চতুর্থ পিরিয়ডের পরেই মর্মান্তিক দুর্ঘটনা! চার ফুট উঁচু দেওয়াল টপকে কীভাবে নীচে পড়ল পড়ুয়া? তুঙ্গে জল্পনা

স্কুলের মধ্যে এক মর্মান্তিক ও রহস্যজনক দুর্ঘটনায় গুরুতর জখম হলো অষ্টম শ্রেণির এক পড়ুয়া। মঙ্গলবার সকালে দমদমের একটি নামী বেসরকারি স্কুলের চারতলার বারান্দা থেকে নীচে পড়ে যাওয়ার জেরে ওই ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই স্কুল চত্বর জুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত।
ঠিক কী ঘটেছিল স্কুলে?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ওই ছাত্রের নাম তানিস দাস। প্রতিদিনের মতো মঙ্গলবারও সকালেই সে স্কুলে এসেছিল এবং যথারীতি ক্লাসও করছিল। সবকিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছিল। কিন্তু বিপত্তি ঘটে চতুর্থ পিরিয়ডের ঠিক পরপরই। সকাল ১১টা থেকে ১২টার মধ্যে হঠাৎই স্কুলের চারতলার বারান্দা থেকে নীচে ছিটকে পড়ে যায় তানিস।
প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, স্কুলের বারান্দার দেওয়ালটি প্রায় চার ফুট উঁচু ছিল। সেই উঁচু দেওয়াল টপকেই কীভাবে ওই কিশোর নীচে পড়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নজরে আসতেই স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর দেরি না করে স্কুল কর্তৃপক্ষের তরফেই দ্রুত আহত ছাত্রকে উদ্ধার করে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালেই অত্যন্ত সংকটজনক অবস্থায় তার চিকিৎসা চলছে।
দুর্ঘটনা নাকি অন্য কিছু? খতিয়ে দেখছে পুলিশ
এই অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে স্কুলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আচমকাই বারান্দা থেকে ওই ছাত্র পা ফসকে পড়ে গেল, নাকি সে নিজেই কোনো কারণে নিচে ঝাঁপ দিয়েছিল— খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ। পাশাপাশি, স্কুল কর্তৃপক্ষের কোনো রকম গাফিলতি বা নিরাপত্তার ফাঁকফোকর ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিদ্যালয়ের অন্য পড়ুয়া ও অভিভাবকরা।