আদালতে বিচারাধীন ভবিষ্যৎ! শান্তিনিকেতনের আসল ঐতিহ্য রক্ষা করতে গিয়ে কোন বিপদে পড়ল সরকারি হাট?

শান্তিনিকেতনের বিশ্বখ্যাত সোনাঝুরি জঙ্গলে রমরমিয়ে চলা ‘বেআইনি’ খোয়াই হাটের জেরে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে সরকারি কর্মতীর্থ হাট ও পশ্চিমবঙ্গ শিল্পী হাট। সোনাঝুরির এই বেআইনি বাণিজ্যের বাড়বাড়ন্তে সরকারি হাটের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রায় ছ’দিনই সোনাঝুরির খোয়াই হাটে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আর তার ফলেই মূল আকর্ষণ ও ক্রেতাদের টান হারিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে সরকারি উদ্যোগে গড়ে ওঠা কর্মতীর্থ ও শিল্পী হাটগুলি। অথচ সোনাঝুরির এই হাটগুলির ভবিষ্যৎ সংক্রান্ত আইনি লড়াই ও মামলা বর্তমানে জাতীয় পরিবেশ আদালতে সম্পূর্ণ অমীমাংসিত অবস্থায় ঝুলে রয়েছে। প্রশাসনিক নজরদারির ফাঁকে চলা এই বেআইনি হাটের দৌরাত্ম্য কীভাবে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের স্থানীয় শিল্প ও সরকারি উদ্যোগকে কোণঠাসা করে দিচ্ছে, তা নিয়ে এখন শুরু হয়েছে জোরদার চর্চা।

সরকারি হাটের দুর্দশা ও ব্যবসায়ীদের ক্ষোভ

সোনাঝুরির খোয়াই হাটের ঠিক অদূরেই রয়েছে সরকারি ‘লালমাটি কর্মতীর্থ হাট’। স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে রূপপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই হাটটি শুরু হয়েছিল। বর্তমানে এটি সপ্তাহে মাত্র একদিন, অর্থাৎ বুধবার বসে—যেদিন সোনাঝুরির হাটটি বন্ধ থাকে। কিন্তু সপ্তাহের মাত্র একদিনের এই ব্যবসায় পর্যটকদের সেভাবে আকর্ষণ করা সম্ভব হয় না বলেই দাবি ব্যবসায়ীদের।

সরকারি হাটের ব্যবসায়ী সাহিদা বিবি, ফুলি দাস ও আফরোজা বিবিদের আক্ষেপ, “সোনাঝুরির ওই হাটটা সম্পূর্ণ বেআইনি। অথচ ওটা ছয় দিন বসে আর আমাদের হাট মাত্র একদিন। ওই হাটের দাপটে আমাদের কোনো বেচাকেনাই হয় না। আমরা বলছি না যে সোনাঝুরি হাট চিরতরে বন্ধ করে দেওয়া হোক, কিন্তু আমাদের দাবি—সেটি সপ্তাহে চার দিন খোলা রাখা হোক, যাতে বাকি দিনগুলিতে আমাদের ব্যবসা কিছুটা ভালো হতে পারে।” বিগত সরকারের আমলে নানা প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাঁদের। বর্তমান সরকারের আমলেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় চরম সমস্যায় দিন কাটাচ্ছেন তাঁরা।

সোনাঝুরি হাটের ইতিহাস ও বর্তমান রূপ

খোঁজ নিয়ে জানা যায়, ২০০০ সালে গুটিকতক বিশ্বভারতীর পড়ুয়া ও আদিবাসী শিল্পীরা নিজেদের হাতে তৈরি শিল্পসামগ্রী নিয়ে সোনাঝুরি জঙ্গলে পসরা সাজিয়ে বসতেন। প্রয়াত আশ্রমিক শ্যামলী খাস্তগীরের হাত ধরে শুরু হওয়া সেই হাটটি একসময় সপ্তাহে মাত্র একদিন, অর্থাৎ শনিবার ‘শনিবারের হাট’ নামেই পরিচিত ছিল। পরবর্তী সময়ে রাজ্যে পালাবদলের পর এই হাটের পরিধি নাটকীয়ভাবে বাড়তে শুরু করে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাট পরিদর্শনের পর এটিকে ঢেলে সাজানোর নির্দেশ দিলে এর জৌলুস আরও বহুগুণ বৃদ্ধি পায়।

বর্তমানে বুধবার বাদ দিয়ে সপ্তাহের বাকি ৬ দিনই বসে এই বিশাল খোয়াই হাট। তবে শুরুর সেই আদিবাসী শিল্পী ও বিশ্বভারতীর পড়ুয়াদের আর দেখা মেলে না বললেই চলে। বর্তমানে সোনাঝুরি হাটটি সম্পূর্ণভাবে বর্হিগত বানিজ্যিক ও কাপড়-গয়না ব্যবসায়ীদের দখলে চলে গেছে বলে অভিযোগ।

আদালতের নজর ও পরিবেশের ক্ষতি

বন দফতরের জমিতে কীভাবে এই ধরনের একটি বড় ব্যবসায়িক হাট বছরের পর বছর ধরে চলতে পারে, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। হাটটি সম্পূর্ণ ‘বেআইনি’ দাবি করে ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছেন বিশিষ্ট পরিবেশকর্মী সুভাষ দত্ত। আদালতের তরফ থেকে বারবার জানতে চাওয়া হলেও সন্তোষজনক উত্তর মিলছে না যে, ঠিক কোন সরকারি অনুমতির ভিত্তিতে বা কার তত্ত্বাবধানে এই হাট পরিচালিত হচ্ছে। খোয়াই হাটের যত্রতত্র প্লাস্টিক বর্জ্য এবং গাড়ি চলাচলের ফলে জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গাছপালা ধ্বংসের মুখে পড়ছে।

এদিকে, সদ্য গঠিত সোনাঝুরি হাট কমিটির সভাপতি তথা স্থানীয় বিজেপি নেতা অরুণ দাস জানিয়েছেন, “আমরা সিদ্ধান্ত নিতে চলেছি সোনাঝুরির খোয়াই হাটটি সপ্তাহে চার দিন বসানোর। এতে সরকারি কর্মতীর্থ ও শিল্পী হাটেও পর্যটকরা যাবেন এবং সবারই বেচাকেনা ভালো হবে।” আদালতের মামলার রায়ের ওপর ভর করে আগামী দিনে সোনাঝুরি ও সরকারি হাটগুলির এই দ্বন্দ্ব কীভাবে মেটে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *