পুলিশের অস্ত্র ছিনিয়ে পালাচ্ছে, সাধারণ মানুষ সুরক্ষিত তো?” এনকাউন্টার তত্ত্ব ও আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পর পর এনকাউন্টার এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার সরাসরি রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, রাজ্যে আইনের শাসন ও নিরপেক্ষ বিচারের অভাব রয়েছে। সেই সঙ্গেই পুলিশি দুর্বলতা এবং অপরাধীদের দৌরাত্ম্য নিয়ে একাধিক চাঞ্চল্যকর প্রশ্ন তোলেন তিনি।

এনকাউন্টার নিয়ে বিস্ফোরক দাবি অভিষেকের

সাম্প্রতিক এনকাউন্টারগুলির প্রসঙ্গ টেনে অভিষেক সরাসরি প্রশ্ন তোলেন, এনকাউন্টার করে কি সত্যিই অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব? তাঁর কথায়, “এনকাউন্টারে অপরাধ খতম করা গেলে বাংলায় গত চার-পাঁচ মাসে ২৫০০ ধর্ষণ হল কী করে? কী করে ৬০০-র বেশি খুনের ঘটনা ঘটল? এনকাউন্টার যদি সমাধান হতো, পুলিশকে যদি ভয় পেত অপরাধীরা, তাহলে অপরাধীরা এত শক্তি ধরছে কী করে যে পুলিশে অস্ত্র ছিনিয়ে পালিয়ে যাচ্ছে? আমাদের ১৫ বছরের সরকারে তো এমন হয়নি! অন্য অবিজেপি রাজ্যেও এমন হয় না!”

পুলিশের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পুলিশ প্রশাসনের সমালোচনায় মুখ খুলে অভিষেক দাবি করেন, অপরাধীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নিচ্ছে এবং পুলিশের উপর গুলি চালানোর মতো ঘটনা ঘটছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের এই দুর্বল অবস্থার সুযোগ নিয়ে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা পাবেন? নিজের বাড়ির নিচের ঘটনার উদাহরণ দিয়ে তিনি জানান, বিজেপি কর্মীরা পুলিশকে চড় মারলেও সাত দিন পার হয়ে যাওয়ার পরও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাঁর প্রশ্ন, পুলিশ যদি নিজেকেই রক্ষা করতে না পারে, তবে সাধারণ মা-বোনদের নিরাপত্তা কোথায়?

বিচারব্যবস্থা ও এনকাউন্টার নিয়ে কড়া বার্তা

নিজের হাতে আইন তুলে নেওয়া এবং বিচারব্যবস্থাকে এড়িয়ে চলার তীব্র নিন্দা করেছেন অভিষেক। তিনি স্পষ্ট ভাষায় জানান, পুলিশ আত্মরক্ষার্থে প্রত্যাঘাত করতেই পারে, কিন্তু অভিযুক্তকে ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার মূল দায়িত্বও পুলিশেরই।

তাঁর মতে, “দেশে সংবিধান আছে, পুলিশ-প্রশাসন আছে। হঠাৎ করে চাইলাম আর এনকাউন্টার হয়ে গেল, তাহলে তো ইডি, সিবিআই, সিট বা পুলিশের প্রয়োজন থাকত না!” প্রসঙ্গত, নিজের নিরাপত্তা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও তিনি ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে সামগ্রিক পরিস্থিতির আইনি রেকর্ড রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে স্পষ্ট করে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *