AB+ এর বদলে A+! রক্তের ভুল ট্রান্সফিউশনেই কি প্রাণ গেল ৬৩ বছরের বৃদ্ধের? হাসপাতালের বিরুদ্ধে উঠল মারত্মক অভিযোগ

রোগী মৃত্যুকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তরবঙ্গের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। চিকিৎসাধীন এক রোগীকে নির্দিষ্ট ব্লাড গ্রুপের পরিবর্তে সম্পূর্ণ ভুল গ্রুপের রক্ত দেওয়ার মারাত্মক অভিযোগ তুলেছে মৃতের পরিবার। আর এর জিম্মাদার হিসেবে সরাসরি হাসপাতালের চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সাফাই দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও সরকারি হাসপাতালের অন্দরে রক্ত দেওয়ার এই মারাত্মক ভুল এবং রোগীর মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা সামনে আসতেই গোটা জেলাজুড়ে তীব্র উদ্বেগ ও শোরগোল ছড়িয়ে পড়েছে।
পরিবারের বিস্ফোরক অভিযোগ ও ঘটনার প্রেক্ষাপট
জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ৬৩ বছর বয়সি বীরেন্দ্রনাথ শর্মা নামের এক বৃদ্ধ। শোকস্তব্ধ পরিবারের জোরালো দাবি, মৃত বীরেন্দ্রবাবুর আসল ব্লাড গ্রুপ ছিল ‘এবি পজিটিভ’ (AB+)। কিন্তু চিকিৎসকদের চরম অবহেলা এবং গাফিলতির জেরে তাঁকে নাকি ভুলবশত ‘এ পজিটিভ’ (A+) গ্রুপের রক্ত পুশ করা হয়েছিল। আর এই রক্ত ওলটপালট হয়ে যাওয়ার ফলেই মুহূর্তের মধ্যে রোগীর শারীরিক পরিস্থিতির চরম অবনতি ঘটে এবং তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই দোষী চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।
মৃতের ভাই উপেনচন্দ্র শর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিবরণ দিয়ে বলেন, “শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আমরা দাদাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। এখানে আসার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল ও। কিন্তু চিকিৎসকরা আমাদের আর একটা রক্ত জোগাড় করতে বলেন, নতুবা হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে বলে জানান। এরপর দ্বিতীয়বার রক্ত দিতে গিয়েই সব ওলটপালট করে ফেলেছে। আমরা দিয়েছিলাম AB+ রক্ত, অথচ আমার দাদাকে দেওয়া হয়েছিল A+ গ্রুপের রক্ত। রক্ত ভুল দেওয়ার ফলেই সমস্যা মারাত্মক আকার ধারণ করে।”
স্বাস্থ্যমন্ত্রী ও রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া
এই গোটা জলপাইগুড়ি কাণ্ড নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমকে জানান, “সাধারণত সম্পূর্ণ প্যাকেট মিসম্যাচড ট্রান্সফিউশন হলে রক্তে তার ক্ষতিকর প্রভাব সঙ্গে সঙ্গেই দেখা যায়। যেমন রক্তস্বল্পতা বা লিভার ফাংশন বিগড়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে এমন কোনো লক্ষণই পাওয়া যায়নি। ওই রোগীর শরীরে ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং মারাত্মক সংক্রমণ—এই চারটি জটিল সমস্যা আগে থেকেই ছিল। সম্ভবত এগুলোই তাঁর মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ রক্তের রিপোর্টে মিসম্যাচের কোনো প্রমাণ মেলেনি। তবে স্বাস্থ্য দফতর সমস্ত নিয়ম ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলে। আগামী কালই আমরা তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট হাতে পাব। সেই রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ এবং অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে যা যা ব্যবস্থা নেওয়া উচিত, তা নিশ্চিত করবে স্বাস্থ্য দফতর।”
অন্যদিকে, এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে সুর চড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এটি একটি অত্যন্ত মারাত্মক অভিযোগ। ভুল গ্রুপের রক্ত দেওয়ার কারণে যদি কোনো রোগীর মৃত্যু হয়ে থাকে, তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনার একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে দেখতে হবে কার বা কাদের চরম ভুলে এই প্রাণহানি ঘটল। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টিতে নজর দিন। সরকারি হাসপাতালের অন্দরে ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে রোগীর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে ঘটনার সত্যতা যাচাই করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী কালই সেই রিপোর্ট সামনে আসার কথা রয়েছে। রক্তদান থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন স্তরে এই ধরনের ভুল আর যাতে না ঘটে, এখন সেই দিকেই তাকিয়ে জলপাইগুড়ির সাধারণ মানুষ।