৭৯৮ সিসির নতুন ইঞ্জিন ও আধুনিক ফিচারে বাজার কাঁপাতে হাজির 2027 Triumph Street Triple!

আরও শক্তিশালী ইঞ্জিন, সম্পূর্ণ নতুন চ্যাসিস এবং একগুচ্ছ আধুনিক প্রযুক্তির ফিচার নিয়ে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো ২০২৭ Triumph Street Triple 798 RS। নতুন এই প্রিমিয়াম স্ট্রিটফাইটারের এক্স-শোরুম দাম দিল্লিতে রাখা হয়েছে ১৪,৩৯,০০০ টাকা। আগের Street Triple 765 RS মডেলের তুলনায় নতুন এই বাইকে ইঞ্জিনের ক্ষমতা ও ডিসপ্লেসমেন্ট যেমন বাড়ানো হয়েছে, তেমনই ওজন কমানো, উন্নত সাসপেনশন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ফিচার যুক্ত করে বাইকটিকে আরও বেশি পারফরম্যান্স-কেন্দ্রিক করে তুলেছে ব্রিটিশ প্রস্তুতকারক সংস্থা ট্রাম্প।
৭৯৮ সিসির নতুন ইঞ্জিন ও অসাধারণ শক্তি
নতুন Street Triple 798 RS-এর সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পরিবর্তন লুকিয়ে রয়েছে এর ইঞ্জিনে। আগের ৭৬৫ সিসির পরিবর্তে এবার এতে দেওয়া হয়েছে ৭৯৮ সিসির থ্রি-সিলিন্ডার ইঞ্জিন। অর্থাৎ, ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ৩৩ সিসি বৃদ্ধি পেয়েছে। ইঞ্জিনের অভ্যন্তরীণ বিভিন্ন অংশে বড় ধরনের পরিবর্তন এনেছে সংস্থা। এর ফলে নতুন মডেলটি ১১,৫০০ rpm-এ সর্বোচ্চ ১৩৫ PS শক্তি এবং ৯,২৫০ rpm-A ৮৬ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। তুলনায় আগের মডেলে ১৩০ PS শক্তি এবং ৮০ Nm টর্ক পাওয়া যেত।
ইঞ্জিনের সঙ্গে নিখুঁত পারফরম্যান্সের জন্য রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং বাই-ডিরেকশনাল কুইকশিফটার। ফলে ক্লাচ ব্যবহার না করেই অত্যন্ত মসৃণভাবে গিয়ার আপ ও ডাউন করা সম্ভব। সবচেয়ে বড় কথা, নতুন বাইকটির ওজন মাত্র ১৮৩ কেজি, যা আগের মডেলের তুলনায় ৪-৫ কেজি কম। এই অতিরিক্ত শক্তি এবং হালকা ওজনের দুর্দান্ত সমন্বয় বাইকের ত্বরণ ও হ্যান্ডলিংয়ে অভাবনীয় উন্নতি ঘটিয়েছে।
আগ্রাসী ডিজাইন ও আকর্ষণীয় রঙের বিকল্প
বাইকটির সামগ্রিক সিলুয়েট আগের চেনা ছাঁদেই রাখা হলেও এর সামনের অংশে বেশ কিছু নজরকাড়া পরিবর্তন আনা হয়েছে। Street Triple-এর জনপ্রিয় বাগ-আই হেডলাইট ডিজাইন বজায় রেখেই এবার দুটি চোখের মতো অংশে জুড়ে দেওয়া হয়েছে আকর্ষণীয় LED DRL। মূল হেডলাইট ইউনিটটি বসানো হয়েছে এই দুটির ঠিক মাঝখানে।
সাইড প্রোফাইলে রয়েছে একবারে আগ্রাসী অথচ মিনিমাল লুক। নতুন আন্ডারবেলি এগজস্টে দুই পাশে দুটি করে এগজস্ট আউটলেট রাখা হয়েছে। নতুন সাম্প প্রোটেক্টর বাইকের নীচের অংশকে আরও বেশি পরিপাটি ও আকর্ষণীয় চেহারা দিয়েছে। পিছনের অংশেও এসেছে পরিবর্তন; আলাদা ব্রেক লাইটের পরিবর্তে টার্ন ইন্ডিকেটরের সঙ্গেই আলো সংযুক্ত করা হয়েছে। নতুন Street Triple 798 RS বাজারে পাওয়া যাচ্ছে Carnival Red, Interstellar Blue এবং Sapphire Black—এই তিনটি নজরকাড়া রঙে।
উন্নত Showa ও Öhlins সাসপেনশন এবং Brembo ব্রেকে ভরসা
উচ্চগতির বাইক নিয়ন্ত্রণে হার্ডওয়্যার ও যন্ত্রাংশের ক্ষেত্রে কোনো আপস করেনি ট্রাম্প। সামনে ১২০ মিমি ট্রাভেল-সহ ৪১ মিমি Showa ইনভার্টেড ফর্ক এবং পিছনে ১৩০ মিমি ট্রাভেল-সহ Öhlins STX46 মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে।
নিখুঁত ব্রেকিং নিশ্চিত করতে সামনে রয়েছে দুটি ৩১০ মিমি ডিস্ক এবং Brembo-র ফোর-পিস্টন রেডিয়াল ক্যালিপার। অন্যদিকে পিছনে দেওয়া হয়েছে ২২০ মিমি সিঙ্গল ডিস্ক। বাইকটিতে সামনে ও পিছনে ১৭ ইঞ্চির হালকা অ্যালুমিনিয়াম চাকা ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে রয়েছে উচ্চমানের Pirelli Supercorsa SP V3 টায়ার। বিশেষ করে পিছনের টায়ারের প্রস্থ বাড়িয়ে ১৯০-সেকশন করা হয়েছে, যা নতুন সুইংআর্মের মাধ্যমে বাইককে কর্নারিং করার সময় অসাধারণ গ্রিপ জোগায়। নতুন বাইকের সিটের উচ্চতা ৮৩৬ মিমি এবং ফুয়েল ট্যাঙ্কের ধারণক্ষমতা ১৫ লিটার।
নতুন অ্যালুমিনিয়াম ফ্রেম ও ট্র্যাক-ফোকাসড হ্যান্ডলিং
moto2 রেসিং বাইকের প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে নতুন Street Triple 798 RS-এ সম্পূর্ণ নতুন অ্যালুমিনিয়াম পেরিমিটার ফ্রেম এবং টুইন-সাইডেড অ্যালুমিনিয়াম সুইংআর্ম ব্যবহার করেছে ট্রাম্প। বাইকের রেক অ্যাঙ্গেল কমিয়ে ২৩.১ ডিগ্রি এবং ট্রেল কমে ৯২.৫ মিমি করা হয়েছে। এই সমস্ত কৌশলগত পরিবর্তনের ফলে বাইকটি অত্যন্ত দ্রুত দিক পরিবর্তন করতে এবং যেকোনো তীব্র বাঁকে অবিশ্বাস্য রকমের চটপটে আচরণ করতে সক্ষম।
৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে ও অত্যাধুনিক টেকনোলজি
আধুনিক রাইডারদের চাহিদার কথা মাথায় রেখে বাইকটিতে যুক্ত করা হয়েছে নতুন ৭ ইঞ্চির টাচস্ক্রিন TFT কনসোল। এর মাধ্যমেই ওয়্যারলেস Apple CarPlay এবং Android Auto কানেক্টিভিটি উপভোগ করা যাবে। ফলে রাইডিংয়ের সময় নেভিগেশন, কল ও SMS অ্যালার্ট কিংবা মিউজিক কন্ট্রোল করা জলের মতো সহজ হবে। গ্লাভস পরেও যাতে স্ক্রিন সহজে অপারেট করা যায়, তার জন্য ডিসপ্লেতে একাধিক সেনসিটিভিটি লেভেল রাখা হয়েছে। পাশাপাশি ডিভাইস চার্জিংয়ের জন্য রয়েছে একটি USB Type-C পোর্ট।
নিরাপত্তা ও আরামদায়ক রাইডিংয়ের জন্য বাইকটিতে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল ক্রুজ কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কর্নারিং ABS, এবং ট্র্যাকশন কন্ট্রোল উইথ রিয়ার হুইল স্লাইড কন্ট্রোল। এছাড়াও রয়েছে বিভিন্ন রাইডিং মোড (Eco, Rain, Road, Sport, Track এবং কাস্টমাইজযোগ্য রাইডার মোড)। রাইডারের সুবিধার জন্য হেডলাইটের মধ্যে রয়েছে অ্যাডাপ্টিভ কর্নারিং লাইট, যা নির্দিষ্ট লিন অ্যাঙ্গেলে পৌঁছলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। সবমিলিয়ে, ১৪.৩৯ লক্ষ টাকার এক্স-শোরুম দামে এই সুপারবাইকটি স্পিড ও থ্রিলপ্রেমী বাইকারদের মনে ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত।