২০০০ আসনের দাবি নাকি মাত্র ২৪টি আসন! উত্তরপ্রদেশে হাত-সাইকেল জোটে চরম টানাপোড়েন

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার ‘ইন্ডি’ জোটে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে তীব্র দরকষাকষি। প্রাথমিক পর্যায়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রায় ২০০টি আসনের দাবি তোলা হলেও, সমাজবাদী পার্টি (SP) সূত্রে খবর—মাত্র ২৪টি আসন ছাড়ার প্রস্তাব দিতে পারে অখিলেশ যাদবের দল। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি সামনে আসার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
পুরোনো ব্যর্থতাই কি বড় কাঁটা?
২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়লেও কংগ্রেসের ঝুলিতে এসেছিল মাত্র ২টি আসন। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি রাজ্যে দারুণ ফল করে ৩৭টি আসন দখল করে, এবং কংগ্রেসের ঝুলিতে আসে ৬টি আসন; তবুও বিধানসভার অতীতের হতাশাজনক ফলের কথা কিছুতেই ভুলতে পারছে না সপা নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, মূলত গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের হতশ্রী ফলের কথা মাথায় রেখেই আসন বিন্যাসের তালিকা তৈরি করা হয়েছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের নির্বাচনে যে ২১টি আসনে কংগ্রেস প্রার্থীরা ২০ হাজার ভোটও সংগ্রহ করতে পারেননি, সেই আসনগুলি নিয়েই প্রথম দফায় দুই দলের মধ্যে আলোচনা শুরু হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সপা যে মাত্র ২৪টি আসন ছাড়ার মানসিকতা নিয়ে এগোচ্ছে, তাতে কংগ্রেস এই প্রস্তাবে সহজে রাজি হবে কি না, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে।
দিল্লির বৈঠকে বরফ গলছে?
গত সোমবার সোনিয়া গান্ধীর একটি বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে হাজির হয়েছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সেই অনুষ্ঠানের ফাঁকেই রাহুল গান্ধীর সঙ্গে তাঁর আলাদা করে একান্ত বৈঠক হয়। আর সেই বৈঠকের পরই দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা নতুন গতি পেয়েছে। কংগ্রেস এবং সপা—উভয় দলের শীর্ষ নেতৃত্বই পদাধিকারীদের দ্রুত আসন রফা নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছেন।
উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট ইমরান মাসুদও ইতিমধ্যেই স্বীকার করেছেন যে, তাঁদের দলের শীর্ষ নেতারা অখিলেশ যাদবের সঙ্গে আসন বণ্টন নিয়ে কথা বলা শুরু করেছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দুই দল কতটা নমনীয় হয় এবং এই কঠিন দরকষাকষির বাজারে উত্তরপ্রদেশে ইন্ডি জোট শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কি না।