“ফোনে আঙুলের ছোঁয়াতেই কেল্লাফতে!”-কিন্তু পেন বা পেন্সিলে টাচস্ক্রিন কাজ করে না কেন?

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত অসংখ্যবার ফোনের স্ক্রিনে আঙুল ছোঁয়াই আমরা। মেসেজ পাঠানো, ছবি দেখা বা অনলাইন লেনদেন—সব কাজেই ব্যবহার হয় টাচস্ক্রিন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আঙুল দিয়ে স্ক্রিন অনায়াসে কাজ করলেও সাধারণ বলপেন বা পেন্সিল দিয়ে যতই চাপ দেওয়া হোক না কেন, স্ক্রিন কোনো প্রতিক্রিয়া দেখায় না কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে স্মার্টফোনের ক্যাপাসিটিভ টাচস্ক্রিন প্রযুক্তির মধ্যে।
আঙুলের স্পর্শ কীভাবে চেনে ফোন?
বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে ব্যবহার করা হয় ক্যাপাসিটিভ টাচস্ক্রিন প্রযুক্তি। এই প্রযুক্তিতে স্ক্রিনের কাচের নিচে থাকে অত্যন্ত সূক্ষ্ম ইলেকট্রোড বা পরিবাহী স্তর। এগুলো আড়াআড়ি ও লম্বালম্বিভাবে সাজানো থাকে, যা স্ক্রিনের বিভিন্ন অংশের বৈদ্যুতিক পরিবর্তন শনাক্ত করতে পারে।
মানুষের শরীর প্রাকৃতিকভাবেই বিদ্যুৎ পরিবাহী। কারণ আমাদের শরীরের তরলে সোডিয়াম ও পটাশিয়ামের মতো বিভিন্ন আয়ন থাকে, যা বৈদ্যুতিক চার্জ পরিবহণে সাহায্য করে। ফলে আঙুল যখন স্ক্রিন স্পর্শ করে, তখন নির্দিষ্ট স্থানের বৈদ্যুতিক ক্ষেত্র ও ক্যাপাসিট্যান্সে পরিবর্তন ঘটে। ফোনের ভেতরে থাকা টাচ কন্ট্রোলার সেই পরিবর্তন শনাক্ত করে বুঝতে পারে স্ক্রিনের ঠিক কোথায় স্পর্শ করা হয়েছে এবং সেই অনুযায়ী নির্দেশ কার্যকর করে।
পেন বা পেন্সিলে কাজ হয় না কেন?
সাধারণ বলপেনের বাইরের অংশ তৈরি হয় প্লাস্টিক দিয়ে। অন্যদিকে পেন্সিলের মূল কাঠ বা গ্রাফাইট অংশ সরাসরি আঙুলের মতো বিদ্যুৎ পরিবাহী নয়। ফলে এগুলো দিয়ে স্ক্রিন স্পর্শ করলে আঙুলের মতো প্রয়োজনীয় বৈদ্যুতিক পরিবর্তন তৈরি হয় না। তাই স্ক্রিনে যতই চাপ দেওয়া হোক না কেন, ফোন সেটিকে স্পর্শ হিসেবে শনাক্ত করতে পারে না। তবে বাজারে বিশেষ ধরনের ‘ক্যাপাসিটিভ স্টাইলাস’ পাওয়া যায়, যার মাথায় পরিবাহী উপাদান থাকে। ফলে সেই পেন দিয়ে স্ক্রিনে অনায়াসে লেখা বা আঁকা সম্ভব।
শীতকালে গ্লাভস পরলে স্ক্রিন কাজ করে না কেন?
শীতকালে উল, তুলো কিংবা চামড়ার গ্লাভস পরে ফোন ব্যবহার করতে গেলে প্রায়ই দেখা যায় স্ক্রিন কাজ করছে না। কারণ এই উপাদানগুলি বিদ্যুৎ পরিবহণে বাধা দেয়। ফলে আঙুলের বৈদ্যুতিক প্রভাব স্ক্রিন পর্যন্ত পৌঁছাতে পারে না। তবে আজকাল বাজারে এমন বিশেষ গ্লাভস পাওয়া যায়, যার আঙুলের ডগায় পরিবাহী উপাদান থাকে। সেগুলি পরে অনায়াসেই ফোন চালানো যায়।
বৃষ্টির দিনে ‘ঘোস্ট টাচ’ কেন হয়?
বৃষ্টির মধ্যে ফোন ব্যবহার করলে অনেক সময় দেখা যায় স্ক্রিন নিজে থেকেই অ্যাপ খুলছে বা অদ্ভুত আচরণ করছে। এর মূল কারণ স্ক্রিনে জমে থাকা বৃষ্টির জল। পানির উপস্থিতিতে স্ক্রিনের বৈদ্যুতিক বৈশিষ্ট্য বদলে যায় এবং টাচ কন্ট্রোলার ভুলবশত সেই পরিবর্তনকে আঙুলের স্পর্শ হিসেবে ধরে নেয়। একেই বলা হয় ‘ঘোস্ট টাচ’।
সংক্ষেপে বলতে গেলে, স্মার্টফোনের টাচস্ক্রিন আঙুলের চাপ মেপে কাজ করে না, বরং আঙুলের উপস্থিতিতে তৈরি হওয়া সামান্য বৈদ্যুতিক পরিবর্তন নিখুঁতভাবে শনাক্ত করে। আর সেই কারণেই সাধারণ পেনের জোর খাটে না, জাদুকরি ছোঁয়া পায় কেবল মানুষের আঙুলই।