যোগী গড়ে হুঙ্কার সপা প্রধানের! উত্তরপ্রদেশের ভোটের আগে আচমকা কোন রাজনৈতিক সমীকরণেল তোলপাড় রাজ্য?

জাতীয় রাজনীতির ময়দানে বহু পুরনো এক প্রবাদ আজও সমানভাবে প্রাসঙ্গিক—‘উত্তরপ্রদেশ যার, দেশ তার’। আর ঠিক আর কিছুদিন পরই হিন্দি হার্টল্যান্ডের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Election 2027)। বিগত এক দশক ধরে উত্তরপ্রদেশ এবং সেখানকার হেভিওয়েট মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেন পরস্পরের সমার্থক হয়ে উঠেছেন। কিন্তু বুধবার খোদ যোগীর নিজস্ব উত্থানভূমি ও দুর্গ বলে পরিচিত গোরক্ষপুরে দাঁড়িয়ে একেবারে পাল্টা শক্তি প্রদর্শন করলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav Gorakhpur PDA Rath Yatra)।
আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন কেবল বিজেপি সরকারের ক্ষমতায় ফেরার লড়াই নয়, বরং ২০২৯ সালের লোকসভা ভোটের আগে মোদী-যোগীর পদ্মশিবিরের কাছে এক প্রকার অত্যন্ত কঠিন লিটমাস পরীক্ষাও বটে। আর এই লড়াইয়ে বিজেপিকে চাপে রাখতে সমাজবাদী পার্টির তৈরি ‘পিডিএ’ (PDA) সমীকরণকে বর্তমানে প্রচারের মূল বর্শাফলক করেছেন অখিলেশ যাদব। আর বুধবার গোরক্ষপুরের বিশালাকার মিছিলে সেই কৌশল ও জনসমর্থন আরও স্পষ্ট হয়ে উঠল।
রাপ্তি এবং রোহিণী নদীর তীরের সুপ্রাচীন গোরক্ষপুর নিছক উত্তর ভারতের আর পাঁচটা সাধারণ শহরের মতো নয়; বরং এটি দীর্ঘকালীন আধ্যাত্মিক ঐতিহ্য এবং আধুনিক ভারতীয় রাজনীতির এক অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। গোরক্ষপুর মঠের মুখ্য মহন্ত হিসেবেই উত্থান ঘটেছিল যোগী আদিত্যনাথের। মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি এই আসন থেকেই পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই কারণেই খোদ যোগীর ঘরের মাঠে অখিলেশের প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রোড শো এবং শক্তি প্রদর্শন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও রাজনীতির কারবারিরা এও ভালো করেই জানেন যে, ভিড়ের আকৃতি মানেই সবসময় তা ভোটবাক্সে নির্ভুলভাবে প্রতিফলিত হয় না।
এরই মাঝে জানা গিয়েছিল, চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরপ্রদেশের আসন্ন ভোটর লড়াই নিয়ে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে প্রাথমিক দফার আসন সমঝোতা ও আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের মধ্যে কিছু একান্ত কথাবার্তার পর সেই রাজ্যস্তরের আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। সাধারণত এই ধরনের স্পর্শকাতর ও হেভিওয়েট নির্বাচনে জোট-আলোচনায় একটা দীর্ঘসূত্রিতা কাজ করে। তবে কংগ্রেস এবং সপা—উভয়পক্ষই চাইছে যে এবারে দরকষাকষিতে যেন আর কোনো অতিরিক্ত সময় নষ্ট না হয়।
অন্যদিকে, বিজেপিও কেবল একক শক্তির আস্ফালনের পথে না হেঁটে শরিকদের ধরে রাখতে বিশেষ জোটের বার্তা দিতে শুরু করেছে। তারা পরিষ্কার বোঝাতে চাইছে যে, এনডিএ (NDA) পরিবারের ঐক্যের ব্যাপারে তারা অত্যন্ত আন্তরিক। সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী মন্তব্য করেছেন যে, বিজেপি আসলে বৃহত্তর এনডিএ পরিবারেরই একটি অবিচ্ছেদ্য অংশ। প্রয়াত নেতা রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসওয়ান অতীতে নানা বিষয়ে এনডিএ শিবিরকে কিছুটা বিড়ম্বনায় ফেললেও, উত্তরপ্রদেশের ক্ষেত্রেও তিনি একলা চলার সুর গেয়ে রেখেছেন। সেই রাজনৈতিক প্রেক্ষাপটে যোগীর এই ঐক্যের বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।
এদিকে বিরোধী শিবিরের অন্দরেও তৈরি হচ্ছে নতুন সমান্তরাল সমীকরণ। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম (AIMIM) এবং নাগিনার সাংসদ চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) হাত মিলিয়ে রাজ্যে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ গঠনের কথা ঘোষণা করেছে। এক যৌথ সাংবাদিক বৈঠক থেকে দুই নেতা জানিয়ে দিয়েছেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের সমস্ত ৪০৩টি আসনেই তাঁদের জোট প্রার্থী দেবে। শুধু তাই নয়, জোটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রশেখর আজাদের নামও প্রকাশ্যে এনেছেন ওয়েসি। দলিত, সংখ্যালঘু, যুবসমাজ, কৃষক এবং সমাজের প্রান্তিক মানুষের অধিকার রক্ষার লড়ায়ে মাঠে নামছে এই নতুন মঞ্চ। উত্তরপ্রদেশের ভোটব্যাঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই স্তম্ভ—দলিত এবং মুসলিম ভোটকে এক ছাতার তলায় আনার লক্ষ্য নিয়ে ময়দানে নামা এই নতুন জোট যে অখিলেশ-কংগ্রেসের কপালে বড় চিন্তার ভাঁজ ফেলবে, তা বলাই বাহুল্য। কারণ, ওয়েসি-আজাদের এই নতুন জোট মূলত বিরোধী ভোটের বাক্সেই বড় ধরনের থাবা বসাতে পারে।
এই সমস্ত জটিল রাজনৈতিক সমীকরণ এবং হিসেবনিকেশের মধ্যেই গোরক্ষপুরে অখিলেশ যাদবের এই মহা শক্তি প্রদর্শন উত্তরপ্রদেশের রাজনৈতিক পারদকে এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিয়েছে।