ক্লাসরুমে শিক্ষকের কথায় ভেঙে পড়ছে আপনার সন্তান? অজান্তেই বুলিংয়ের শিকার হচ্ছে না তো!

স্কুল মানেই শিশুর কাছে দ্বিতীয় বাড়ি এবং শিক্ষকরা হলেন তার পথপ্রদর্শক। শাসনের মাধ্যমেই শিশুরা শৃঙ্খলা শেখে—এই ধারণাই বহু দশক ধরে আমাদের সমাজে প্রচলিত। কিন্তু আধুনিক শিক্ষা ও মনোবিজ্ঞান বলছে অন্য কথা। অনেক সময় স্নেহের আড়ালে বা শৃঙ্খলার নামে শিক্ষকের কিছু আচরণ শিশুর কোমল মনে গভীর ক্ষত তৈরি করে, যা স্পষ্টতই বুলিংয়ের শামিল। কিন্তু অভিভাবক হিসেবে আমরা কজনই বা তা খেয়াল রাখি?

বুলিং শব্দটির সঙ্গে সাধারণত সহপাঠী বা স্কুলের অন্য কোনো শিক্ষার্থীর নাম জড়িয়ে থাকে। কিন্তু যখন একজন শিক্ষক ক্লাসের সামনে কোনো শিক্ষার্থীকে অপমান করেন, ব্যঙ্গ করেন বা মানসিক চাপ সৃষ্টি করেন, তখন পরিস্থিতি আরও বেশি ভীতিজনক হয়ে ওঠে। কারণ শিক্ষক ক্ষমতার অবস্থানে থাকায় শিশু প্রতিবাদ করার সাহসটুকুও হারিয়ে ফেলে।

বিশেষজ্ঞদের মতে, শিক্ষকের কিছু নির্দিষ্ট আচরণ শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে:

১. সবার সামনে লজ্জা দেওয়া বা কটূক্তি করা: পড়াশোনায় পিছিয়ে পড়া বা কোনো ভুল করার কারণে ক্লাসের সবার সামনে শিক্ষার্থীকে নিয়ে হাসাহাসি করা কিংবা কটূক্তি করা মোটেও শিক্ষকসুলভ আচরণ নয়। এতে শিশুর আত্মবিশ্বাস চিরতরে ভেঙে যেতে পারে।

২. বৈষম্যমূলক আচরণ ও লেবেলিং: কোনো বিশেষ শিক্ষার্থীকে উদ্দেশ্যমূলকভাবে কম নম্বর দেওয়া, ক্লাসে কথা বলার সুযোগ না দেওয়া বা তাকে ‘অপারেগ্য’ বা ‘অলস’ বলে তকমাঁ লাগিয়ে দেওয়া একধরনের মানসিক নির্যাতন।

৩. মাত্রাতিরিক্ত ভয়ভীতি প্রদর্শন: ভয় দেখিয়ে পড়া আদায় করা বা সামান্য ভুলেও শারীরিক ও মানসিকভাবে অতিরিক্ত শাস্তি দেওয়ার ফলে শিশুর মনে স্কুলের প্রতি একধরনের ভীতি বা আতঙ্ক তৈরি হয়।

শিশুর মধ্যে হঠাৎ করে স্কুল যাওয়ার অনীহা, অতিরিক্ত কান্নাকাটি, অকারণে চুপচাপ হয়ে যাওয়া কিংবা পড়াশোনার প্রতি অনীহা দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। শিক্ষকের সঙ্গে খোলামেলা আলোচনা এবং সন্তানের মনের কথা শোনার মাধ্যমেই এই নীরব সংকট থেকে শিশুদের রক্ষা করা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *