সংযুক্ত আরব আমিরাতকে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী সৌদি আরব! বাজার দখলে বড় চমক

বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারত। স্বাভাবিকভাবেই ভারতের বাজারে তেল বিক্রির তীব্র প্রতিযোগিতা চলে। গত অক্টোবরেও সেই দৌড়ে বড় পরিবর্তন দেখা গিয়েছে। দ্বিতীয় স্থানের লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই-কে পেছনে ফেলে জায়গা পাকা করেছে সৌদি আরব। প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে সৌদি আরব থেকে ভারতের তেল আমদানি ইউএই-এর চেয়ে বেশি হয়েছে। ইরান যুদ্ধের জেরে আঞ্চলিক সরবরাহে বিঘ্ন ঘটার পর এমন ঘটনা এই প্রথম ঘটল। হারানো বাজারের অংশ ফেরাতে ছাড়ের দামে তেলের চালান দিয়েছে সৌদি আরব। পরিসংখ্যান বলছে, অক্টোবরেও ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ ছিল রাশিয়া, তার পরেই রয়েছে সৌদি আরব ও ইউএই।
সৌদি আরব থেকে বেড়েছে তেল আমদানি
সৌদি আরব থেকে ভারতের তেল আমদানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় দৈনিক ৭ লক্ষ ৯০ হাজার ব্যারেলে, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে ইউএই থেকে কেনাকাটা কমে দৈনিক ৬ লক্ষ ১২ হাজার ব্যারেলে নেমে এসেছে, যা সাত মাসের সর্বনিম্ন। গত মাসে নিজেদের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনে হামলার ক্ষতির পর সৌদি আরব তেল উৎপাদন বাড়ায় এবং লোহিত সাগরের তীরে ইয়ানবু বন্দর থেকে রপ্তানির গতি ত্বরান্বিত করে। ভারতীয় শোধনাগার সূত্রের খবর, পরিবহণ বা ফ্রেট খরচ বেশি হওয়ায় তা পুষিয়ে দিতে অপরিশোধিত তেলে ছাড় দিয়েছে সৌদি আরব। এর ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের উৎপাদক এবং রাশিয়ার তুলনায় সৌদির তেল আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে।
অক্টোবরে ভারতের তেল আমদানি
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ভারতের মোট তেল আমদানি রেকর্ড দৈনিক ৫৫ লক্ষ ৮০ হাজার ব্যারেলে পৌঁছেছে। সেপ্টেম্বরের তুলনায় তা ৪.৭ শতাংশ এবং আগের বছরের একই সময়ের চেয়ে ৬.৯ শতাংশ বেশি। রাশিয়া থেকে তেল আমদানি সেপ্টেম্বরের তুলনায় ৩.৫ শতাংশ বেড়ে দৈনিক ১৮ লক্ষ ৫০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে, যা ভারতের মোট আমদানির প্রায় এক-তৃতীয়াংশ। ফেব্রুয়ারির শেষে ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহে বাধা তৈরি হওয়ার পর ভারতীয় শোধনাগারগুলো রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছিল।
এপ্রিলের পর ইউএই থেকে আমদানিতে গতি
যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতে বিঘ্ন ঘটার পর সৌদি আরব থেকে সরবরাহ ধীর হয়ে গিয়েছিল, কিন্তু এপ্রিলের পর ইউএই থেকে আমদানিতে দ্রুত ঘুরে দাঁড়ানোর ছবি দেখা যায়। ওপেক থেকে বেরিয়ে আসার পর হরমুজ প্রণালীর বাইরে জাহাজে জাহাজে তেল স্থানান্তর বা শিপ-টু-শিপ ট্রান্সফার শুরু করে ইউএই। ভারতসহ বড় বাজারগুলোর চাহিদার বড় অংশ দখল করতে জাহাজের একটি বহর ব্যবহার করে তারা।
কী বলছে পরিসংখ্যান?
উপসাগরীয় অঞ্চলের এই দুই উৎপাদকের রপ্তানি বাড়ানোর চেষ্টায় বাজার দখলের লড়াই আরও তীব্র হয়েছে, বিশেষ করে এশিয়ার বড় বাজারগুলোতে। এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে ভারত ইউএই থেকে গড়ে দৈনিক ৭ লক্ষ ৪১ হাজার ৪০০ ব্যারেল তেল আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৪১.৮ শতাংশ বেশি। বিপরীতে সৌদি আরব থেকে তেল কেনা ১৮.৪ শতাংশ কমে দৈনিক প্রায় ৪ লক্ষ ৮৪ হাজার ১০০ ব্যারেলে নেমে এসেছে।