‘সবকটাকে গ্রেপ্তার করুন, কাউকে ছাড়ব না!’ খগেন মুর্মু কাণ্ড রিওপেন করার হুঙ্কার শুভেন্দুর

বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ‘বামেদের অপরাধের ফাইল’ খোলার হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতেই এবার আরও এক বিস্ফোরক হুঙ্কার শোনা গেল তাঁর মুখে। বুধবার আলিপুরদুয়ারের রায়ডাকের গল্ফ কোর্স মাঠে আয়োজিত ‘জনজাতীয় গৌরব দিবস’-এর মঞ্চ থেকে সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনা নতুন করে তদন্তের নির্দেশ বা ‘রিওপেন’ করার কথা ঘোষণা করলেন শুভেন্দু। একই সঙ্গে আদিবাসী উন্নয়ন ও চা বাগান সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়েও রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি।
কী ঘটেছিল খগেন মুর্মুর সঙ্গে?
গত বছরের অক্টোবরে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। বিশেষ করে নাগরাকাটার বামনডাঙা গ্রাম চরম ক্ষতির মুখে পড়ে। সেই দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েই স্থানীয় বিজেপি সাংসদ খগেন মুর্মু দুষ্কৃতী হামলার শিকার হন। অভিযোগ ওঠে, তাঁর ওপর পাথর ছুড়ে প্রাণে মারার চেষ্টা করা হয় এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে সেখান থেকে সরে আসতে বাধ্য করা হয়। বিজেপির পক্ষ থেকে সেই সময়ই অভিযোগ তোলা হয়েছিল যে, সম্পূর্ণ শাসকদল তৃণমূলের মদতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছিল।
যদিও সেই ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করেছিল, তবে এফআইআর (FIR)-এ নাম থাকা মূল ৮ জন অভিযুক্তকে এখনও পর্যন্ত ধরা হয়নি বলেই অভিযোগ। এই প্রसंगেই এ দিন আলিপুরদুয়ারের মঞ্চ থেকে সরাসরি হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈনকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন, তৃণমূলের লোকেরা তাঁকে পিটিয়েছিল। ওই মামলার তদন্ত রিওপেন করা হবে। সব ক’টাকে গ্রেপ্তার করুন, একজনকেও ছাড়বেন না।’
আদিবাসী উন্নয়ন ও ২৬-এর বিধানসভা প্রসঙ্গ
এ দিনের সভা থেকে ২৬-এর নির্বাচন প্রসঙ্গ টেনে আদিবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শুভেন্দু। তিনি জানান, আদিবাসী অধ্যুষিত ১৬টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা হাত খুলে আমাদের সমর্থন করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।’ পাশাপাশি, আদিবাসীদের জন্য সরকারি ভাতা এবং স্পেশাল রেশন প্যাকেজের খতিয়ান তুলে ধরে তিনি আশ্বাস দেন যে চা বাগানগুলির দীর্ঘদিনের সমস্যাও দ্রুত সমাধান করা হবে।
হস্টেল পরিদর্শন ও পডুয়াদের সঙ্গে বার্তালাপ
সভা শুরুর আগে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের লোকনাথপুর আশ্রম হস্টেলে আচমকাই পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। আদিবাসী পড়ুয়াদের থাকা-খাওয়ার মাসিক ভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে এবং তাঁরা সেই বর্ধিত সুযোগ ঠিকঠাক পাচ্ছেন কি না, তা নিজে খতিয়ে দেখেন তিনি। আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সভামঞ্চ থেকে পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে খাবার নিয়ে প্রশ্ন করেন। ছাত্রীর ইতিবাচক জবাবে রসিকতা করে তিনি এও বলেন, ‘পাশ থেকে কেউ শিখিয়ে দিচ্ছে না তো?’ এছাড়া ভার্চুয়ালি রাজ্যের ৩২৪টি আদিবাসী হস্টেল কর্তৃপক্ষের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক সারেন তিনি।