ভারতে বিবিসিকে নিষিদ্ধের আবেদন খারিজ, জানিয়ে দিলো সুপ্রিমকোর্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কিত বিবিসির তথ্যচিত্র ‘দ্য মোদী কোয়েশ্চেন’ নিয়ে বিতর্ক চলছেই। বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শীর্ষ আদালত হিন্দু সেনার সেই মামলা খারিজ করে দিলো। বিচারপতি সঞ্জীব খান্না ও এমএম সুন্দরেশের বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভুল ধারণাকে ভিত্তি করে এই মামলা করা হয়েছিল।

জানা গেছে, হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্তা মামলাটি করেছিলেন। এদিন সেটি খারিজ করার সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, কী করে একটি তথ্যচিত্র দেশে প্রভাব ফেলতে পারে?

আবেদনকারীদের আইনজীবী পিঙ্কি আনন্দ সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছিলেন, এই তথ্যচিত্রে ইচ্ছাকৃতভাবে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে। এই তথ্যচিত্রের পিছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে, এই দাবি করে শীর্ষ আদালতকে এবিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল।

কিন্তু শুক্রবার মামলাটি খারিজ করার সময় বিচারপতিরা বলেন, এই আবেদন একেবারেই ভুল ধারণা থেকে করা। সুপ্রিম কোর্ট কীভাবে এই ধরনের নির্দেশ দিতে পারে?

হিন্দু সেনার সমর্থকরা নয়াদিল্লির কস্তুরবা গান্ধী মার্গে অবস্থিত বিবিসির দপ্তরের সামনে পোস্টার লাগিয়েও এই দাবি তুলেছিল আগে।

বিষ্ণু গুপ্তা জানিয়েছিলেন, বিবিসি এই দেশের ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক। বিবিসিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

সম্প্রতি গুজরাট দাঙ্গায় মোদীর ভূমিকা নিয়ে ওই তথ্যচিত্রটি প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এরপরই ভারতজুড়ে তোলপার শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *