১০০ বছরের দাবি, ১০ বছরেই ধস! পাতিয়ালায় খালের ওপর ঝুলছে পণ্যবাহী ট্রাক

একশো বছর টিকবে বলে দাবি করা সেতু মাত্র দশ বছরের মধ্যেই ভেঙে পড়ল। বৃহস্পতিবার সকালে পঞ্জাবের পাতিয়ালা জেলায় ভাকরা খালের ওপর থাকা একটি লোহার সেতু হঠাৎই মাঝখান থেকে ভেঙে যায়। দুর্ঘটনার সময় সেতুটির ওপর দিয়ে দু’টি ভারী পণ্যবাহী ট্রাক পার হচ্ছিল। সেতুর মাঝের অংশ ধসে পড়ায় ট্রাক দু’টি এখন ভাঙা কাঠামোর ওপর বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে।
সকালের ব্যস্ত সময়ে প্রতিদিনের মতোই ওই সেতু দিয়ে যাতায়াত করছিল বিভিন্ন যানবাহন। ঠিক সেই সময় বিকট শব্দ করে লোহার সেতুটি দু’টি ট্রাকের ভার সইতে না পেরে বসে যায়। মুহূর্তের মধ্যে সেতুর মাঝামাঝি অংশ ভেঙে পড়ায় খালের ঠিক ওপর শূন্যে ঝুলতে থাকে ট্রাক দু’টি। প্রাথমিক তথ্যে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে এই দৃশ্য দেখে স্থানীয় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ওই পথে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, সেতুটি খুব পুরনো ছিল না। মাত্র দশ বছর আগে, অর্থাৎ ২০১৬ সালে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই লোহার সেতুর নির্মাণকাজ শেষ হয়েছিল। সেই সময় দাবি করা হয়েছিল, আধুনিক প্রযুক্তিতে তৈরি এই সেতুর আয়ু অন্তত একশো বছর। কিন্তু বাস্তবে একশো বছর তো দূরের কথা, নির্ধারিত আয়ুর দশ ভাগের এক ভাগ সময়ও পার করতে পারল না সেতুটি। দশ বছর পূর্ণ হওয়ার আগেই এমনভাবে সেতু ধসে পড়ায় নির্মাণের মান এবং রক্ষণাবেক্ষণ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রী, সবারই অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এত অল্প সময়ে সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। কর্তৃপক্ষের নজরদারি এবং পরিকাঠামোর স্থায়িত্ব নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পাতিয়ালা জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। সেতুর ভাঙা অংশে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা ট্রাক দু’টিকে নিরাপদে তোলার কাজ শুরু হয়েছে। নিচে ভাকরা খালের গভীর জল থাকায় উদ্ধারকাজ বেশ জটিল হয়ে উঠেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বড় ক্রেন এনে ট্রাক দু’টিকে টেনে তোলার চেষ্টা চলছে, যাতে সেগুলি খালের জলে পড়ে না যায়।
নিরাপত্তার স্বার্থে সেতুর দু’দিকের রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কী কারণে এবং কার গাফিলতিতে দশ বছরের মাথায় এমন মজবুত দাবি করা সেতু ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে পাতিয়ালা জেলা प्रशासन। নির্মাণকাজের গুণমান নিয়ে ওঠা অভিযোগগুলোও তদন্তের আওতায় থাকছে বলে জানা গেছে।