রাবণ কেন রক্ষাকর্তা? রণবীরের ‘রামায়ণ’ বয়কটের ডাক হিন্দু সংগঠনের

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে হাজার কোটির ক্লাবে প্রবেশ করা রণবীর কাপূরের বহুল আলোচিত ছবি ‘রামায়ণ’ ঘিরে এবার দানা বাঁধল তীব্র বিতর্ক। মহর্ষি বাল্মীকি রচিত মূল রামায়ণের গল্প বিকৃত করার গুরুতর অভিযোগ তুলেছে মুম্বইয়ের একাধিক হিন্দু সংগঠন। তাদের দাবি, ছবিতে শ্রীরাম, মা সীতা এবং লক্ষ্মণের চরিত্র ও বহু ঐতিহাসিক ঘটনাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তার সঙ্গে মূল গ্রন্থের কোনো মিল নেই।
মঙ্গলবার মুম্বইয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হিন্দু সংগঠনগুলির প্রতিনিধিরা এই ছবির একাধিক দৃশ্য নিয়ে তীব্র আপত্তি জানান। তাদের স্পষ্ট অভিযোগ, সৃজনশীল স্বাধীনতা বা ক্রিয়েটিভ লিবার্টির নামে নির্মাতারা ইচ্ছাকৃতভাবে রামায়ণের মূল ভাবনায় আঘাত হেনেছেন।
এই আবহে ‘হিন্দু জনজাগৃতি সমিতি’-র তরফে হিন্দুদের কাছে এই সিনেমাটি না দেখার অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের রাজ্য সমন্বয়ক সুনীল ঘনওয়াট সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সরাসরি প্রশ্ন তুলেছেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) বা সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে। তাঁর অভিযোগ, অন্যান্য ধর্মের মানুষের ভাবাবেগের ক্ষেত্রে সেন্সর বোর্ড যতটা সংবেদনশীল ও সতর্ক থাকে, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগের ক্ষেত্রে সেই দায়িত্ববোধ দেখা যায় না। ধর্মীয় গ্রন্থের ওপর ভিত্তি করে তৈরি কোনো ছবিকে ছাড়পত্র দেওয়ার আগে সেন্সর বোর্ডের সদস্যদের সংশ্লিষ্ট গ্রন্থগুলি গভীরভাবে পড়া উচিত বলে দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, ছবির দ্বিতীয় পর্বের মুক্তির বিরুদ্ধেও জোরালো প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ছবিতে ঠিক কী কী পরিবর্তনের অভিযোগ তুলেছে হিন্দু সংগঠনগুলি?
-
রাবণের চরিত্রায়ণ: ছবিতে রাবণকে যেভাবে একজন ‘শোষিতদের রক্ষক’ এবং দরিদ্রদের সোনার বাড়ি দানকারী শাসক হিসেবে তুলে ধরা হয়েছে, তা নিয়ে বিশেষ ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সংগঠনগুলির বক্তব্য, রাবণকে এইভাবে ন্যায়বিচার প্রদানকারী শাসক হিসেবে দেখানো মূল রামায়ণের প্রতিষ্ঠিত কাহিনির সম্পূর্ণ পরিপন্থী।
-
বিদ্যুৎজীবের হত্যা: ছবিতে রাবণের হাতে শূর্পণখার স্বামী বিদ্যুৎজীবের হত্যার যে দৃশ্য দেখানো হয়েছে, তারও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
-
যুদ্ধের দৃশ্য ও রাম-লক্ষ্মণের পলায়ন: মূল রামায়ণে যার কোনো অস্তিত্ব নেই—এমন বেশ কিছু কাল্পনিক দৃশ্য ছবিতে রাখা হয়েছে বলে অভিযোগ। যেমন, ভগবান রাম ও লক্ষ্মণকে রাবণের সেনার কাছ থেকে পালাতে দেখা যাওয়া এবং সীতাকে রাক্ষসদের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে দেখানো—এই সমস্ত দৃশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
সনাতন সংস্থার মুখপাত্র অভয় বর্তক এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, রামায়ণের মতো পবিত্র ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে কোনো ছবি তৈরি হলে, সেখানে ঘটনাগুলি যেভাবে মূল গ্রন্থে বর্ণিত রয়েছে ঠিক সেভাবেই দেখানো উচিত। ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গ বদল করা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।
সব মিলিয়ে, হাজার কোটির বক্স অফিস সাফল্যের মাঝেও ‘রামায়ণ’ ছবিকে ঘিরে ধর্মীয় ও সাংস্কৃতিক বিতর্ক এখন চরমে। হিন্দু সংগঠনগুলির দাবি, ছবিটি মূল রামায়ণের কাহিনি থেকে সম্পূর্ণ বিচ্যুত। এই বিতর্কের বিষয়ে ‘আজতক’-এর তরফে ছবির নির্মাতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।