আমরা তো বাবা-মায়ের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পেতাম!” জেন জি প্রজন্মকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নওয়াজউদ্দিন সিদ্দিকির

প্রজন্ম বদলেছে, বদলেছে দুনিয়াকে দেখার চোখও। আর সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে আজকের কিশোর-কিশোরীরা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী, সচেতন এবং বুদ্ধিদীপ্ত—এমনটাই জোরালোভাবে বিশ্বাস করেন জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বিশেষ করে বর্তমান প্রজন্মের বা ‘জেন জি’-দের (Gen Z) মেধা ও চিন্তাভাবনা সম্পর্কে তাঁর দীর্ঘদিনের ধারণাই বদলে দিয়েছে নিজের মেয়ে শোরা সিদ্দিকি। মাত্র ১৬ বছর বয়সেই অভিনয় ও বিশ্বমানের সিনেমা সম্পর্কে মেয়ের গভীর জ্ঞান দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন এই অভিজ্ঞ অভিনেতা। এমনকি, অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয়ে শোরাও তাঁর থেকেও অনেক বেশি জানে বলে অকপটে স্বীকার করেছেন নওয়াজউদ্দিন।

আজকের কিশোর-কিশোরীরা আমাদের চেয়ে অনেক এগিয়ে

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেন জি প্রজন্মের বুদ্ধিমত্তা এবং বিশ্বজোড়া সাংস্কৃতিক পরিসরের সঙ্গে তাঁদের অবাধ পরিচিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা। তাঁর মতে, আজকের ১৫ থেকে ১৮ বছর বয়সি ছেলেমেয়েরা এমন এক ডিজিটাল পৃথিবীর সঙ্গে পরিচিত, যার নাগাল তাঁদের আগের প্রজন্মের কাছে ছিলই না। নওয়াজউদ্দিনের ভাষায়, “আজকের জেন জি, বিশেষ করে ১৫, ১৬, ১৭ কিংবা ১৮ বছর বয়সিরা ভীষণ বুদ্ধিমান। পৃথিবী সম্পর্কে তাঁদের যে অভিজ্ঞতা ও জানাশোনা, তা আমাদের সময়ে ছিল না। আমরা একসময় বাবা-মায়েদের প্রশ্ন করতেও ভয় পেতাম, তাঁদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসটুকুও আমাদের ছিল না। অথচ আজকের ছেলেমেয়েরা খুব স্পষ্ট ও সরাসরি প্রশ্ন করতে জানে।”

শুধু প্রশ্ন করার এই নির্ভীক মানসিকতাই নয়, সিনেমা বা শিল্প সাহিত্য দেখার অভিজ্ঞতাও এই প্রজন্মকে বয়সের তুলনায় অনেকটা এগিয়ে দিয়েছে বলে মনে করেন অভিনেতা। তাঁর মতে, ওটিটি ও ইন্টারনেটের যুগে এখনকার তরুণ প্রজন্ম পৃথিবীর কোণায় কোণায় ছড়িয়ে থাকা নানা দেশের অসাধারণ ছবি দেখার সুযোগ পাচ্ছে। ফলে সিনেমা সম্পর্কে তাঁদের নান্দনিক ধারণা ও পরিপক্বতা অনেক বেশি বিস্তৃত। এমনকী এমন অনেক মাস্টারপিস ছবি এই কম বয়সিরা দেখে ফেলেছে, যা হয়তো তাঁদের চেয়েও অনেক বেশি অভিজ্ঞ কোনো প্রবীণ মানুষ এখনও দেখার সুযোগ পাননি।

মেয়ের জ্ঞান দেখে নিজের ধারণা বদলালেন নওয়াজ

শুরুতে অবশ্য নতুন প্রজন্মের এই জ্ঞান ও দক্ষতাকে অতটাও গুরুত্ব দেননি খোদ নওয়াজউদ্দিন। কিন্তু মেয়ে শোরার সঙ্গে সময় কাটাতে গিয়ে তাঁর সেই ধারণা সম্পূর্ণ বদলে যায়। শোরাও অভিনয়ের দুনিয়াতেই নিজের কেরিয়ার গড়তে চায়। সেই লক্ষ্যেই যেমন অভিনয়ের পেশাদার প্রশিক্ষণ নিচ্ছে, তেমনই পারফর্মিং আর্টস নিয়েও নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছে সে। নওয়াজউদ্দিন জানিয়েছেন, মাত্র তিন-চার বছরের মধ্যে তাঁর মেয়ে বিশ্বের নানা দেশের যত সংখ্যক ক্লাসিক ও আন্তর্জাতিক ছবি দেখে ফেলেছে, অভিনেতা নিজেও হয়তো কেরিয়ারে তত ছবি দেখেননি। মেয়ের এই সিনেম্যাটিক জ্ঞান তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে।

মেয়ের প্রসংশা করে অভিনেতা বলেন, “আমি নিজেও ওদের প্রজন্মকে খুব একটা গুরুত্ব দিতাম না। কিন্তু মেয়ের দিকে যখন ভালো করে তাকালাম, তখন বুঝলাম অভিনয়ের বিষয়ে ও কত কিছু জানে। কারণ, আমার মনে হয়, মাত্র তিন-চার বছরে ও আমার থেকেও বেশি আন্তর্জাতিক ছবি দেখে ফেলেছে।” মেয়ের এই গভীর উৎসাহ এবং সিনেমা সংক্রান্ত জ্ঞানই যে তাঁকে জেন জি-দের সম্পর্কে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিভঙ্গি দিয়েছে, তা অকপটে স্বীকার করেছেন তিনি।

উল্লেখ্য, বাবার সঙ্গেই নাটকের মঞ্চে অভিনয়ের হাতেখড়ি হয়েছে শোরার। ‘নকাব’ নামের একটি মঞ্চ নাটকে নওয়াজউদ্দিনের সঙ্গেই মঞ্চ ভাগ করে নিয়েছিল সে। আমেরিকার মোট ন’টি শহরে ওই নাটকটির সফল প্রদর্শনীও হয়েছে। ফলে অভিনয়ের জগতে মেয়ের আগ্রহ যে নিছক শখ নয়, তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে। অন্যদিকে, পেশাদার কাজের দিক থেকেও বেশ ব্যস্ত সময় কাটছে নওয়াজউদ্দিনের। সম্প্রতি তাঁকে ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসাল মার্ডার্স’-এ দেখা গিয়েছে। পাশাপাশি আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানার সঙ্গে ‘থাম্মা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আগামী দিনে অভিনেতার ঝুলিতে রয়েছে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’, ‘নূরানি চেহরা’ এবং ‘সঙ্গীন’-এর মতো একাধিক প্রতীক্ষিত প্রজেক্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *