‘মান আজও ভালো, কিন্তু…’ ভোটের আগে বেফাঁস শবিন্দর মহল! ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে বিস্ফোরক মলকিত রৌনি

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে টিভি৯-এর উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘সত্তা সম্মেলন’-এ অংশ নিলেন পাঞ্জাবি সিনেমার তিন পরিচিত ও প্রবীণ মুখ— মলকিত রৌনি, শবিন্দর মহল এবং গুরপ্রীত কৌর ভঙ্গু। বহু পাঞ্জাবি ছবির পাশাপাশি হিন্দি সিনেমাতেও নিজেদের অভিনয়ের ছাপ রেখেছেন তাঁরা। আলোচনার শুরুতেই মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের কাজকর্ম নিয়ে খোলামেলা মতামত দেন এই তিন তারকা।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিয়ে প্রশ্ন করা হলে শবিন্দর মহল বলেন, যে মানুষ আগে ভালো হন, তাঁর মতে শেষেও তিনি ভালোই থাকেন। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যাতে মানুষ তাতে আটকে পড়ে, ঠিক যেমন চক্রব্যূহে আটকে যায়। তাঁর চোখে মান কালও ভালো ছিলেন, আজও ভালো আছেন।

ভগবন্ত মানের কাজ নিয়ে কী বললেন?

ভগবন্ত মানের সঙ্গে কাজ করা ও সময় কাটানোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শবিন্দর মহল। তিনি জানান, বর্তমান সময়ের অনেক শিল্পীর তুলনায় তাঁর সিনেমার সফর অনেক দীর্ঘ, ১৯৭২ সাল থেকে তিনি এই জগতে রয়েছেন। শুরুর দিকের শিল্পীদের মধ্যে এখনও যাঁরা জীবিত ও সক্রিয়, তাঁদের মধ্যে তিনি এবং বিজয় ট্যান্ডন অন্যতম। সেই সময়েই মানের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন জানিয়ে শবিন্দর বলেন, একটি ছবিতে তিনি নায়ক ছিলেন, ছবির নাম ছিল ‘ম্যায় মা পাঞ্জাব দি’। সেখানে জজ্ঞি এবং ভগবন্ত মান কৌতুক অভিনেতার ভূমিকায় ছিলেন।

‘তাঁর মধ্যে কোনও খামতি দেখিনি’

একটি পাঞ্জাবি প্রবাদ টেনে শবিন্দর মহল বলেন, কারও সঙ্গে পথে চার কদম হাঁটার সুযোগ হলে রাস্তার আন্দাজ পাওয়া যায়, আর কারও সঙ্গে সম্পর্ক হলে সেই মানুষটিকে চেনা যায়। তাঁর কথায়, সেই দিনগুলোতেও ভগবন্ত মান প্রচুর লিখতেন, বিশেষ করে ব্যঙ্গ বা স্যাটায়ারের ঢঙে। বর্তমান জনজীবন ও পরিস্থিতির প্রসঙ্গ টেনে শবিন্দর বলেন, শাসক বা প্রশাসনের বিরুদ্ধেই তাঁর নজর বেশি থাকত। ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত মানের মধ্যে কোনও খামতি চোখে পড়েনি বলে জানান তিনি।

‘উড়তা পাঞ্জাব’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন মলকিত রৌনি

নেশার বিরুদ্ধে সিনেমা তৈরি হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে অভিনেতা মলকিত রৌনি বলেন, এ ধরনের ছবি তৈরি হচ্ছে এবং সেগুলোতে সরকারের প্রচেষ্টাও তুলে ধরা হচ্ছে। তবে ‘উড়তা পাঞ্জাব’ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবি। তাঁর অভিযোগ, পাঞ্জাবকে খাটো করতে এবং খারাপভাবে দেখাতেই ওই সিনেমা বানানো হয়েছিল। যে সময়ের প্রেক্ষাপটে ছবিটি তৈরি, সেই সময়ের পরিসংখ্যান তুলে ধরে মলকিত বলেন, তখনও পাঞ্জাব থেকে মানুষ চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হয়েছেন, খেলাধুলাতেও সাফল্য পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *