ডাবল ইঞ্জিন’ সরকারের কাছে বড় দাবি! ২৫ বছরের পুরোনো ক্ষত উস্কে দিয়ে উত্তরবঙ্গে ফের শুরু হলো কোন আন্দোলন?

উত্তরবঙ্গের বুকে আলাদা ভাষা এবং পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন কোনো নতুন ঘটনা নয়। বিগত প্রায় ২৫ বছর ধরে কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে উত্তাল হয়েছে উত্তরের জনপদ। অতীতে এই দাবিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষীও থেকেছে উত্তরবঙ্গ। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার নতুন উদ্যমে ফের শুরু হলো সেই আন্দোলন। বুধবার কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জোরালো দাবিতে একজোট হয়ে রাজপথে নামল একাধিক ছাত্র ও সামাজিক সংগঠন।

এক ছাতার তলায় ১৪টি সংগঠন: প্রশাসনিক দফতরে বিক্ষোভ

কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে এদিন বিশাল মিছিল করে ‘কামতাপুরী ভাষা সাংস্কৃতিক মঞ্চ’ (KLCF)। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন মোট ১৪টি সংগঠন এক ছাতার তলায় এসে কামতাপুর পৃথক রাজ্য এবং কামতাপুরী পৃথক ভাষার দাবিতে সরব হয়। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এবার তাঁদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হবে বলে আশাবাদী আন্দোলনকারীরা। এদিন জলপাইগুড়ির রাজবাড়ি পাড়া থেকে একটি বিরাট মিছিল বের হয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের দফতরে গিয়ে পৌঁছায় এবং সেখানে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনগুলি।

নয়ের দশক থেকেই উত্তরবঙ্গে কামতাপুরী ভাষার স্বীকৃতির দাবিতে ধারাবাহিক আন্দোলন চলে আসছে। এদিনের মিছিলে শামিল হওয়া, গত দু’দশক ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত নিখিল রায় জানান, “আমরা অত্যন্ত আশাবাদী যে বর্তমান ডাবল ইঞ্জিন সরকার আমাদের প্রাণের ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবে। আমরা চাই আমাদের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়িত হোক।”

অন্যদিকে, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির প্রচারসচিব সন্তোষ কুমার বর্মন কড়া বার্তা দিয়ে বলেন, “বিভিন্ন সময়ে আমাদের কেবল আশ্বাস দেওয়া হয়েছে যে কামতাপুরী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবারও যদি আমাদের দাবি না মেটে, তবে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে তীব্র আন্দোলনে নামব।”

‘ডাবল ইঞ্জিন’ সরকারের ওপর ভরসা ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

কামতাপুরী স্টুডেন্ট অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অপু বর্মন এই প্রসঙ্গে জানান, “আমরা দীর্ঘদিন ধরেই ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছি। ২০০৩ সালে এই ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল, যা এখনও পেন্ডিং লিস্টে পড়ে রয়েছে। এর আগেও কেন্দ্রের বিজেপি সরকার আমাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছিল। পূর্বে কেন্দ্রে এবং রাজ্যে আলাদা রাজনৈতিক দলের সরকার থাকায় নানা জটিলতায় আমাদের দাবি মেটেনি। কিন্তু এবার যেহেতু রাজ্যে এবং কেন্দ্রে ডাবল ইঞ্জিন সরকার, তাই আমরা নতুন করে আশার আলো দেখছি।” তিনি আরও জানান, গত ৩ তারিখ উত্তরকন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছেন। সরকারের তরফে সদর্থক উদ্যোগ রয়েছে বলেই মনে করছেন আন্দোলনকারীরা।

আন্দোলনের রক্তক্ষয়ী অতীত ও ‘অপারেশন ফ্ল্যাশ আউট’

কামতাপুরী আন্দোলনের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এর গতিপথ ছিল অত্যন্ত জটিল ও রক্তাক্ত। অতীতে পৃথক রাজ্য ও ভাষার দাবিতে কামতাপুর পিপলস পার্টি (KPP) এবং কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (KPP) গণতান্ত্রিক পথে আন্দোলন শুরু করলেও, সেই সময় একঝাঁক তরুণ-তরুণী সশস্ত্র আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যুবক-যুবতীরা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে অস্ত্র হাতে তুলে নেন।

সশস্ত্র আন্দোলনের শীর্ষ নেতা জীবন সিংহের নেতৃত্বে গড়ে ওঠে জঙ্গি সংগঠন ‘কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন’ (KLO)। একটা সময় আন্দোলনের নামে উত্তরবঙ্গ জুড়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড চালায় কেএলও জঙ্গিরা, যাদের মূল নিশানায় ছিলেন তৎকালীন বাম নেতা-কর্মীরা। কখনও স্কুলে ঢুকে শিক্ষকদের লক্ষ্য করে গুলি চালানো, আবার কখনও সিপিএমের পার্টি অফিসে ঢুকে নির্বিচারে হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে।

পরবর্তীকালে কেএলও জঙ্গিদের ডেরা সম্পূর্ণ উৎখাত করতে ২০০৩ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০০৪ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত টানা এক মাস ধরে ভুটান ও ভারতীয় সেনার যৌথ উদ্যোগে পরিচালিত হয় ঐতিহাসিক ‘অপারেশন ফ্ল্যাশ আউট’। ভুটানের জঙ্গলে আশ্রয় নেওয়া জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং বহু শীর্ষ কেএলও নেতা ধরা পড়েন, যদিও জীবন সিংহকে শেষ পর্যন্ত পাকড়াও করা সম্ভব হয়নি।

সেই রক্তাক্ত অধ্যায় পেরিয়ে বর্তমানে গণতান্ত্রিক পথেই নিজেদের অধিকার আদায়ে মরিয়া কামতাপুরী সংগঠনগুলি। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের কাছে তাঁদের প্রত্যাশা আকাশছোঁয়া। সরকার কবে তাঁদের দীর্ঘদিনের ডাকে চূড়ান্ত সাড়া দেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *