বিদেশ সফর থেকে ফিরেই কড়া মেজাজে মোদী! কেন্দ্রীয় মন্ত্রীদের পারফরম্যান্স নিয়ে তলব করল প্রধানমন্ত্রীর কার্যালয়

বিদেশ সফর শেষ করে দিল্লিতে ফিরেই একেবারে অ্যাকশন মোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তাঁর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। টানা সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির কাজের অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল যাতে দেশের একেবারে শেষ সারির মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়, সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গেছে, আজকের এই বৈঠকে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ‘চিন্তন শিবির’-এ মন্ত্রীদের নির্ধারিত লক্ষ্য ও দায়িত্বের ক্ষেত্রে ঠিক কতখানি অগ্রগতি হয়েছে, তার মূল্যায়ন করেন প্রধানমন্ত্রী মোদী। বিভিন্ন মন্ত্রকের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা ও আলোচনা হয়।

সঞ্চয়ের চেতনা ও দারিদ্র্য বিমোচনের ওপর জোর

বৈঠকে দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন যে, গত কয়েক বছরে সরকারের সঠিক নীতি ও প্রচেষ্টার ফলে দেশের প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। পাশাপাশি, দেশের সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা ও চেতনা জাগিয়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, জনগণের সঞ্চয় এবং অর্থনৈতিক সুরক্ষার দিকটিতে মন্ত্রীদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। সরকারের এই উচ্চপর্যায়ের বৈঠক রাজনৈতিক মহলে এবং প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *