‘ইউটিউব চ্যানেল ছিনতাই হয়েছে, টাকাও দিচ্ছে না!’-কোন হালে দিন কাটাচ্ছেন ভাইরাল বাদাম কাকু?

‘কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন তৈরি করেছিলেন বীরভূমের দুবরাজপুর থানার কুড়ালজুরি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। সাধারণ মানুষের মুখে মুখে তাঁকে সবাই ‘বাদাম কাকু’ নামেই চেনে। একটা সময় তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে, ছোট থেকে বড়—সকলেই তাঁর গানে মেতেছিলেন। কিন্তু বর্তমানে প্রচারের আলো থেকে দূরে কোথায় হারিয়ে গেলেন তিনি? এখনও কি আগের মতো গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও সংগ্রামের কথা খোলামেলা জানিয়েছেন ভুবন বাদ্যকর।

ভাইরাল হওয়ার পর ভুবন বাবু বিভিন্ন জায়গায় স্টেজ শো ও যাত্রাপালায় অংশ নেওয়া শুরু করেছিলেন। তবে সেই অভিজ্ঞতা যে খুব একটা সুখের হয়নি, তা তাঁর কথাতেই স্পষ্ট। ভুবন বলেন, ‘মাঝে যাত্রাপালায় অভিনয় করতাম, কিন্তু সেখানে কাজ করিয়ে ঠিকমতো টাকা দিচ্ছিল না। এখনও আমার প্রায় ৬৭ হাজার টাকা বকেয়া রয়ে গেছে। সেই কারণে আমি আর যাত্রাপালা করি না।’

বর্তমানে তাঁর আয়ের উৎস সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, এখন বিভিন্ন জায়গায় ফেসবুক মিটআপের আয়োজন করা হলে সেখানে ডাক পেলে তিনি যান। সেখান থেকে যা সামান্য উপার্জন হয়, তা দিয়েই কোনোমতে সংসার টানছেন তিনি। এছাড়া মাঝেমাঝে কোনো কীর্তন বা বাউল গানের দল ডাকলে সেখানেও অংশ নেন। এমনকি কিছুদিন আগে ৭৫ হাজার টাকা ঋণ নিয়ে ছেলে মনোজকে একটি টোটো কিনে দিয়েছেন তিনি।

ইউটিউব চ্যানেল ‘দখল’ ও আইনি লড়াই

নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইউটিউবে চ্যানেল খুললেও তা নিয়ে চরম বিপাকে পড়েছেন ভুবন বাদ্যকর। তাঁর আক্ষেপ, তাঁর দেড় লক্ষ সাবস্ক্রাইবারের মূল ইউটিউব চ্যানেলটি অন্য এক ব্যক্তি নিজের নামে করে নিয়েছেন। বর্তমানে সেই বিষয়টি নিয়ে আইনি মামলাও চলছে। চ্যানেলের নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত তিনি আর নতুন কোনো গান বাঁধছেন বা আপলোড করছেন না। তবে তাঁর ছেলে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন এবং টুকিটাকি পোস্ট করেন।

এখন কি আর বাদাম বিক্রি করেন?

‘পায়ের তোড়া, হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চেন…’— যে বাদাম বিক্রির সুরে তিনি সারা দেশকে মাতিয়েছিলেন, তার বর্তমান অবস্থা কী? এই প্রশ্ন করা হলে মৃদু হেসে ভুবন বাদ্যকর জানান, এখন আর তাঁকে আগের মতো গ্রামে গ্রামে সাইকেল বা ভ্যানে করে ঘুরে বাদাম বিক্রি করতে হয় না। তবে হ্যাঁ, যদি কেউ নিজ দায়িত্বে তাঁর বাড়ি এসে বাদাম অর্ডার করেন, তবে তাঁদের জন্য তিনি বিশেষভাবে বাদাম আনিয়ে দেন। একসময়ের ভাইরাল তারকা ভুবন বাদ্যকরের এমন সাধারণ ও লড়াইয়ের জীবন দেখে আজও আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *