রেস্তোরাঁর স্টাইলে বানান তুলতুলে নরম ‘মালাই মাটন’! রইল একদম সহজ রেসিপি

উৎসব হোক কিংবা সাধারণ ছুটির দিন—বাঙালির হেঁশেলে ভূরিভোজ চলতেই থাকে। ছুটির সকাল মানেই অনেক বাড়িতে খাসির মাংসের সুবাস! রবিবারের দুপুরের পাতে সাধারণত আলু দিয়ে পাতলা মাটনের ঝোল কিংবা জমজমাট কলাই করা কষা মাটনই বেশি টানে। কিন্তু একইঘেয়ে স্বাদে যদি আর মন না ভরে, তবে ছুটির দিনটাকে আরও একটু স্পেশাল করতে এবার স্বাদে জাঁকজমক আনতে বানিয়ে ফেলুন ক্রিমি ও সুস্বাদু ‘মালাই মাটন’। একবার এভাবে রান্না করলে মুখের স্বাদ আজীবন লেগে থাকবে!
তাহলে আর দেরি কেন? দেখে নিন জিভে জল আনা এই রিচ অ্যান্ড ক্রিমির রেসিপি:
প্রয়োজনীয় উপকরণ:
-
প্রধান উপকরণ: খাসির মাংস (মাটন)- ৭৫০ গ্রাম
-
মশলা ও গ্রেভি: পেঁয়াজ কুচি (৩টি), টক দই (৪ টেবিল চামচ), কাজুবাদাম (২০ গ্রাম), কাঁচালঙ্কা (১০-১২ টি), আদা-রসুন বাটা (২ টেবিল চামচ)
-
গুঁড়ো মশলা: জিরে গুঁড়ো (১ চা চামচ), ধনে গুঁড়ো (১ চা চামচ), গোলমরিচ গুঁড়ো (১ চা চামচ), স্বাদমতো নুন
-
ফোড়ন ও সুবাস: এলাচ (৩-৪টি), লবঙ্গ (৩-৪টি), গোটা জিরে (১ চা চামচ), কসৌরি মেথি (১ টেবিল চামচ), ঘি (১ টেবিল চামচ) এবং রান্নার জন্য সাদা তেল
-
ম্যাজিক উপাদান: ফ্রেশ ক্রিম (৩ টেবিল চামচ)
সহজ প্রণালী:
-
ম্যারিনেশন: প্রথমে ধুয়ে রাখা মাটনে পরিমাণমতো নুন এবং টক দই ভালোভাবে মাখিয়ে অন্তত ১ ঘণ্টার জন্য ম্যারিনেট করে রেখে দিন।
-
কষানোর পর্ব: এবার কড়াইতে পরিমাণমতো সাদা তেল ও ঘি একসঙ্গে গরম করে তাতে গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে মশলা ভালো করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা মাটন দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিন।
-
সেদ্ধ করার নিয়ম: মাংস ভালোমতো কষানো হয়ে গেলে তা প্রেশার কুকারে ঢেলে দিন। মাঝারি আঁচে ৩ থেকে ৪টি সিটি দিয়ে মাংস ভালোভাবে সেদ্ধ করে নিন।
-
ক্রিমি টুইস্ট: মাংস সেদ্ধ হয়ে গেলে তা আবারও কড়াইতে ফিরিয়ে আনুন। অন্যদিকে, মিক্সিতে কাজুবাদাম এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়ে মাংসে ঢেলে দিন। মশলার সঙ্গে মাংস ভালো করে কষিয়ে ওপর থেকে কসৌরি মেথি এবং ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। সবশেষে আরও কয়েকটি কাঁচালঙ্কা চিরে দিয়ে নামানোর আগে তৈরি হয়ে গেল আপনার ড্রিম রেসিপি।
গরম গরম রুমালি রুটি, বাসন্তী পোলাও কিংবা ক্রিপ্সি পরোটার সঙ্গে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই মালাই মাটন আর পরিবারের সবাইকে চমকে দিন!