বন্ধ হস্টেলে লক্ষ লক্ষ টাকার ভুতুড়ে বিল! মালদার হাই মাদ্রাসায় দুর্নীতির পাহাড় প্রমাণ জালিয়াতি ফাঁস

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হস্টেল অথচ সরকারি খাতায় নিয়মিত তোলা হচ্ছে লক্ষ লক্ষ টাকার অনুদান! শুধু তাই নয়, মিড-ডে মিলের চাল ও ডাল থেকে শুরু করে পঠনপাঠন ও ছাত্রছাত্রীর সঠিক সংখ্যার ক্ষেত্রেও ব্যাপক কারচুপির গুরুতর অভিযোগ উঠল। এই দুর্নীতির প্রতিবাদে অবশেষে ক্ষোভে ফেটে পড়ে মাদ্রাসার মূল গেটে তালা ঝুলিয়ে তীব্র বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল এলাকার কনুয়া হাই মাদ্রাসায়।
বন্ধ হস্টেলের নামে লক্ষ লক্ষ টাকা লোপাট?
স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মহলের তীব্র অভিযোগ, কনুয়া হাই মাদ্রাসার যে হস্টেলটির কথা সরকারি নথিপত্রে দেখানো হচ্ছে, বাস্তবে সেটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এমনকি ওই হস্টেলের এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্বোধনই করা হয়নি। অথচ এই বন্ধ হস্টেলকেই চালু দেখিয়ে বিগত দিনগুলিতে সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, মিড-ডে মিলের বরাদ্দ থেকে শুরু করে মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যাতেও ইচ্ছাকৃতভাবে গরমিল করে সরকারি অর্থ লুটের অভিযোগ তুলেছেন তাঁরা। এই বিষয়ে এর আগে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা না মেলায় এদিন বাধ্য হয়েই তাঁরা মাদ্রাসার প্রধান গেটে তালা লাগিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারী অভিভাবক নাঈম আলি ক্ষোভের সুরে জানান, “যে হস্টেলটির কথা কাগজে-কলমে বলা হচ্ছে, সেটি আদতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অথচ সেই বন্ধ হস্টেল দেখিয়ে সরকারি তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা তছরুপ করা হচ্ছে। শুধু তাই নয়, মিড-ডে মিলের টাকা নিয়েও চলছে নয়ছয়। ছাত্রছাত্রীর ভুয়া সংখ্যা দেখিয়ে সরকারি টাকা লুট করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর লিখিত অভিযোগ জানিয়েছি। অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত করে প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম এবং এই দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল পরিচালিত পরিচালন সমিতির প্রত্যেকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
অপর এক অভিভাবক মহম্মদ মোস্তফা বলেন, “দীর্ঘদিন ধরেই এই মাদ্রাসায় নানা অনিয়ম ও দুর্নীতির রাজত্ব চলছে। হস্টেল চালু না হওয়া সত্ত্বেও কীভাবে সরকারি টাকা বরাদ্দ হচ্ছে এবং তছরুপ হচ্ছে, আমাদের তার জবাব চাই। অবিলম্বে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে এই দুর্নীতির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।”
প্রধান শিক্ষকের সাফাই ও রাজনৈতিক তরজা
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কনুয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম। তাঁর সাফ কথা, “আমি শারীরিক কারণে অসুস্থ থাকার জন্য দীর্ঘদিন মাদ্রাসায় উপস্থিত থাকতে পারিনি। আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ একেবারে মিথ্যে এবং ভিত্তিহীন। তবে এই দুর্নীতির বিষয়ে যিনি আগের দায়িত্বে ছিলেন, সেই টিআইসি (TIC) সব বলতে পারবেন।”
এই ঘটনায় ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক শিবিরও। বিজেপির স্থানীয় নেতা দীপঙ্কর রাম তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “তৃণমূলের আমলে রাজ্যের সর্বত্রই দুর্নীতি গভীরে শিকড় গেড়ে বসেছে। তবে রাজ্যের মানুষ এখন সব দেখছে। দুর্নীতির সঙ্গে যাঁরাই যুক্ত থাকুন না কেন, কাউকে একচুলও রেয়াত করা হবে না। কেউ যদি ভেবে থাকেন এসব অনিয়ম ধামাচাপা দিয়ে পার পেয়ে যাবেন, তবে তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। কনুয়া হাই মাদ্রাসার এই গোটা কেলেঙ্কারির বিষয়টি আমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের (DI) কাছে জানাচ্ছি। প্রয়োজনে উচ্চপর্যায়ে আরও কঠোর অভিযোগ জানানো হবে। স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”