গরুর ক্ষুরের পাড়া খাওয়ার উৎসব, ভারতের কোথায় পালন হয় এই রীতি?

দীপাবলি মানেই আলোর রোশনাই, মিষ্টিমুখ আর আতসবাজির উল্লাস। কিন্তু এই উৎসবের ঠিক পরের দিনই মধ্যপ্রদেশ ও গুজরাটের কয়েকটি গ্রামে এমন এক ভয়ানক অথচ অদ্ভুত দৃশ্য দেখা যায়, যা দেখলে যে কারোরই বুক কেঁপে উঠবে। শত শত মানুষের পিঠের উপর দিয়ে দৌড়ে চলে যায় সাজগোজ করানো গরুর পাল। শুনতে অবাক লাগলেও শত শত বছর ধরে এভাবেই পালিত হয়ে আসছে ‘গায়-গোহরি’ বা ‘গোবর্ধন পূজা’।

কোথায় হয় এই উৎসব? মধ্যপ্রদেশের উজ্জয়িনী এবং ঝাবুয়া জেলায় এই উৎসব সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। বিশেষ করে উজ্জয়িনীর ভিদাওয়াদ গ্রামে এই অদ্ভুত রীতি দেখতে প্রতিবছর দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান।

কী এই অদ্ভুত নিয়ম? যাঁরা এই উৎসবে মানত করেন, তাঁদের অত্যন্ত কঠোর নিয়ম মানতে হয়। উৎসবের অন্তত পাঁচ দিন আগে থেকেই উপবাস শুরু করেন ওই ভক্তরা। এই কটি দিন তাঁরা নিজের বাড়ি ছেড়ে গ্রামের মন্দিরে অবস্থান করেন।

উৎসবের দিন সকালে গ্রামের গরু ও ষাঁড়গুলোকে বিশেষভাবে স্নান করানো হয়। এরপর তাদের গায়ে মাখানো হয় নানা রঙের আবির। পায়ে ঘুঙুর, গলায় ফুলের মালা এবং ময়ূরের পালক দিয়ে সাজানো হয় গবাদি পশুগুলিকে।

এরপর দুপুরের পর গ্রামের একটি নির্দিষ্ট কাঁচা রাস্তায় ভক্তরা সারিবদ্ধভাবে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়েন। চারপাশে ঢাকঢোল ও মাদলের আওয়াজে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। মানুষ দিতে থাকেন জয়ধ্বনি। ঠিক সেই মুহূর্তেই উন্মত্ত গরুর পালকে ছেড়ে দেওয়া হয়। প্রচণ্ড গতিতে ছুটে এসে শুয়ে থাকা মানুষগুলোর শরীরের ওপর দিয়ে চলে যায় গরুগুলো। আর চারপাশে দাঁড়িয়ে জনতা হাততালি দিয়ে সেই দৃশ্য উপভোগ করেন।

কেন এই ভয়ঙ্কর প্রথা? হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে পুজো করা হয়। স্থানীয় বাসিন্দাদের অগাধ বিশ্বাস, গরুর শরীরে খোদ দেবতারা বাস করেন। তাই গবাদি পশুর পায়ের স্পর্শ গায়ে লাগলে জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যায়, পারিবারিক অশান্তি দূর হয় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি নেমে আসে।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, শত শত গরুর ভারী খুরের নিচে চাপা পড়লেও ভক্তরা তেমন গুরুতর আহত হন না। স্থানীয়দের জোরালো দাবি, ঈশ্বরের কৃপায় ও অলৌকিক আশীর্বাদেই প্রতিবছর বড় কোনো দুর্ঘটনা ছাড়াই এই বিপজ্জনক উৎসব সফলভাবে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *