কাটা আপেল কি সত্যি নষ্ট হয়ে যায়? রং বাদামি হওয়ার আসল রহস্য জানলে চমকে যাবেন!

আপেল (Apple) খেতে কে না ভালোবাসেন! কিন্তু এই ফলটি নিয়ে একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন প্রায় সবাই। ধরুন, স্কুলের টিফিন বা অফিসের স্ন্যাক্সের জন্য আপেল কেটে রাখলেন। কিন্তু কিছুক্ষণ বাদেই দেখলেন, সেই সাদা টুকরোগুলোগুলো কালচে বা বাদামি রঙের হয়ে গিয়েছে! দেখতে একেবারেই লোভনীয় লাগে না। আর তখনই মনে প্রশ্ন জাগে, আপেলটা কি তবে নষ্ট হয়ে গেল? এটা খাওয়া কি শরীরের পক্ষে ক্ষতিকর? চলুন, আজ এই বৈজ্ঞানিক রহস্যের সহজ জট খোলা যাক।

কেন রং বদলে বাদামি হয়ে যায় আপেল? এর নেপথ্যে রয়েছে ছোট্ট এক বিজ্ঞানের ম্যাজিক। আপেলের ভেতরে থাকে অসংখ্য ক্ষুদ্র কোষ। যখনই আমরা আপেল কাটি বা খোসা ছাড়িয়ে ফেলি, সেই কোষগুলোর দেওয়াল ভেঙে যায়। ফলে আপেলের কোষে থাকা বিশেষ এক ধরনের উপাদান সরাসরি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। তখনই শুরু হয় রাসায়নিক বিক্রিয়া বা ‘অক্সিডেশন’ (Oxidation) প্রক্রিয়া। সহজ কথায়, বাতাসের সঙ্গে আপেলের এই বিক্রিয়ার ফলেই তার গায়ে ধরে বাদামি আস্তরণ।

রং বদলালে কি আপেল নষ্ট হয়ে যায়? একদমই না! রং বাদামি হয়ে গিয়েছে মানেই কিন্তু আপেল নষ্ট হয়ে যায়নি। এটি কেবল বাতাসের কারসাজি। তবে হ্যাঁ, অনেকক্ষণ যদি কাটা আপেল খোলা হাওয়ায় ফেলে রাখা হয়, তবে তা না খাওয়াই ভালো। আপেল থেকে যদি দুর্গন্ধ বের হয়, হাত দিলে আঠালো ঠেকে বা ছত্রাক (মোল্ড) ধরে যায়, তবে বুঝবেন সেটি সত্যিই পচে গিয়েছে।

পুষ্টিগুণে কি কোনও ঘাটতি হয়? অনেকেরই ধারণা, আপেল বাদামি হলে বুঝি তার সমস্ত পুষ্টিগুণ শেষ হয়ে যায়। কিন্তু বিজ্ঞান বলছে, ব্যাপারটি একদমই তেমন নয়। গবেষণায় দেখা গিয়েছে, বাতাসের সংস্পর্শে আসার ফলে সামান্য পরিমাণে ভিটামিন সি কমতে পারে। কিন্তু আপেলের মূল সম্পদ হলো এর ফাইবার (আঁশ) ও পটাশিয়াম, যা পুরোপুরি অক্ষত থাকে।

কাটা আপেল সতেজ রাখার ৩টি সহজ উপায় আর কখনও কাটা আপেলের রং কালচে হবে না, যদি এই ছোট্ট ঘরোয়া ট্রিকগুলি কাজে লাগান:

  • লেবুর ম্যাজিক: আপেল কাটার পর টুকরোগুলোর ওপর সামান্য লেবুর রস ছড়িয়ে দিন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড আপেলকে কালচে হতে বাধা দেয়।

  • ঠান্ডা জলের স্নান: আপেল কেটে কিছুক্ষণ ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন। এরপর জল থেকে তুলে টিফিন বাক্সে ভরে নিন। বাতাসের অক্সিজেন আর আপেলের সংস্পর্শে আসতে পারবে না।

  • এয়ার টাইট বাক্স: সবচেয়ে সহজ উপায় হলো, আপেল কেটে সঙ্গে সঙ্গে একটি এয়ার টাইট বাক্সে ভরে সংরক্ষণ করা। এতে আপেল অনেকক্ষণ তরতাজা থাকে।

তাই এবার থেকে আপেলের টুকরো বাদামি হয়ে গেলে ভয়ের বা ঘাবড়ানোর কোনও কারণ নেই। জাস্ট এই সহজ পদ্ধতিগুলো মেনে চলুন আর ভরপুর পুষ্টি উপভোগ করুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *