রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পেলেন, এবার রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত কোন প্রতিভাবান শিল্পী?

দৃষ্টিহীনতাকে কেবল আটকে থাকা নয়, বরং অদম্য ইচ্ছাশক্তি ও সাধনার জোরে জয় করার এক রূপকথা বললে কম বলা হয়। কেরলের ভাইকমের বাসিন্দা, ভারতের প্রখ্যাত প্লেব্যাক সিঙ্গার, কর্ণাটকী সঙ্গীতজ্ঞ এবং যন্ত্রশিল্পী ভাইকম বিজয়লক্ষ্মী আজ গোটা দেশের সংগীতপ্রেমীদের কাছে এক অনুপ্রেরণার নাম। তাঁর স্বতন্ত্র কণ্ঠস্বর, অসামান্য সঙ্গীত প্রতিভা এবং অভিনব একতারার বৈদ্যুতিক বাদ্যযন্ত্র ‘গায়ত্রী বীণা’-য় অসামান্য দক্ষতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর সঙ্গীতের প্রতি ভালোবাসা সমস্ত ভাষার গণ্ডি অতিক্রম করে। যাঁরা গানের কথা বোঝেন না, তাঁরাও তাঁর গায়কী এবং আত্মিক পরিবেশনায় মুগ্ধ না হয়ে পারেন না। অধ্যাবসায়, উদ্ভাবনী শক্তি এবং শিল্পের প্রতি তাঁর এই অবিচল নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সোমবার এক বিশেষ অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতি বিভাগে মর্যাদাপূর্ণ ‘রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সম্মানিত করা হলো বিজয়লক্ষ্মীকে।

‘ঈশ্বরের উপহার’ এই সম্মান

এর আগে ২০২৪ সালের আলোচিত মালয়ালম ছবি ‘অজয়ন্তে রন্দম মোশনম’ (ARM)-এর জনপ্রিয় গান ‘আঙ্গু ভানা কোনিলু’-র সুবাদে সেরা ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার অর্জনের রেশ কাটতে না কাটতেই এল এই বিরাট সম্মাননা। ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সি বিজয়লক্ষ্মী অকপটে জানান, তিনি যে রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাবেন, তা তিনি বিন্দুমাত্র আশা করেননি এবং এই প্রাপ্তি তাঁর কাছে আক্ষরিক অর্থেই ‘ঈশ্বরের আশীর্বাদ’।

পুরস্কার প্রাপ্তির পর আবেগপ্রবণ হয়ে তিনি ঈশ্বর, তাঁর মা-বাবা, গুরু এবং রামোজি গ্রুপকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রয়াত রামোজি রাওয়ের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। নিজের বর্ণময় সঙ্গীত জীবন ও শৈশবের স্মৃতিচারণ করে বিজয়লক্ষ্মী জানান, মাত্র দেড় বছর বয়স থেকেই তিনি গান গাইতে শুরু করেছিলেন এবং মাত্র ৫ বছর বয়সে তিনি প্রথম মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন।

ইউসুদাসের ভবিষ্যৎবাণী ও কেরিয়ারের মোড় ঘোরানো মুহূর্ত

সেদিনের স্মৃতি রোমন্থন করে শিল্পী বলেন, “আমি কেরলের ভাইকমের উদয়নাপুরম চাটানকুড়ি দেবী মন্দিরে গান গেয়েছিলাম। মঞ্চে ওঠার আগে আমি কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কে জে ইউসুদাসকে গুরুদক্ষিণা অর্পণ করেছিলাম।” দর্শকাসনে উপস্থিত থেকে সেই বিস্ময় বালিকার কণ্ঠে টানা প্রায় দু’ঘণ্টা ধরে জটিল ‘তোড়ি’ রাগ শোনেন খোদ ইউসুদাস। মুগ্ধ হয়ে তিনি তাঁকে আশীর্বাদ করেছিলেন এবং নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এই বালিকাই একদিন বড় হয়ে এক প্রতিথযশা ও মহান সঙ্গীতশিল্পী হয়ে উঠবে।

পরবর্তীকালে ২০১৩ সালের মালয়ালম ছবি ‘সেলুলয়েড’-এর কালজয়ী গান ‘কাট্টে কাট্টে’-র মাধ্যমে বিজয়লক্ষ্মী মালয়ালম চলচ্চিত্র জগতে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। আর ওই একটি গানই তাঁর কেরিয়ারের মোড় চিরতরে ঘুরিয়ে দেয়। এর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি; একের পর এক মালয়ালম ও তামিল ছবিতে কাজ করার সুযোগ পান এবং তাঁর স্বতন্ত্র কণ্ঠশৈলীর সুবাদে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

খেলনা বীণা থেকে ‘গায়ত্রী বীণা’ তৈরির ইতিকথা

গান গাওয়ার পাশাপাশি ছোটবেলা থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর প্রতিও এক গভীর আগ্রহ তৈরি হয়েছিল বিজয়লক্ষ্মীর। এই প্রসঙ্গে তিনি ইটিভি ভারতকে বলেন, “আমার বাদ্যযন্ত্রের যাত্রা শুরু হয়েছিল একটি খেলনা বীণা দিয়ে, যা তৈরি করেছিল বিনোদ, আমার ভাইয়ের মতো এক আপনজন। ও কেবল একটা প্লাস্টিকের বোতল আর তার ব্যবহার করে নিজেই ওটা তৈরি করে আমাকে উপহার দিয়েছিল। সেই সাধারণ যন্ত্রেই আমি ধীরে ধীরে সঙ্গীতের সাতটি মৌলিক সুর শিখেছিলাম এবং পরবর্তীতে চলচ্চিত্রের গান ও ভক্তিমূলক সঙ্গীত বাজাতে শুরু করি।”

১৯৯৭ সালে বিজয়লক্ষ্মী রাজ্য স্কুল উৎসবে শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর জীবনের প্রথম পুরস্কার জেতেন। তাঁর স্পষ্ট মনে আছে, সেই ট্রফির পাশাপাশি তাঁকে একটি ‘গায়ত্রী তম্বুরা’ উপহার দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তাঁর বাবা ভি. মুরলীধরন সেই প্রথাগত তম্বুরাকে পাল্টে একটি একতারা বিশিষ্ট বৈদ্যুতিক বাদ্যযন্ত্রে রূপান্তরিত করেন, যাতে তাঁর দৃষ্টিহীন মেয়ে স্বাচ্ছন্দ্যে সেটি বাজাতে পারেন। আর এই অনন্য যন্ত্রটির নাম দেন প্রখ্যাত বেহালাবাদক কুন্নাকুড়ি বৈদ্যনাথন—‘গায়ত্রী বীণা’।

বিজয়লক্ষ্মী গর্বের সঙ্গে বলেন, “বাবা আরও এক ধাপ এগিয়ে কেবল আমার জন্যই একটি বিশেষ ইলেকট্রনিক বীণা তৈরি করেন। বাবার তৈরি সেই যন্ত্রেই ২০১৭ সালে টানা সাড়ে ছয় ঘণ্টা একটানা বাদ্যযন্ত্র বাজিয়ে আমি বিশ্ব রেকর্ড গড়েছিলাম।” বছরের পর বছর কঠোর সাধনা ও অনুশীলনের মাধ্যমে তিনি গায়ত্রী বীণায় পরম দক্ষতা অর্জন করেন এবং এর মাধ্যমে কর্ণাটকী, হিন্দুস্তানি, ভক্তিমূলক, উপ-শাস্ত্রীয় এবং চলচ্চিত্রের গানসহ নানা ধরনের সঙ্গীত পরিবেশনে মুন্সিয়ানা দেখিয়েছেন। এত ব্যতিক্রমী যন্ত্রের মাধ্যমে এমন বিস্তৃত সঙ্গীত ভাণ্ডার পরিবেশন করার এই ক্ষমতা তাঁর অন্যতম প্রধান শৈল্পিক সাফল্যে পরিণত হয়েছে।

জাতীয় পুরস্কারের স্মৃতি ও তরুণ প্রজন্মের জন্য বার্তা

জাতীয় পুরস্কার জয়কে নিজের জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে অভিহিত করে বিজয়লক্ষ্মী জানান, “রাষ্ট্রপদী দ্রৌপদী মুর্মু যখন পরম আদরে আমার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন, সেই সোনালী মুহূর্তটি আমি জীবনের শেষ দিন পর্যন্ত ভুলব না।” জাতীয় পুরস্কার পাওয়ার কোনো পূর্ব প্রত্যাশা ছিল কি না, এই প্রশ্নের জবাবে তিনি জানান যে তাঁর মনে কোথাও একটা আশা ছিল, কারণ তাঁর মা-বাবা, সঙ্গীত পরিচালক ধিবু নিনান থমাস এবং পরিচালক জিতিন লালসহ প্রত্যেকেই তাঁর পরিবেশনার ভূয়সী প্রশংসা করেছিলেন।

আজকের উদীয়মান গায়ক-গায়িকা এবং যারা সঙ্গীতকে নিজেদের পেশা বা জীবন হিসেবে বেছে নিতে চান, তাঁদের উদ্দেশে এই গুণী শিল্পীর পরামর্শ—সঙ্গীত কোনো অবসর বিনোদন বা সাধারণ শখ নয়; এটি একটি গভীর আধ্যাত্মিক সাধনা, যাকে এককথায় ‘উপাসনা’ বলা চলে। তাঁর মতে, “শিল্প হলো ঈশ্বরের দেওয়া একটি ঐশ্বরিক উপহার। গান গাওয়া, বাদ্যযন্ত্র বাজানো, ছবি আঁকা বা নাচ—আপনার পছন্দের পথ যা-ই হোক না কেন, সৃজনশীল প্রকাশের প্রতিটি মাধ্যমই একটি পবিত্র আশীর্বাদ।”

তাঁর কাছে সঙ্গীত মানেই এমন এক আরাধনা, যা জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সঙ্গে থেকে যায়। বিজয়লক্ষ্মীর সাফ কথা, “সঙ্গীত কেবল একটি সাধারণ কেরিয়ারের চেয়েও অনেক বেশি কিছু। আপনি যদি এটিকে নিছক চাকরি বা রুজিরুটির মাধ্যম হিসেবে দেখেন, তবে আপনি এর প্রকৃত সম্ভাবনাকে সীমিত করে ফেলবেন। তার বদলে ‘নিষ্কাম ভক্তি’ অর্থাৎ সম্পূর্ণ নিঃস্বার্থ নিষ্ঠার সঙ্গেই এর প্রকৃত সাধনা করুন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *