২৬/১১ মুম্বাই হামলার মূলচক্রী তাহাউর রানার বড় চাল! এনআইএ-কে কী কড়া নির্দেশ দিল দিল্লির আদালত?

২৬/১১ মুম্বাই জঙ্গি হামলার অন্যতম মূলচক্রী তাহাউর হোসেন রানার মামলায় এবার বড়সড় আইনি মোড় সামনে এল। রানার আইনজীবীর করা একটি গুরুত্বপূর্ণ আবেদন সোমবার মঞ্জুর করেছে নয়াদিল্লির বিশেষ এনআইএ আদালত। তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দেওয়ার সময় যে সমস্ত নথিপত্র ব্যবহার করেনি বা চার্জশিটের বাইরে রেখেছে (unrelied documents), সেই নথিগুলোর তালিকা চেয়ে আদালতে আবেদন করেছিলেন রানার আইনজীবী। সেই আবেদনে সাড়া দিয়ে আদালত জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) আগামী দুই সপ্তাহের মধ্যে ওই নথিপত্রের তালিকা রানাকে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে।

কী পরিস্থিতি মামলাটির?বিশেষ এনআইএ বিচারক প্রশান্ত শর্মা এদিন তদন্তকারী সংস্থাকে এই দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেন। বর্তমানে ২৬/১১ হামলার এই মামলাটি চার্জ গঠনের যুক্তিতর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং সোমবার আদালতে কিছু নথিপত্র পেশও করা হয়েছে। অন্যদিকে, এই মামলায় আদালত নিযুক্ত অ্যামিকাস কিউরি আইনজীবী নিশান্ত সিং চার্জ গঠনের ওপর তাঁর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তিন সপ্তাহ সময় চেয়েছেন। সমস্ত দিক খতিয়ে দেখে আদালত আগামী ১৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণের পর থেকেই দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন রানা।

চিকিৎসা ও আইনের বই চেয়ে রানার আবেদন এর আগে গত ১৪ নভেম্বর আদালত তিহার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল যাতে বন্দি রানার সম্পূর্ণ চিকিৎসা নিশ্চিত করা হয় এবং দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ তাঁর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। মূলত কান-নাক-গলা (ইএনটি) এবং হাড় বা অর্থোপেডিক সংক্রান্ত শারীরিক সমস্যার কথা উল্লেখ করে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুধু তাই নয়, জেল ম্যানুয়াল মেনে রানাকে ক্রিমিনাল ল ম্যানুয়াল, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং এভিডেন্স অ্যাক্ট সহ বেশ কিছু আইনের বই দেওয়ার আবেদনও মঞ্জুর করেছে আদালত। এর পাশাপাশি আমেরিকার হেফাজতে থাকাকালীন তাঁর চিকিৎসার নথিপত্র সহ সম্পূর্ণ মেডিকেল রেকর্ডও চেয়ে পাঠিয়েছেন রানা।

২৬/১১ হামলার ভয়াবহ স্মৃতি ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে রানার এই মামলা। পাকিস্তানি জঙ্গি আজমল কাসাব এবং তার সঙ্গীরা সেদিন মুম্বাইয়ের রাস্তায় যে এলোপাথাড়ি গুলিবর্ষণ চালিয়েছিল, তাতে বহু সাধারণ মানুষ ও পুলিশ আধিকারিক প্রাণ হারিয়েছিলেন। রানার গ্রেপ্তারের পর এনআইএ-র দায়ের করা মূল চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিটের সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পরই এবার চার্জ গঠনের চূড়ান্ত প্রক্রিয়ার দিকে এগোচ্ছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *