অখিলেশের রোড শোয়ে জেসিবি-র ধাক্কায় কিশোরের মৃত্যু! ৬ নামজাদসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা, তোপ রাজভরের

গোরখপুরে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের রোড শো চলাকালীন বুধবার বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। অখিলেশকে অভ্যর্থনা জানাতে আসা একটি জেসিবি-র ধাক্কায় ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ ৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গাড়ি চালানোয় গাফিলতি এবং তার জেরে মৃত্যুর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও চরমে উঠেছে। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর অখিলেশ যাদবকে তীব্র নিশানা করে এই ঘটনায় খুনের মামলা চালানোর দাবি তুলেছেন।
রাজভর সরাসরি অভিযোগ করে বলেন, গোরখপুরে অখিলেশের সঙ্গীদের হাতেই ১৪ বছরের এক নিষ্পাপ কিশোর প্রাণ হারিয়েছে। তাঁর দাবি, এই ঘটনায় অখিলেশ দুঃখ বা সমবেদনা কিছুই প্রকাশ করেননি, অথচ স্বাধীনতা সংগ্রামীদের জাতি খুঁজতে তাঁর সময় মিলে গিয়েছে। রাজভরের কটাক্ষ, এটাই তাঁর উদ্ধত রাজনীতি।
‘বুলডোজার সবার দ্বারা সামলানো যায় না বন্ধু’— রাজভর
উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী ওম প্রকাশ রাজভর সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে অখিলেশ যাদবের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি লেখেন, গোরখপুরে গিয়ে অপমানিত হয়ে এলেন? রাস্তায় তাণ্ডব চালিয়ে নিলেন? সেই তাণ্ডবের মাঝেই গোরখপুরে এক নিষ্পাপ প্রাণ চলে গেল। রাস্তায় হুল্লোড় করা কর্মীদের কারণেই ১৪ বছরের কিশোরকে জীবন দিতে হল। রোড শোয়ে থাকা বুলডোজারের ধাক্কাই আর্যবর্ধনের প্রাণ কেড়েছে বলে দাবি করেন তিনি।
১৪ বছরের আর্যবর্ধনের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি জানান রাজভর। পাশাপাশি তাঁর মন্তব্য, বুলডোজার সবার দ্বারা সামলানো যায় না বন্ধু; গোটা রাজ্য জানে, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও উদ্ধত আচরণ ছাড়া আর কিছু করার ক্ষমতা তাঁদের নেই।
‘সঙ্গ ছাড়ুন, নইলে ছাব্বিশে সর্বনাশ নিশ্চিত’
নিজের পোস্টে অখিলেশকে সঙ্গ বদলানোরও পরামর্শ দেন ওম প্রকাশ রাজভর। তিনি লেখেন, গোরখপুরে গেলেও মহাযোগী গুরু গোরক্ষনাথের মন্দিরে যাননি তিনি। অন্তত গীতা প্রেসে গিয়ে একটি ভগবদ্গীতা কিনলেও সদ্বুদ্ধি মিলত। কিন্তু তাঁর ফুরসত নেই বলে কটাক্ষ করেন রাজভর। চৌরিচৌরার কাছে তরকুলহি মাইয়ের মন্দিরেও মাথা ঠোকার পরামর্শ দেন তিনি।
রাজভরের আরও অভিযোগ, নির্দিষ্ট শ্রেণিকে অসন্তুষ্ট করার ভয়েই এমন অবস্থান নেওয়া হচ্ছে। বন্ধুর মতো বোঝাতে গেলে গায়ে জ্বালা ধরে বলেও দাবি করেন তিনি। বারবার সতর্ক করে রাজভর বলেন, খারাপ সঙ্গ ছেড়ে বয়স্কদের কাছ থেকে জ্ঞান নেওয়া উচিত, তা না হলে ২০২৭-এর নির্বাচনে সর্বনাশ নিশ্চিত।