‘আমার সবথেকে পছন্দের মানুষ…’, জন্মদিনে সাহেবকে এ কী লিখলেন সুস্মিতা দে?

টলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় জুটি সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। ১৭ নভেম্বর ৪১ বছরে পা দিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। আর বিশেষ এই দিনে বিশেষ বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ রোমান্টিক ছবি শেয়ার করেছেন সুস্মিতা। আর তাতেই হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, কোথাও তাঁরা নদীর ধারে পাশাপাশি বসে রয়েছেন, কোথাও আবার সাহেবের চোখের দিকে তাকিয়ে ভালোবাসায় বুঁদ হয়ে রয়েছেন সুস্মিতা, সঙ্গে রয়েছে মিষ্টি মিরর সেলফিও। ছবিগুলির ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার সবথেকে পছন্দের বৃশ্চিক রাশির মানুষ। তোমার সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোও বিশেষ মনে হয়। তুমিই আমাকে সাহস দাও কিছু করার, এগিয়ে যাওয়ার। জীবনকে আমার ভাবনার থেকেও আরও বেশি সুন্দর করে তোলো।’

‘তুমি আমার লাইফলাইন’, জন্মদিনের আদুরে বার্তায় সম্পর্কের গুঞ্জন উস্কে দিলেন সাহেব!

সুস্মিতার এই মিষ্টি পোস্ট নজর এড়ায়নি খোদ জন্মদিনের নায়কের। অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সে সাহেব লিখেছেন, ‘তুমি আমার শক্তি, আমার সাপোর্ট, আমার লাইফলাইন। তোমার সঙ্গে জীবন সুন্দর।’ শুধু তাই নয়, রোহন ভট্টাচার্য সহ ইন্ডাস্ট্রির বহু তারকা এবং অনুরাগীরাও সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-য় প্রথমবার একসঙ্গে কাজ করেন সাহেব ও সুস্মিতা। সেই সেট থেকেই তাঁদের আলাপ, বন্ধুত্ব এবং পরে তা বিশেষ সম্পর্কে রূপ নেয়। বর্তমানে বিভিন্ন ইভেন্ট বা ছুটি কাটানোর সময়েও তাঁদের নিয়মিত একসঙ্গে দেখা যায়। টলিউডের অন্দরে জোর গুঞ্জন, খুব শীঘ্রই হয়তো পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁরা।

বর্তমানে সাহেব ভট্টাচার্যকে ‘গঙ্গা’ এবং সুস্মিতা দে-কে ‘তিলোত্তমা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *