আলি চৌধরি জানান, কারও সংস্পর্শে নয়, নিজে থেকেই নানা বইপত্র পড়ে এবং ওয়েবসাইট ঘেঁটে উগ্র মৌলবাদের দিকে ঝুঁকেছিল লতিফ। তাঁর কথায়, লতিফ ছিল এক ধরনের সেলফ র‍্যাডিকালাইজড টেররিস্ট।

পুলিশ সূত্রের খবর, এরপরই কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে মরিয়া হয়ে ওঠে সে। অনেক চেষ্টার পর টিআরএফ নেতা সাজ্জাদ গুল এবং সে সময় কাশ্মীরে সক্রিয় লস্কর কম্যান্ডার জাকির আহমেদ গানাইয়ের সঙ্গে তার পরিচয় হয়। জাকির যে এনকাউন্টারে নিহত হয়, সেখান থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল লতিফ। গোয়েন্দাদের মতে, অপারেশন সিঁদুরের পর কাশ্মীরে নেতৃত্ব ও সংগঠন গুছিয়ে নিতে হিমশিম খাচ্ছিল লস্কর। তাই স্থানীয় যুবক লতিফকে পেয়ে সাজ্জাদ গুলকে টপকে টিআরএফ-এর দায়িত্ব তাকেই দেওয়া হয়। দায়িত্ব পেয়েই বড় কিছু ঘটিয়ে লস্করের শীর্ষ নেতৃত্বের নজরে আসার তাড়াহুড়ো শুরু করে সে, যার ফলে দ্রুত নিরাপত্তা বাহিনীর নজরে আসে। এসএসপি আনায়ত আলির বক্তব্য, সীমান্তের ওপার থেকে সরাসরি নির্দেশ আসত, পর্যটকদের ওপর হামলা চালিয়ে কাশ্মীরের শান্তি ও অর্থনীতি নষ্ট করার ছক ছিল। বারবার ফসকে গেলেও বুধবার আর বাঁচতে পারেনি লতিফ, এক বছরের অধ্যায় শেষ হয় কুলগামে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *