“প্রায় তিন মাস হতে চলল…”-মুকুল রায়ের পুত্রবধূর খোঁজ মিলছে না কেন?

নেপালে মর্মান্তিক বিপর্যয়ের পর প্রায় তিন মাস কেটে গেলেও এখনও পর্যন্ত রাজ্যের হেভিওয়েট রাজনৈতিক নেতা মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায় (শর্মিষ্ঠা ভৌমিক রায়)-এর কোনো খোঁজ মেলেনি। এই দীর্ঘ সময়েও স্ত্রীর হদিশ না পেয়ে চরম মানসিক দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর স্বামী তথা প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। আন্তর্জাতিক জটিলতা ও প্রশাসনিক বেড়াজালে শুধু মুকুল রায়ের পরিবারই নয়, খড়্গপুর থেকে কলকাতা—নেপালে নিখোঁজ হওয়া বহু পরিবারের অন্দরেই এখন বইছে কান্নার রোল।

কলকাতার ‘চলো যাই’ নামক একটি পর্যটন সংস্থার উদ্যোগে গত ২১ অগস্ট ৩২ জনের একটি দল নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। সেই পর্যটকদলের প্রধান গন্তব্য ছিল পবিত্র মানসরোবর। পরিবার সূত্রে জানা যায়, শর্মিষ্ঠা রায় একাই ওই ট্যুরে অংশ নিয়েছিলেন। কিন্তু নেপালে হাড়হিম করা প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই তাঁর আর কোনো সন্ধান মিলছে না।

এর আগে স্বামী শুভ্রাংশু রায় আশাপ্রকাশ করেছিলেন যে, তাঁর স্ত্রী হয়তো সুস্থ অবস্থাতেই চিন-তিব্বত সীমান্তের কোনো একটি জায়গায় আটকে রয়েছেন। কিন্তু দীর্ঘ দু’মাস পেরিয়ে গেলেও সরকারি বা বেসরকারিভাবে কোনো সদর্থক খবর না মেলায় সেই আশাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। স্ত্রীর সন্ধান পেতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শর্মিষ্ঠার ছবি ও বিবরণ দিয়ে পোস্ট করছেন শুভ্রাংশু। এমনকী কোনো তথ্য পেলে সাধারণ মানুষের কাছে 9051377068 নম্বরে যোগাযোগ করার আকুল আর্জিও জানিয়েছেন তিনি।

শেষ কোথায় দেখা গিয়েছিল শর্মিষ্ঠাকে?

শুভ্রাংশুর শেয়ার করা তথ্য অনুযায়ী, গত ২৬ আগস্ট নেপালে যখন ভয়ংকর হড়পা বান আছড়ে পড়ে, ঠিক সেই দিনই সকাল পৌনে ৯টা নাগাদ তিব্বত সীমান্তের কাছে গিরং পোর্টের কাছাকাছি শেষবারের মতো দেখা গিয়েছিল শর্মিষ্ঠাকে। তারপর থেকেই তিনি সম্পূর্ণ নিখোঁজ।

আন্তর্জাতিক জট ও প্রশাসনিক জটিলতা

শুধু মুকুল রায়ের পরিবারই নয়, খড়্গপুর থেকে শিলিগুড়ি, বর্ধমান থেকে দুর্গাপুর কিংবা কলকাতা থেকে বাঁকুড়া—নেপালের পাহাড়ি বিপর্যয়ে নিখোঁজ হওয়া একাধিক পরিবারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। আন্তর্জাতিক আইন, কূটনৈতিক জটিলতা এবং নেপাল সরকারের কঠোর প্রশাসনিক নিয়মের বেড়াজালে আটকে পড়ে নিখোঁজ পর্যটক ও শ্রমিকদের পরিজনরা আজ চরম অনিশ্চয়তার মুখে।

যদিও সম্প্রতি রাজ্য প্রশাসনের তরফে নিখোঁজ পরিবারগুলির সঙ্গে বৈঠক করে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে, তবুও ভিন্‌ দেশে ঘটে যাওয়া এই বিপর্যয়ের জট কাটতে না পারায় ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েছেন স্বজনহারা মানুষগুলো। মুকুল রায়ের পুত্রবধূর নিখোঁজ রহস্যের প্রকৃত সত্য কবে সামনে আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *