ইট-ডিমবৃষ্টি থেকে চকোলেট বোমা! বইয়ের স্টল দেওয়াকে কেন্দ্র করে কীভাবে রণক্ষেত্র হয়ে উঠল বইপাড়া?

ফুটছে কলেজ স্ট্রিট! বইয়ের শহর কলকাতার চেনা বইপাড়ায় ফের ধুন্ধুমার কাণ্ড। বইয়ের স্টল দেওয়াকে কেন্দ্র করে এসএফআই (SFI) এবং এবিভিপি (ABVP)-র রক্তক্ষয়ী ও তীব্র সংঘর্ষে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দফায় দফায় রণক্ষেত্র হয়ে উঠেছে গোটা কলেজ চত্বর। রাস্তার একদিকে এসএফআই, অন্যদিকে এবিভিপি আর মাঝখানে অসহায় পুলিশ—সবমিলিয়ে চরম উত্তেজনার সাক্ষী থাকল বিদ্যাসাগরের পাড়া।

মঙ্গলবার থেকে শুরু ঘটনার সূত্রপাত

এই পুরো গোলমালের সূত্রপাত হয় মঙ্গলবার। সেদিন এসএফিপির পক্ষ থেকে কলেজ স্ট্রিটে বুক স্টল দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের তুমুল বচসা বাধে। পুলিশের স্পষ্ট বক্তব্য ছিল, বুক স্টল করার জন্য লালবাজারের কোনো ধরনের অনুমতি তাঁদের কাছে নেই। এরপরই প্রায় ৫০ জন কর্মী-সমর্থককে জোর করে লালবাজারে আটক করে নিয়ে যায় পুলিশ এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁরা সেখানেই আটক ছিলেন।

পরবর্তীতে পুলিশের কাছ থেকে রাতেই শর্ত সাপেক্ষে অনুমতি আদায় করে নেয় এসএফআই। পুলিশ শর্ত দেয় যে, কলেজ চত্বরে কোনো রকম স্থায়ী স্টল করা যাবে না। কিন্তু বুধবার সকালেই সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। এসএফআইয়ের পালটা হিসেবে এবিভিপিও সেখানে বুকস্টল দেওয়ার চেষ্টা করলে শুরু হয় তুমুল অশান্তি।

বুধবার সকালে চরমে ওঠে উত্তেজনা

বুধবার সকালে এবিভিপি কর্মীরা এসএফআইয়ের পালটা বুকস্টল দিতে রাস্তায় নামলে পুলিশের সঙ্গে তাদের তীব্র বচসা ও ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা একেবারে চরমে পৌঁছায়। দুপুরের দিকে এসএফআইয়ের সেই বুক স্টলে এসে পৌঁছন বাম নেতা বিমান বসু ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁরা স্টল ঘুরে দেখেন এবং এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

তবে বিমান বসু যখন কথা বলছিলেন, ঠিক সেই সময়ই ঠিক পাশেই থাকা এবিভিপির বুক স্টল থেকে স্লোগান উঠতে শুরু করে। এরপর বিমান বসু যখন গাড়ি চড়ে রওনা দেওয়ার চেষ্টা করেন, তখন তাঁর ঠিক সামনে এসে বিক্ষোভ দেখান এবিভিপির সমর্থকরা। হাততালি দিতে দিতে “গো ব্যাক, গো ব্যাক, বিমান বসু গো ব্যাক” এবং “পালিয়েছে, পালিয়েছে, বিমান বোস পালিয়েছে”—এই ধরনের স্লোগানে চারপাশ উত্তাল করে তোলা হয়।

সন্ধে নামতেই রণক্ষেত্রের রূপ নেয় বইপাড়া

দিনের বেলা পরিস্থিতি কিছুটা স্তিমিত হলেও সন্ধ্যার সময় তা আরও বেশি ভয়ঙ্কর রূপ নেয়। পুলিশের সামনেই প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এসএফআই ও এবিভিপির সংঘর্ষে মুহূর্তের মধ্যে গোটা বইপাড়া অবরুদ্ধ হয়ে পড়ে। অভিযোগ ওঠে, প্রথমে এসএফআই সমর্থকেরা এবিভিপির দিকে ইট-পাথর ছুড়তে শুরু করে। আর তার প্রত্যুত্তরে এবিভিপির তরফ থেকেও এসএফআইয়ের দিকে চকোলেট বোমা ও ডিম ছোড়া হয়। দুই পক্ষের ইট, ঢিল ও চেয়ার ছোড়াছুড়িতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ পথচারী ও বইপ্রেমীদের মধ্যে।

এবিভিপির এক সমর্থক বুকস্টল দেওয়া প্রসঙ্গে সাফাই দিয়ে জানান, “যতক্ষণ না ওদের অবৈধ বুকস্টল উঠছে, ততক্ষণ আমরা এখানে বসে থাকব। আমরা জাতীয়তাবাদী বুকস্টল দিচ্ছি। এই বাংলাতে কোনো দেশবিরোধী বই চলতে পারে না। আমরা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দর বই এনেছি।”

পাল্টা ক্ষোভ উগরে দিয়ে এসএফআইয়ের এক প্রতিনিধি বলেন, “ওদের কাজই হলো সবসময় বাওয়াল পাকানো আর বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমাদের কাছে গতকালও বুকস্টলের অনুমতি ছিল। আজ যৌথ সিপি-র সঙ্গে কথা বলেই আমরা এই স্টল করেছি।” সবমিলিয়ে, বইয়ের চত্বরে রাজনৈতিক সংঘর্ষের এই রক্তক্ষয়ী ছবি ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *